প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের সাধারণ মানুষ নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে দিশেহারা হয়ে পড়েছে। খাদ্য মূল্যস্ফীতির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ১৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। শহরের ক্ষেত্রে এই হার ১৪ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে। কিন্তু দেশের মানুষের মজুরি বৃদ্ধির হার অত্যন্ত কম, যা মাত্র ৮ দশমিক ১০ শতাংশে উন্নীত হয়েছে। এর ফলে বর্তমানে মূল্যস্ফীতির হার মজুরির তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে, মজুরি বেড়েছে মাত্র দশমিক ০৩ শতাংশ। ফলে সাধারণ মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে ঘাটতি আরও বৃদ্ধি পাচ্ছে।
নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরে ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৯২ এবং আগস্টে ১০ দশমিক ৪৯ শতাংশ। জুলাইয়ে এটি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গত নভেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৩৮ শতাংশ ছিল। অক্টোবরে এটি ১০ দশমিক ৮৭ শতাংশে ছিল। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে। খাদ্যপণ্যের উৎপাদন ও সরবরাহের ভর মৌসুমে খাদ্যবহির্ভূত পণ্যের তুলনায় খাদ্যপণ্যের দাম বেশি বৃদ্ধি পাচ্ছে। ফলে খাদ্যবহির্ভূত খাতের তুলনায় খাদ্য মূল্যস্ফীতির হারও বেশি বেড়েছে।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত বছরের নভেম্বরের তুলনায় এই নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। যদিও সাধারণত শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির হার বেশি থাকে, তবে এবার শহরের তুলনায় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সূত্র জানায়, বাজারে খাদ্যদ্রব্যের সরবরাহ যথেষ্ট থাকলেও বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে দাম কমছে না। সরকারও বাজার ব্যবস্থাপনার ত্রুটির সমাধান করতে পারছে না। ফলে পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। পণ্যের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির হারও বাড়ছে। বৈশ্বিক মন্দার পর থেকে ২০২২ সালের আগস্ট থেকে মূল্যস্ফীতির হার ৯ শতাংশ অতিক্রম করেছে এবং বর্তমানে তা ৯ শতাংশের উপরে রয়েছে।
গত জুলাইয়ে মূল্যস্ফীতির হার ডবল ডিজিটে পৌঁছেছিল। আগস্টে তা কিছুটা কমে ডাবল ডিজিটের সামান্য নিচে নেমে আসলেও এখন আবার দুই মাস ধরে ডাবল ডিজিটের উপরে রয়েছে। বৈশ্বিকভাবে ২০২২ সালের শুরু থেকে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। মূল্যস্ফীতির হার কমাতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশ ঋণের সুদের হার বৃদ্ধি করেছে। তবে ব্যয় নিয়ন্ত্রণ ও মানুষের ভোগের রাশ টেনে ধরার পদক্ষেপের ফলে অনেক দেশে মূল্যস্ফীতির হার কমেছে। কিন্তু বাংলাদেশে এখনও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির হার বিদ্যমান।
সূত্র আরো জানায়, দেশের বাজার ব্যবস্থায় কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো কার্যকর হয়নি। ভোক্তা অধিকার অধিদপ্তর কয়েকজন পুলিশ নিয়ে বাজারে গেলে বাজার মনিটরিং করা হয় না। বরং নিত্যপণের মূল্যের শৃঙ্খলা ঠিক করা জরুরি। উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত অনেক ধাপ রয়েছে। সরকারের উচিত সমস্যা কোথায় খুঁজে বের করা এবং কারা কারসাজি করছে তা বের করা। অন্যদিকে, বাজার স্থিতিশীল করতে সঠিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
গত জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর আগস্ট-সেপ্টেম্বরে তা কিছুটা কমে আসে। কিন্তু অক্টোবর থেকে আবার বাড়তে থাকে। ওই ধারায় নভেম্বরেও বেড়েছে। নভেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে ১৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরে ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে নভেম্বরে ৯ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা অক্টোবরে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ। অথচ মানুষ জীবনধারণে খাদ্য খাতে মোট ব্যয়ের ৫৮ শতাংশই খরচ করে। বাকি ৪২ শতাংশ খাদ্যবহির্ভূত খাতে খরচ করে। সাম্প্রতিক সময়ে মানুষের খরচ যেভাবে বেড়েছে, সেভাবে আয় বাড়েনি। ফলে মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে।
এদিকে গ্রামে খাদ্যপণ্যের সবই উৎপাদন হয়। কিন্তু গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার বেশি। অর্থাৎ যেখানে খাদ্যের উৎপাদন বেশি, সেখানেও দাম বেশি। এই উল্টো চিত্র বাজার ব্যবস্থাপনার অস্থিতিশীলতার প্রমাণ দেয়। ফলে উৎপাদনস্থলে দাম বেশি পড়ছে। তবে গ্রামের মানুষ খাদ্যবহির্ভূত পণ্য ভোগ কম করে। এই কারণে গ্রামে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। আগে গ্রামেও এ খাতে মূল্যস্ফীতির হার বেশি ছিল। ফলে বর্তমানে পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে গ্রামের মানুষের খাদ্যবহির্ভূত পণ্য ভোগের সক্ষমতা কমেছে। শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে, যা অক্টোবরে ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে ১৪ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরে ছিল ১২ দশমিক ৫৩ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩১ শতাংশে দাঁড়িয়েছে, যা অক্টোবরে ছিল ৯ দশমিক শূন্য ৬। শহরে খাদ্য ও খাদ্যবহির্ভূত সব খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে। তবে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধি অস্বাভাবিক। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বলেছেন, মূল্যস্ফীতির হার এখন বেশি হলেও তা ধীরে ধীরে কমে যাবে। আগামী জুনের মধ্যে এ হার ৭ শতাংশের মধ্যে নেমে আসবে। আগে মূল্যস্ফীতির তথ্য গোপন করা হতো। এখন প্রকৃত তথ্য প্রকাশ করা হচ্ছে। এজন্য এ হার বাড়ছে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন, সাম্প্রতিক সময়ে তিন দফা বন্যার কারণে খাদ্যের উৎপাদন কমেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন