প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং সহিংসতা প্রতিরোধের উদ্দেশ্যে নগরীর পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে তারা মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করেন। পরে রাতের বিভিন্ন সময়ে তারা গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অবস্থান নিয়ে পাহারা দেন।
মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃত্বে নেতাকর্মীরা এ পাহারা কর্মসূচি পালন করেছেন। তিনি আরও জানান, নগরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা সংগঠিতভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং গুরুত্বপূর্ণ মোড়ে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। তিনি বলেন, অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির এক সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরীর ৩১টি ওয়ার্ড এবং তিনটি ইউনিয়নে প্রতিবাদ মিছিল, পাড়া-মহল্লায় শৃঙ্খলা টিম গঠন এবং গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার পরিকল্পনা করা হয়।
এছাড়া, নগরীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে এ সেল পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা দেবে।
দলীয় নেতারা জানিয়েছেন, সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাই এসব কর্মসূচির লক্ষ্য। একই সঙ্গে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন