ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন ১৩৮ শতাংশ বৃদ্ধি


সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন ১৩৮ শতাংশ বৃদ্ধি

জাতীয় বেতন স্কেলের আওতায় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এটি ২১ হাজার ৪০০ টাকায় নির্ধারিত হয়েছে। নতুন কাঠামোর অধীনে এই বেতন ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকায় উন্নীত হবে। বাহিনীপ্রধানদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা হয়।

গেজেট পর্যালোচনায় দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকায় উন্নীত হয়েছে। ফলে বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৭২ হাজার টাকায় পৌঁছেছে। ১০ বছর আগে জারি করা জেএসআই ০১/২০১৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণ করা হতো। এবারও মূলত একই পদ্ধতি অনুসরণ করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার বেশি হলেও কিছু মহল বেতনবৈষম্যের বিষয়টি সামনে এনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। সামাজিক মাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তবে নতুন নির্দেশনায় আগের বেতন কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, জনপ্রশাসনসহ দেশের বিভিন্ন খাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তাদের বেতনের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। সেই কাঠামোগত বাস্তবতা বিবেচনায় রেখেই বিভিন্ন সময়ে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

যৌথ বাহিনী নির্দেশাবলি অনুযায়ী, নতুন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে, যা ১০২ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি। অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে ৫০ শতাংশ। তবে সশস্ত্র বাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতা বৃদ্ধির হার নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

আরও পড়ুন: পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ

সংশ্লিষ্টদের দাবি, সন্তোষজনক হারে ভাতা বাড়ানো হয়েছে। পাশাপাশি চারটি নতুন ভাতা সংযোজন করা হয়েছে, যা সদস্যদের আর্থিক সুবিধা বাড়াবে।

অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

এদিকে হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেল, শ্রেণিবৈষম্য এবং কাঠামোগত পার্থক্য নিয়ে সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের দীর্ঘদিনের কিছু দাবিও রয়েছে। এসব দাবি ও অসামঞ্জস্যতা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সমাধান হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি হলেন মো. আনোয়ারুল ইসলাম

বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে কোনো কর্মচারী পদোন্নতি কিংবা সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেলে সরাসরি পরবর্তী গ্রেডের পূর্ণ ভার্টিক্যাল পে-স্কেলে প্রবেশের সুযোগ পান। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়ি-ভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। কিন্তু সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। ফলে পদোন্নতি না পেলে একই পদে থেকে ১৯-২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির ধাপের ওপর নির্ভর করতে হয়। এতে দীর্ঘদিন একই পদে কর্মরত সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা (জেসিও) আর্থিকভাবে তুলনামূলক পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের ভার্টিক্যাল পে-স্কেলের সঙ্গে তাদের বেতন কাঠামোর সমন্বয় নেই বলেও দাবি উঠেছে।

এ বিষয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার কাঠামো ও কমান্ড পিরামিড বেসামরিক প্রশাসনের তুলনায় ভিন্ন। বাহিনীর শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখতে শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না পেলেও যাতে কোনো সৈনিক বা জেসিওর বেতন স্থবির হয়ে না পড়ে, সে জন্য ১৯-২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে। এর ফলে একজন সৈনিক একই পদে থেকেও ২১ হাজার ৪০০ টাকা থেকে পর্যায়ক্রমে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন।

অন্যদিকে, অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন, চারটি ফ্লাইট দিয়ে শুরু: বিমানমন্ত্রী

দীর্ঘদিনের এসব অসামঞ্জস্যতা নিরসনে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল প্রবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যমান বেতন কাঠামোর বিভিন্ন অসংগতি ও সদস্যদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের লক্ষ্যে একটি সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ তিন নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


পাবনায় ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ তিন নেতা গ্রেফতার

পাবনার চাটমোহর এলাকায় পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে চাটমোহর থানা পুলিশের সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং ছাত্রলীগ কর্মী বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম রয়েছেন।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা হরিপুর ও গুনাইগাছা এলাকায় অবস্থান করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় হরিপুর বুড়িপাড়া এলাকা থেকে হুমায়ূনকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল ও রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণের দামে বাংলাদেশের চেয়ে সস্তা ৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


স্বর্ণের দামে বাংলাদেশের চেয়ে সস্তা ৭ দেশ

বিদেশে স্বর্ণ কেনার ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় বেশ কিছু দেশে কম খরচের সুযোগ রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, হংকং ও সিঙ্গাপুরের মতো বাজারে করব্যবস্থা, ব্যবসায়িক প্রতিযোগিতা এবং সরবরাহব্যবস্থার কারণে স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হতে পারে।

তবে সব দেশে একই মানের স্বর্ণের দাম সমান নয়। স্থানীয় কর, গয়না তৈরির মজুরি ও মুদ্রার বিনিময় হারের কারণে চূড়ান্ত দামে পার্থক্য তৈরি হয়। বাংলাদেশে আজ রোববার ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

একই দিন দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ৩৯৫ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৬ হাজার ৪১৯ টাকা। প্রায় ৪০ হাজার টাকা কম। দুবাইয়ের মতো আরও কিছু দেশ আছে, যেখানে স্বর্ণ মেলে সস্তায়।

সংযুক্ত আরব আমিরাত

স্বর্ণ কেনার জন্য বিশ্বের অন্যতম পরিচিত গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এখানে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কম দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

হংকং

হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর নেই। এ কারণে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদরের অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।

সুইজারল্যান্ড

বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট নেই সুইজারল্যান্ডে। ফলে আন্তর্জাতিক বাজারের দামের কাছাকাছি স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ১২২ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট রয়েছে।

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম এখানেও ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণভাবে কোনো কেন্দ্রীয় বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর প্রযোজ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৬৮ টাকা।

জার্মানি

জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

তবে কোনো দেশে স্বর্ণের দাম কম হলেই সেখানে গিয়ে কেনা লাভজনক হবে, এমন নয়। আন্তর্জাতিক বাজারদর, স্থানীয় কর, গয়না তৈরির মজুরি, মুদ্রার বিনিময় হার এবং নিজ দেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক—সবকিছু হিসাব করা প্রয়োজন। সেই হিসেবে দাম কম মনে হলেও দেশে আনার ক্ষেত্রে তা বেড়ে যেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিয়াটল বিমানবন্দরে দুই যাত্রীকে আটক করায় আইসিইর বিরুদ্ধে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


সিয়াটল বিমানবন্দরে দুই যাত্রীকে আটক করায় আইসিইর বিরুদ্ধে বিতর্ক

যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার সময় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) দুই যাত্রীকে টেনেহিঁচড়ে আটক করেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওঠার পূর্বে জেট ব্রিজে এই অভিযানটি পরিচালিত হয়। এই ঘটনার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, আটককৃত দুইজন হলেন রিকার্ডো লাররন্দো মেন্দোজা ও সোফিয়া হার্নান্দেজ মেহিয়া। আইসিইর দাবি, মেক্সিকোর নাগরিক মেন্দোজা যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও। তাঁকে আটক করার উদ্দেশ্যে সংস্থাটি এই অভিযান পরিচালনা করে।

আইসিইর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অভিযানের সময় আরেক যাত্রী সোফিয়া হার্নান্ডেজ মেহিয়া কর্মকর্তাদের দিকে গরম কফি ছুড়ে মারেন। পরে তাঁকেও আটক করা হয়। সংস্থাটির দাবি, মেহিয়াও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন ভিসার মেয়াদ শেষ হওয়ার পর। তাঁর বিরুদ্ধে এক ফেডারেল কর্মকর্তাকে আক্রমণের অভিযোগে মামলা হতে পারে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মুখ ঢাকা পোশাকধারী কর্মকর্তাদের একজনকে জেট ব্রিজ থেকে এক যাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়। এ সময় এক নারী চিৎকার করে বলতে শোনা যায়, তাঁর মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাঁর কাজের অনুমতিপত্র রয়েছে। তবে ওই নারীর সঙ্গে আটক ব্যক্তিদের সম্পর্ক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইট ১৩০৬ স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে যাত্রা করার কথা ছিল। কিন্তু অভিযানের কারণে ফ্লাইটটি বিলম্বিত হয় এবং পরে স্থানীয় সময় সকাল ১১টার দিকে উড়োজাহাজটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। অনেক যাত্রীকে অন্য ফ্লাইটে পাঠানো হয়।

আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, আইসিইর অভিযান সম্পর্কে তাদের আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। যাত্রী এবং কর্মীদের জন্য ঘটনাটি উদ্বেগজনক ছিল বলে সংস্থাটি উল্লেখ করেছে এবং বিমানবন্দর পরিচালনাকারী পোর্ট অব সিয়াটলের সঙ্গে মিলে তারা খতিয়ে দেখছে, এ ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও সমন্বয়প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না।

পোর্ট অব সিয়াটলও এই ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে অভিবাসনসংক্রান্ত অভিযান তাদের অংশগ্রহণ বা আগাম অবগতির বাইরে পরিচালিত হয়। তারা কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে যাতে কী ঘটেছে এবং কোনো প্রটোকল লঙ্ঘন হয়েছে কি না তা জানা যায়।

ঘটনার নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। তিনি আইসিইর কর্মকাণ্ডকে ‘গভীরভাবে অমার্কিন’ বলে মন্তব্য করেছেন এবং সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিডিওটি ভয়াবহ ও উদ্বেগজনক। তিনি আরও জানান, বিমানবন্দরের জেট ব্রিজে আইসিই কর্মকর্তারা কীভাবে প্রবেশ করলেন, তা খতিয়ে দেখছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখ ঢাকার বিষয়ে গত মার্চে স্বাক্ষরিত অঙ্গরাজ্যের একটি আইন লঙ্ঘিত হয়েছে কি না, সেটিও পর্যালোচনা করছেন ফার্গুসন।

ওয়াশিংটন স্টেট লেবার কাউন্সিলের সভাপতি এপ্রিল সিমসও অভিযানের সমালোচনা করেছেন। তাঁর ভাষ্য, ওই ফ্লাইটে শ্রমিক সংগঠনের সদস্যরাও ছিলেন। বছরের ব্যস্ততম ভ্রমণসময়ের মধ্যে এমন অভিযান যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের মধ্যে ভয় এবং বিশৃঙ্খলা তৈরি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিকৃবিতে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


সিকৃবিতে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

জাতীয়তাবাদী পরিবার এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।

মানববন্ধনে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হকের সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার, ইউট্যাব সিকৃবির সভাপতি প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, প্রফেসর ড. সুলতান আহমেদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ, কর্মচারী পরিষদের প্রতিনিধি মো. আবু সাইদ এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রব্বানী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, "ফ্যাসিজম গত ১৭ বছর ছিল। তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এ দেশে ফ্যাসিজম কায়েম করেছিল।"

তিনি আরও বলেন, "সেই পলাতক ফ্যাসিস্টরা আবারও স্বপ্ন দেখছে দেশে অগ্নিসন্ত্রাস, হত্যা ও গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় এসে এই দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।"

এ সময় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

তিনি বলেন, "ফ্যাসিজম আর ফিরে আসবে না, যারা পালিয়ে গেছে, তারা আর ফিরতে পারবে না।" আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে এসব অপশক্তির মোকাবিলা করব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%