০৫:১০ পি.এম
নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) পৌনে ১টার দিকে কেন্দুয়া থানায় ভুক্তভোগীর বাবা মামলা করেছেন।
ঘটনাটি ঘটেছিল শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. লিটন মিয়ার ছেলে শুভ (২৩), মোখলেছুর রহমানের ছেলে নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে শাহ আলম (২৮)। এরা সবাই কামারগাঁও গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে, প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক তাকে মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রী ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফিরে পেয়ে সে নিজেকে ঘটনাস্থলে একা অবস্থায় দেখতে পায়। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে তার এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয়।
পরদিন সকালে বিষয়টি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জানানো হলে, তার বাবা সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন