১০:২২ পি.এম
ঢালিউডে অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি অর্জন করেছেন অভিনেতা বাপ্পারাজ। কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের পুত্র হিসেবে পরিচিত হলেও, তিনি নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বাবার পরিচয়ের বাইরে গিয়ে।
পর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিগত জীবনেও রয়েছে এক প্রেমের কাহিনী, যা সিনেমার মতোই। ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য পরিবারের বাধা অতিক্রম করে পালিয়ে গিয়েছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত বাবার লোকজনের হাতে ধরা পড়েন বাপ্পারাজ। নায়করাজ রাজ্জাকের সহযোগিতায় ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ ঘটে তার।
আরও পড়ুন: বিটিএসের জিমিন ভেবে প্রেমে প্রতারণায় ৫২ হাজার ডলার সর্বস্বান্ত ভক্ত নারী
এরপর তিনি একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করেন। ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’ সিনেমাগুলোর পাশাপাশি ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ চলচ্চিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।
তবে অভিনয়জীবনের বাইরেও বাপ্পারাজের প্রেম ও বিয়ের কাহিনী বেশ আকর্ষণীয়। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের সেই অধ্যায় সম্পর্কে আলোচনা করেন।
ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাইলেও পরিবারের সম্মতি পাননি বাপ্পারাজ। শেষ পর্যন্ত পরিবারের অমতে তিনি পালিয়ে যান। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে সম্পন্ন করেন তারা।
সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বাপ্পারাজ বলেন, "সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।"
আরও পড়ুন: রুহুল আমিন ভূঁইয়া পেলেন গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড
উল্লেখ্য, অভিনয়জীবনে বাপ্পারাজের ব্যর্থ প্রেমিক চরিত্রে বিশেষ পরিচিতি রয়েছে। বিশেষ করে ‘চাচা হেনা কোথায়’ সিনেমার চরিত্রটি দর্শকদের মাঝে এখনও আলোচিত। বাস্তব জীবনে তার প্রেমের গল্পের পরিণতি সুখের দিকে গড়িয়েছে। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা, এবং তার দুই মেয়ে বিবাহিত। ফলে তাদের অভিনয়ে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন