বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০২:২৯ পি.এম
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ ১৪ হাজার টাকা ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল র্যাব-১২-এর সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর গ্রামের মৃত মসলেম মন্ডল ছেলে রবিউল ইসলাম (৫৪) ও মিলেরপাড় গ্রামের মৃত আসাদুল মেকার ছেলে তহিদুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনের সময় দুইজনকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৮ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালিয়েছে।’
এই হামলার ফলে এ পর্যন্ত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন, এমনটি জানান তিনি।
মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ৪৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকি ভুক্তভোগীদের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে দেয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে একটি হামলায় তিনজন নিহত হয়েছেন।
গত মাসে স্বাক্ষরিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে হতাহতের এই সর্বশেষ পরিসংখ্যান সামনে এসেছে।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ এবং তাদের সঙ্গে আলোচনা করা মানে সময় নষ্ট।
মঙ্গলবার, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে যুক্তরাষ্ট্র ইরানকে অভিযুক্ত করার পরই এই উত্তেজনার সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইরানের দক্ষিণ উপকূল বরাবর সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায়। পরে ইরানও পাল্টা হামলা চালায়।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুই দিনে চালানো অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো, নৌ সক্ষমতা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিভিন্ন স্থাপনাসহ ১৭০টিরও বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা আরও জানায়, আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হামলা প্রতিরোধ করাই ছিল এই হামলাটির উদ্দেশ্য।
এর জবাবে, ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা বলে দাবি করা স্থানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
নিজেদের সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিল।
তবে, বুধবার ট্রাম্প ঘোষণা করেন যে, এই সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে, যা কার্যকরভাবে চুক্তিটির অবসান ঘটায় এবং নতুন করে সামরিক সংঘাতের সূচনা করে।
সূত্র: আনাদোলু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সক্রিয় সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ আত্মসমর্পণ করেছে।
এ সময়, তাদের কবল থেকে এক জিম্মি জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কমান্ডার মো. মানসুরুন মাহ্দীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে পরিচালিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর ধারাবাহিক অভিযানের ফলে বনদস্যু বাহিনীগুলো চরম চাপে রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন কলামুলি খাল এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণের সময় তারা ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি জমা দিয়েছেন। একই সঙ্গে তাদের হেফাজতে থাকা এক জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছে।
আত্মসমর্পণকারীরা হচ্ছেন বাগেরহাটের মোংলা থানার বাসিন্দা আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তালা থানার তৈবুর রহমান (২৪) এবং খুলনার কয়রা থানার মনিরুজ্জামান মামুন (২০)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে, জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩১৬ রাউন্ড তাজা কার্তুজ, ১০৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৯৪ রাউন্ড এয়ারগানের গুলি, ১০ রাউন্ড গোলা ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সময়ে, ৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্যও অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসন, জব্দকৃত অস্ত্রের আইনগত কার্যক্রম এবং উদ্ধার হওয়া জেলেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সুন্দরবনের অবশিষ্ট সক্রিয় দস্যুদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাহিনী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জেলার চারঘাট উপজেলায় ৭ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার দায়েরের পর মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি দেব চন্দ্রকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার আসামি চারঘাট উপজেলার আরজিসাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাসের ছেলে।
আজ বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গতকাল বুধবার দুপুরে ভিকটিম শিশুটি প্রতিবেশী আসামি দেব চন্দ্র দাসের বাসায় টিভি দেখতে যায়। এ সময় আসামির বাসায় অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে দেব চন্দ্র শিশুটিকে প্রলোভন দেখিয়ে টিভি রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয় এবং ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা শ্রী রতন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। এরপরই র্যাব-৫ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে। এর কয়েক ঘণ্টার মধ্যেই র্যাব তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদিপ্তা সরকার এই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- আরিফ, রাকিব এবং সিয়াম।
এই মামলার অন্য আসামি মারুফ, যিনি অপ্রাপ্তবয়স্ক, তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ-এর দ্বারা।
মামলার সূত্রে জানা যায়, যে গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিছামনিকে ধর্ষণ করে নদীতে ফেলে হত্যা করা হয়। ঘটনার পরের দিন ১৫ জুন, নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের পর, মাত্র ৯ দিনের মধ্যে ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরে আদালত তিনজন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এই রায় নিয়ে নিছামনির পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। তারা সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছেন যে, এই রায় কার্যকর করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ