১০:২০ পি.এম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস)।
সংগঠনটি জানিয়েছে, চার দিনের মধ্যে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষিতে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।
বুধবার (১১ নভেম্বর) এইচআরডিএসের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই দিনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের দপ্তর সম্পাদক মো. তারিফ আহাম্মেদ তুহিন স্বাক্ষরিত একটি পৃথক বিবৃতিতে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সাত দফা দাবি তোলা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইচআরডিএসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ এবং রাজনৈতিক কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। ১১ নভেম্বর প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, চার দিনে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ এবং ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বিবৃতিতে ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসচালক মো. কালাচাঁদ (৫০) নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর সন্ধ্যায় টিএসসি, সিনেট ভবন, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর ও নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে।
পরদিন ৯ নভেম্বর টিএসসি ও মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আবারও বিস্ফোরণ ঘটে। সর্বশেষ ১০ নভেম্বর দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন গাড়িচালক গুরুতর আহত হন, চিকিৎসা নিতে হয় আরেক শিক্ষার্থীকে এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন
বিবৃতিতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণ ও বিস্ফোরক নিক্ষেপকে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বিশেষ করে দিনের বেলায় একাডেমিক ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও চলাচলের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্যাম্পাসে কীভাবে বিস্ফোরক প্রবেশ ও নিক্ষেপ করা হচ্ছে এবং তা প্রতিরোধে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা দাবি করেছে সংগঠনটি।
এছাড়া বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের আটকের পর মারধরের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডিএস।
বিবৃতিতে বলা হয়েছে, অপরাধে জড়িত থাকার সন্দেহে কাউকে আটক করা হলেও তার ওপর নির্যাতন বা গণপিটুনি গ্রহণযোগ্য নয়। প্রত্যেকের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
দেশজুড়ে সহিংসতা বন্ধে এইচআরডিএস আট দফা আহ্বান জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা, ফরিদপুরে নিহত বাসচালক কালাচাঁদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, তার পরিবারকে ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং জনপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, রেলস্টেশন ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের দাবিতে দুই পোশাক কারখানা বন্ধ
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাত দফা দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে সাম্প্রতিক সব বিস্ফোরণের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারীদের শনাক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো অবহেলা বা দায়িত্বহীনতা ছিল কি না, তা খতিয়ে দেখা। পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং নিয়মিত নিরাপত্তা টহল নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
দেশজুড়ে নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা, অর্থায়ন এবং অনলাইনে নির্দেশনা দেওয়ার অভিযোগের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন