মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৭ পি.এম
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানকে ‘মনস্টার’ হিসেবে উল্লেখ করে তার ভয়াবহ নির্মমতার কথা তুলে ধরলেন চিফ প্রসিকিউটর। এই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ রয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন আজ (আর্গুমেন্ট) যুক্তি উপস্থাপন শুরু করেছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপন করে চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের গুম-খুনের নির্মমতা তুলে ধরেন। এ ছাড়া, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়।
তিনি জানান, "রক্ত যেন গায়ে না লাগে সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা হয়। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।" সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর এক পর্যায়ে বলেন, "আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে।"
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান আজ ভার্চুয়ালি কারাগার থেকে বিচারকাজে অংশ নেন। আজকের যুক্তি উপস্থাপনটি ট্রাইব্যুনালের ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
জিয়াউল আহসানের গুম-খুনের মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। আগামীকাল অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন।
উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অনেক নারী শিক্ষক দূরবর্তী স্থানে চাকরি করার ফলে পারিবারিক সংকটে পড়ছেন। কিছু শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদ ঘটছে। কিছু নারী শিক্ষক চাকরি ছেড়ে দেওয়ার জন্য বাধ্য হচ্ছেন।
এই পরিস্থিতি তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জরুরি ভিত্তিতে নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
এছাড়া, সংসদীয় কমিটি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করে তা অনুমোদন ও কার্যকর করার সুপারিশ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সুপারিশ পাঠানো হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘অনেক মহিলা শিক্ষক আছেন যাদের নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে বদলি করার কারণে পারিবারিক সমস্যা দেখা দিয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে এবং অনেকের বিবাহবিচ্ছেদ হয়েছে। কিছু শিক্ষক চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিস্তারিত আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত অনুমোদন ও কার্যকর করার সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতির আলোচনার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা বলেন, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলি ও অন্যান্য বিষয়গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দ্বারা পরিচালিত হয়।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সফটওয়্যারের মাধ্যমে বদলি নীতিমালা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মাউশি থেকে বদলিসংক্রান্ত একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটিও নিজেদের করে নিয়েছে, যা বাংলাদেশের হতাশা বাড়িয়ে দিয়েছে। মারকেস অ্যাকারম্যান দেড়শ রানের এক ঝড়ো ইনিংসে দুটি কীর্তি গড়েছেন। প্রোটিয়ারা এখন বিশাল সংগ্রহের ভিত্তি পেয়ে গেছে।
দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৬ ওভারে ৩ উইকেটে ২২৮ রান।
বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত অ্যাকারম্যান অবশেষে আউট হয়েছেন। তবে এই ব্যাটারের কারণে যে ক্ষতি হয়েছে, তা ইতোমধ্যেই হয়ে গেছে।
এই সেশন পুরোপুরি ছিল অ্যাকারম্যানের দখলে। দক্ষিণ আফ্রিকা সেশনে যে ১৪০ রান সংগ্রহ করেছে, তার মধ্যে অ্যাকারম্যান একাই ১০৪ রান করেছেন। ফলে তাকে ফিরিয়ে স্বাভাবিকতা কিছুটা ফিরলেও বাংলাদেশের উদ্বেগ কমেনি। কারণ অ্যাকারম্যানের ঝড়ো ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই ১৩৭ রানের লিড গড়ে ফেলেছে।
১৩৮ বলের ইনিংসে অ্যাকারম্যান দুটি রেকর্ড গড়েছেন। দেড়শ ছুঁতে তার লেগেছে ১৩৭ বল, যা টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন লুয়ান ডি প্রিটোরিয়াস। তালিকার তিন নম্বরেও রয়েছেন অ্যাকারম্যান, যিনি আগের ম্যাচে ১৬০ বলে দেড়শ রান করেছিলেন।
সাদা পোশাকে দিনের প্রথম সেশনে একশর বেশি রান করা দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হলেন এই বাঁহাতি ওপেনার। তার আগে ১৯২৯ সালে টাপি ওয়েন স্মিথ, ২০১০ সালে এবি ডি ভিলিয়ার্স এবং গত বছর ভিয়ান মুল্ডার দিনের প্রথম সেশনে একশর বেশি রান করেছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এই তিন দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ অনুষ্ঠিত হবে। কমিশন নির্বাচনের পরিবেশ বজায় রাখার পাশাপাশি সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে দলগুলোর সহযোগিতা কামনা করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আরও জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ হয়েছিল, মূলত সেসব দলের সঙ্গে তিন দিনের এই আলোচনা হবে। পরবর্তী সময়ে যেসব রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।
তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। পাশাপাশি সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী—এই চার পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন আয়োজন এই চার পক্ষের সম্মিলিত সহযোগিতার ওপর নির্ভর করে।
এদিকে, নির্বাচন কমিশন পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, সেই তালিকা প্রকাশ করা হয়।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশন পাঁচ ধাপে এসব নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা নিশ্চিত করতে চায় ইসি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, জানিয়েছেন যে বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে।
আজ মঙ্গলবার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ন্যাশনাল কমিটি ফর ওয়ার্ল্ড লাইফ হেজার্ড ম্যানেজমেন্ট এট দ্যা এয়ারপোর্টস অব বাংলাদেশ’র প্রথম সভায় তিনি এই মন্তব্য করেন।
সভায়, বাংলাদেশের বিমানবন্দরসমূহে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করার জন্য পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী তাঁর সভাপতির বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ চলছে।
তিনি আরও বলেন, এভিয়েশন খাতের উন্নয়নের জন্য বিমান উড্ডয়ন ও অবতরণ নিরাপদভাবে নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বার্ড হিটের তথ্য যাচাই করে বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরো জানান, উদ্ভূত সমস্যা সমাধানের জন্য অত্যাধুনিক প্রযুক্তির এন্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন করা প্রয়োজন।
এছাড়া, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয়ের ব্যবস্থা গ্রহণ এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সেফ ফ্লাইজোন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিন মাস অন্তর সভা আয়োজনের নির্দেশ দেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ন্যাশনাল কমিটি ফর উইল ডিফাই হেজার্ড ম্যানেজমেন্ট এট দ্যা এয়ারপোর্ট অফ বাংলাদেশ’র সদস্যবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ