বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:২০ এম
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্ব) সৌদির রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাপ্রধান।
এই বৈঠকটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের মধ্যে আলোচনা থমকে রয়েছে।
এদিকে, সৌদি আরব এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠককে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দুপুরের তুলনায় সকালে ঘুমানোর অভ্যাস বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকির সাথে অধিক সম্পর্কিত হতে পারে। গবেষণায় দেখা গেছে, দিনের বেলা যত বেশি সময় ও যতবার ঘুমানো হয়, মৃত্যুর ঝুঁকিও তত বাড়তে পারে। এই তথ্য উঠে এসেছে দীর্ঘ ১৯ বছর ধরে চলা একটি গবেষণায়।
যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহাম ও রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকরা ১ হাজার ৩৩৮ জন বয়স্ক ব্যক্তির ঘুমের অভ্যাস বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছেন। গত ১৬ নভেম্বর ‘জামা নেটওয়ার্ক ওপেন’ সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, দিনের বেলা ঘুমানোর সময় প্রতি এক ঘণ্টা বাড়লে মৃত্যুর ঝুঁকি ১৩ শতাংশ বেড়ে যায়। একইভাবে, প্রতিদিন ঘুমানোর সংখ্যা বাড়ানোর সাথে সাথে মৃত্যুর ঝুঁকি ৭ শতাংশ বৃদ্ধি পায়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যারা নিয়মিত সকালে ঘুমান, তাদের মৃত্যুর ঝুঁকি বিকেলে ঘুমানো ব্যক্তিদের তুলনায় ৩০ শতাংশ বেশি।
গবেষকেরা তবে প্রতিদিন ঘুমানোর সময়ের অনিয়মের সাথে মৃত্যুর ঝুঁকি বাড়ার কোনো সম্পর্ক খুঁজে পাননি। অর্থাৎ, একেক দিন একেক সময়ে ঘুমানোর কারণে মৃত্যুর ঝুঁকি বাড়ে—এমন প্রমাণ পাওয়া যায়নি।
যেভাবে করা হয়েছে গবেষণা
গবেষণার জন্য ১৯৯৭ সালে শুরু হওয়া ‘রাশ মেমোরি অ্যান্ড এজিং প্রজেক্ট’-এর তথ্য ব্যবহার করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি, চিন্তাভাবনার সক্ষমতা এবং স্নায়বিক অবক্ষয় পর্যবেক্ষণ করা।
২০০৫ সাল থেকে গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের টানা ১০ দিন হাতে বিশেষ অ্যাক্টিভিটি মনিটর পরানো হয়। এর মাধ্যমে তাদের বিশ্রাম ও চলাফেরার সময় রেকর্ড করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে দিনের বেলা ঘুমানোর সময়, সংখ্যা, সময়সূচি এবং প্রতিদিনের পরিবর্তন পর্যবেক্ষণ করেন গবেষকেরা।
পরবর্তী সময়ে ২০২৫ সাল পর্যন্ত সর্বোচ্চ ১৯ বছরের মৃত্যুর তথ্যের সাথে ঘুমের এসব অভ্যাস মিলিয়ে দেখা হয়।
গবেষণার প্রধান লেখক চেনলু গাও বলেন, আগের অনেক গবেষণায় অংশগ্রহণকারীদের নিজেদের স্মৃতির ওপর নির্ভর করে ঘুমের অভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতো। ফলে কখন ঘুমানো হচ্ছে এবং ঘুমের সময়সূচিতে কতটা ধারাবাহিকতা রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় বাদ পড়ে যেত।
বেশি ঘুম কি অসুস্থতার লক্ষণ?
গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণায় দিনের বেলা ঘুমানোর অভ্যাসের সাথে মৃত্যুর ঝুঁকির সম্পর্ক পাওয়া গেলেও, ঘুম নিজেই অকালমৃত্যুর কারণ—এমন প্রমাণ পাওয়া যায়নি।
বরং অতিরিক্ত ঘুমের পেছনে আগে থেকেই থাকা কোনো শারীরিক অসুস্থতা, দীর্ঘমেয়াদি রোগ, ঘুমের সমস্যা কিংবা শরীরের স্বাভাবিক ঘুম ও জাগরণের চক্রে বিঘ্ন কাজ করতে পারে।
চেনলু গাওয়ের মতে, দিনের বেলা ঘুমের সময় ও ধরন নিয়মিত পর্যবেক্ষণ করা গেলে স্বাস্থ্যকর্মীরা সম্ভাব্য শারীরিক সমস্যার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারবেন।
গবেষকদের ধারণা, ভবিষ্যতে স্মার্টওয়াচসহ বিভিন্ন পরিধানযোগ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের ঘুমের অভ্যাস পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। এতে বয়স্ক ব্যক্তিদের ঘুমের ধরনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসা মূল্যায়নের ব্যবস্থা নেওয়া যাবে।
তবে দিনের বেলা ঘুমের অভ্যাসের মাধ্যমে নির্দিষ্ট কোনো রোগ কতটা নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব, তা জানতে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা।
সূত্র: সামা টিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে থানার প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই নিক্ষেপকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, গত ৯ নভেম্বর রাতেও থানার সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। আবারও একই স্থানে আজ ককটেল বোমা ফাটল। থানার মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে বারবার এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। যেখানে পুলিশকে লক্ষ্য করে বারবার হামলার ঘটনা ঘটছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, ‘মূলত জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীতে আজ ভোর থেকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফলে সকাল থেকেই আবহাওয়ায় শীতলতার অনুভূতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় আবহাওয়া অফিস আগামী ৬ ঘণ্টার পূর্বাভাস প্রদান করেছে।
এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও আশপাশের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ২০১৮ সালের কেপটাউন টেস্টে ঘটে যাওয়া স্যান্ডপেপার-কাণ্ড সম্পর্কে নতুন করে মন্তব্য করেছেন। তার মতে, বল বিকৃতির বিষয়টি শুধু তিনি, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার জানতেন না, বরং দক্ষিণ আফ্রিকা সফরের সময় পুরো দলই এ সম্পর্কে অবগত ছিল।
ব্যানক্রফট অভিযোগ করেছেন যে, দলের বোলারদের সঙ্গে বলের অবস্থা ও রিভার্স সুইং নিয়ে নিয়মিত আলোচনা হতো। এমনকি প্রধান কোচ ও বোলিং কোচের উপস্থিতিতেও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।
তিনি বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি লেখায় এসব দাবি করেছেন। ব্যানক্রফট জানিয়েছেন, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের সময় তিনি পুরো সত্য প্রকাশ করেননি। দলের অন্যদের জড়ানো এড়াতে তিনি বল বিকৃতি কখন শুরু হয়েছিল, কত দিন চলেছিল এবং কারা এতে জড়িত ছিল এসব তথ্য গোপন রেখেছিলেন।
তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ব্যানক্রফট। সংবাদ সম্মেলনে কামিন্স দাবি করেছিলেন, কেপটাউনে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিংবা দলের অন্য বোলাররা কিছুই জানতেন না।
কামিন্সের বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্যানক্রফট লিখেছেন, ‘এতে আমি ক্ষুব্ধ, প্রতারিত ও একা বোধ করেছি। দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, অনুভব করেছি এবং যার মধ্য দিয়ে গেছি, কামিন্সের সংবাদ সম্মেলনের বক্তব্য তার সঙ্গে মেলে না।’
ব্যানক্রফটের দাবি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে বলের রিভার্স সুইং নিয়ে নিয়মিত আলোচনা হতো। প্রধান কোচ ড্যারেন লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারের উপস্থিতিতেও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।
ব্যানক্রফট দাবি করেছেন যে, স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব প্রথম ডেভিড ওয়ার্নার দিয়েছিলেন। তবে ক্যামেরার নজরে থাকার কারণে নিজে এই কাজ করতে চাননি ওয়ার্নার। শেষ পর্যন্ত কেপটাউন টেস্টে বল বিকৃতির সময় ক্যামেরায় ধরা পড়েন ব্যানক্রফট।
এই ঘটনায় ব্যানক্রফটকে ৯ মাস এবং স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাস করে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিজের ক্যারিয়ারের ক্ষতির কথাও তুলে ধরেছেন ব্যানক্রফট। তার ভাষায়, ‘আমার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকার পর থেকে দেশের হয়ে আর খেলতে পারিনি। তবে অসম্পূর্ণ একটি সত্যকে আড়াল করে রাখা এখন সত্য বলার চেয়ে বেশি ক্ষতিকর মনে হচ্ছে।’
এদিকে ব্যানক্রফটের নতুন বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটি জানিয়েছে, ২০১৮ সালের ঘটনা নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনার জন্য গঠিত ফোরামের কার্যক্রম শিগগিরই শুরু হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ