বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৫ এম
দেশের সাধারণ মানুষ নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে দিশেহারা হয়ে পড়েছে। খাদ্য মূল্যস্ফীতির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ১৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। শহরের ক্ষেত্রে এই হার ১৪ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে। কিন্তু দেশের মানুষের মজুরি বৃদ্ধির হার অত্যন্ত কম, যা মাত্র ৮ দশমিক ১০ শতাংশে উন্নীত হয়েছে। এর ফলে বর্তমানে মূল্যস্ফীতির হার মজুরির তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে, মজুরি বেড়েছে মাত্র দশমিক ০৩ শতাংশ। ফলে সাধারণ মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে ঘাটতি আরও বৃদ্ধি পাচ্ছে।
নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরে ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৯২ এবং আগস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ। জুলাইয়ে এটি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গত নভেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৩৮ শতাংশ ছিল। অক্টোবরে এটি ১০ দশমিক ৮৭ শতাংশে ছিল। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে। খাদ্যপণ্যের উৎপাদন ও সরবরাহের ভর মৌসুমে খাদ্যবহির্ভূত পণ্যের তুলনায় খাদ্যপণ্যের দাম বেশি বৃদ্ধি পাচ্ছে। ফলে খাদ্যবহির্ভূত খাতের তুলনায় খাদ্য মূল্যস্ফীতির হারও বেশি বেড়েছে।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত বছরের নভেম্বরের তুলনায় এই নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। যদিও সাধারণত শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির হার বেশি থাকে, তবে এবার শহরের তুলনায় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সূত্র জানায়, বাজারে খাদ্যদ্রব্যের সরবরাহ যথেষ্ট থাকলেও বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে দাম কমছে না। সরকারও বাজার ব্যবস্থাপনার ত্রুটির সমাধান করতে পারছে না। ফলে পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। পণ্যের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির হারও বাড়ছে। বৈশ্বিক মন্দার পর থেকে ২০২২ সালের আগস্ট থেকে মূল্যস্ফীতির হার ৯ শতাংশ অতিক্রম করেছে এবং বর্তমানে তা ৯ শতাংশের উপরে রয়েছে।
গত জুলাইয়ে মূল্যস্ফীতির হার ডবল ডিজিটে পৌঁছেছিল। আগস্টে তা কিছুটা কমে ডাবল ডিজিটের সামান্য নিচে নেমে আসলেও এখন আবার দুই মাস ধরে ডাবল ডিজিটের উপরে রয়েছে। বৈশ্বিকভাবে ২০২২ সালের শুরু থেকে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। মূল্যস্ফীতির হার কমাতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশ ঋণের সুদের হার বৃদ্ধি করেছে। তবে ব্যয় নিয়ন্ত্রণ ও মানুষের ভোগের রাশ টেনে ধরার পদক্ষেপের ফলে অনেক দেশে মূল্যস্ফীতির হার কমেছে। কিন্তু বাংলাদেশে এখনও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির হার বিদ্যমান।
সূত্র আরো জানায়, দেশের বাজার ব্যবস্থায় কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো কার্যকর হয়নি। ভোক্তা অধিকার অধিদপ্তর কয়েকজন পুলিশ নিয়ে বাজারে গেলে বাজার মনিটরিং করা হয় না। বরং নিত্যপণের মূল্যের শৃঙ্খলা ঠিক করা জরুরি। উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত অনেক ধাপ রয়েছে। সরকারের উচিত সমস্যা কোথায় খুঁজে বের করা এবং কারা কারসাজি করছে তা বের করা। অন্যদিকে, বাজার স্থিতিশীল করতে সঠিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
গত জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর আগস্ট-সেপ্টেম্বরে তা কিছুটা কমে আসে। কিন্তু অক্টোবর থেকে আবার বাড়তে থাকে। ওই ধারায় নভেম্বরেও বেড়েছে। নভেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে ১৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরে ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে নভেম্বরে ৯ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা অক্টোবরে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ। অথচ মানুষ জীবনধারণে খাদ্য খাতে মোট ব্যয়ের ৫৮ শতাংশই খরচ করে। বাকি ৪২ শতাংশ খাদ্যবহির্ভূত খাতে খরচ করে। সাম্প্রতিক সময়ে মানুষের খরচ যেভাবে বেড়েছে, সেভাবে আয় বাড়েনি। ফলে মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে।
এদিকে গ্রামে খাদ্যপণ্যের সবই উৎপাদন হয়। কিন্তু গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার বেশি। অর্থাৎ যেখানে খাদ্যের উৎপাদন বেশি, সেখানেও দাম বেশি। এই উল্টো চিত্র বাজার ব্যবস্থাপনার অস্থিতিশীলতার প্রমাণ দেয়। ফলে উৎপাদনস্থলে দাম বেশি পড়ছে। তবে গ্রামের মানুষ খাদ্যবহির্ভূত পণ্য ভোগ কম করে। এই কারণে গ্রামে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। আগে গ্রামেও এ খাতে মূল্যস্ফীতির হার বেশি ছিল। ফলে বর্তমানে পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে গ্রামের মানুষের খাদ্যবহির্ভূত পণ্য ভোগের সক্ষমতা কমেছে। শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে, যা অক্টোবরে ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে ১৪ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরে ছিল ১২ দশমিক ৫৩ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩১ শতাংশে দাঁড়িয়েছে, যা অক্টোবরে ছিল ৯ দশমিক শূন্য ৬। শহরে খাদ্য ও খাদ্যবহির্ভূত সব খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে। তবে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধি অস্বাভাবিক। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বলেছেন, মূল্যস্ফীতির হার এখন বেশি হলেও তা ধীরে ধীরে কমে যাবে। আগামী জুনের মধ্যে এ হার ৭ শতাংশের মধ্যে নেমে আসবে। আগে মূল্যস্ফীতির তথ্য গোপন করা হতো। এখন প্রকৃত তথ্য প্রকাশ করা হচ্ছে। এজন্য এ হার বাড়ছে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন, সাম্প্রতিক সময়ে তিন দফা বন্যার কারণে খাদ্যের উৎপাদন কমেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রোববার, রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন, বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে ফোকাল পয়েন্টে পরিণত হয়েছে। এই পরিবর্তনের ফলে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকায় বড় বড় শক্তির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বর্তমানে এটি সহয়োগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে।
তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে, মিয়ানমারে ফেরত পাঠাতে বঙ্গোপসাগরের পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগর যেন দ্বন্দ্ব-সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়ে সহয়োগিতার কেন্দ্র হয়ে ওঠে, সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদিও বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন নয়, তবে এটি ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভূমি, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে রোববার (২২ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের ইন্তেকালে সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, এই উপলক্ষে সোমবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মরহুমের রূহের মাগফিরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৮৩ বছর।
বর্তমানে তার মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে। হাসান আরিফের মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ গ্রহণ করেন হাসান আরিফ। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর কৃষক দলের নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। এই কমিটিটি কিশোরগঞ্জ কৃষক দলের সভাপতি এডভোকেট মাজাহারুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ উবায়দুল্লাহ উবায়েদ এর স্বাক্ষর দ্বারা অনুমোদিত হয়েছে।
নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ সোহেল মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে শামীম মিয়া, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনির হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে আকাশ এবং দপ্তর সম্পাদক হিসেবে চাঁন মিয়া দায়িত্ব পালন করবেন। মোট ৪১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নেই। এই উপজেলাগুলি হচ্ছে কিশোরগঞ্জ সদর, নিকলী, কটিয়াদী, অষ্টগ্রাম, মিঠামইন এবং বাজিতপুর। হাওর পরিবেষ্টিত এই উপজেলাগুলোর জন্য দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) না থাকার কারণে এলাকার জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে জানা গেছে, এসব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) না থাকার ফলে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাগণ প্রতারণার শিকার হচ্ছেন। একই সঙ্গে, এই সব উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসও দলিল না করার কারণে সরকার কোটি কোটি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অন্যদিকে, জনগণের একটি মাত্র দাবি হচ্ছে, সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ করা হলে ভূমি জটিলতা অনেকাংশে কমে যাবে বলে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ