ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা, নিহত ১৪


ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা, নিহত ১৪

গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৮ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালিয়েছে।’

এই হামলার ফলে এ পর্যন্ত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন, এমনটি জানান তিনি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ৪৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকি ভুক্তভোগীদের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে দেয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে একটি হামলায় তিনজন নিহত হয়েছেন।

গত মাসে স্বাক্ষরিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে হতাহতের এই সর্বশেষ পরিসংখ্যান সামনে এসেছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ এবং তাদের সঙ্গে আলোচনা করা মানে সময় নষ্ট।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মঙ্গলবার, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে যুক্তরাষ্ট্র ইরানকে অভিযুক্ত করার পরই এই উত্তেজনার সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইরানের দক্ষিণ উপকূল বরাবর সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায়। পরে ইরানও পাল্টা হামলা চালায়।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুই দিনে চালানো অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো, নৌ সক্ষমতা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিভিন্ন স্থাপনাসহ ১৭০টিরও বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা আরও জানায়, আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হামলা প্রতিরোধ করাই ছিল এই হামলাটির উদ্দেশ্য।

এর জবাবে, ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা বলে দাবি করা স্থানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

নিজেদের সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিল।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তবে, বুধবার ট্রাম্প ঘোষণা করেন যে, এই সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে, যা কার্যকরভাবে চুক্তিটির অবসান ঘটায় এবং নতুন করে সামরিক সংঘাতের সূচনা করে।

সূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে আত্মসমর্পণ করলেন ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


সুন্দরবনে আত্মসমর্পণ করলেন ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সদস্য

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সক্রিয় সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ আত্মসমর্পণ করেছে।

এ সময়, তাদের কবল থেকে এক জিম্মি জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে পরিচালিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর ধারাবাহিক অভিযানের ফলে বনদস্যু বাহিনীগুলো চরম চাপে রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন কলামুলি খাল এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণের সময় তারা ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি জমা দিয়েছেন। একই সঙ্গে তাদের হেফাজতে থাকা এক জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছে।

আত্মসমর্পণকারীরা হচ্ছেন বাগেরহাটের মোংলা থানার বাসিন্দা আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তালা থানার তৈবুর রহমান (২৪) এবং খুলনার কয়রা থানার মনিরুজ্জামান মামুন (২০)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে, জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩১৬ রাউন্ড তাজা কার্তুজ, ১০৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৯৪ রাউন্ড এয়ারগানের গুলি, ১০ রাউন্ড গোলা ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সময়ে, ৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্যও অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

কোস্ট গার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসন, জব্দকৃত অস্ত্রের আইনগত কার্যক্রম এবং উদ্ধার হওয়া জেলেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সুন্দরবনের অবশিষ্ট সক্রিয় দস্যুদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাহিনী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করল রাজশাহী পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করল রাজশাহী পুলিশ

জেলার চারঘাট উপজেলায় ৭ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার দায়েরের পর মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি দেব চন্দ্রকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার আসামি চারঘাট উপজেলার আরজিসাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাসের ছেলে।

আজ বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গতকাল বুধবার দুপুরে ভিকটিম শিশুটি প্রতিবেশী আসামি দেব চন্দ্র দাসের বাসায় টিভি দেখতে যায়। এ সময় আসামির বাসায় অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে দেব চন্দ্র শিশুটিকে প্রলোভন দেখিয়ে টিভি রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয় এবং ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা শ্রী রতন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। এরপরই র‌্যাব-৫ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে। এর কয়েক ঘণ্টার মধ্যেই র‌্যাব তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু নিছামনি হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


শিশু নিছামনি হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদিপ্তা সরকার এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- আরিফ, রাকিব এবং সিয়াম।

এই মামলার অন্য আসামি মারুফ, যিনি অপ্রাপ্তবয়স্ক, তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ-এর দ্বারা।

মামলার সূত্রে জানা যায়, যে গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিছামনিকে ধর্ষণ করে নদীতে ফেলে হত্যা করা হয়। ঘটনার পরের দিন ১৫ জুন, নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের পর, মাত্র ৯ দিনের মধ্যে ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরে আদালত তিনজন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

এই রায় নিয়ে নিছামনির পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। তারা সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছেন যে, এই রায় কার্যকর করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম পেতে চুক্তি করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম পেতে চুক্তি করল ভারত

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইউরেনিয়াম সরবরাহ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত।

এটি ভারতের পারমাণবিক জ্বালানি কর্মসূচির বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী বছরের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন মোদি।

মেলবোর্ন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

বিশ্বের মোট ইউরেনিয়াম মজুদের প্রায় ২৮ শতাংশ অস্ট্রেলিয়ায় অবস্থিত।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের পর মোদি বলেন, ‘আজ আমরা পারমাণবিক জ্বালানি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি।’

তিনি উল্লেখ করেন, ‘এর মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ উন্মুক্ত হবে। একই সঙ্গে আমাদের পরিচ্ছন্ন জ্বালানি লক্ষ্যে নতুন গতি আসবে।’

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যবস্থার আওতায় শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম রপ্তানি করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্ধারিত সুরক্ষা ব্যবস্থার আওতায় এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।

আলবানিজ সাংবাদিকদের জানান, ‘এই ব্যবস্থা অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম রপ্তানির সুযোগ সৃষ্টি করবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির বাইরে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে।’

ভারত ও অস্ট্রেলিয়া ২০১৫ সালে পারমাণবিক সহযোগিতা চুক্তি করে। ওই চুক্তির মাধ্যমে ইউরেনিয়াম রপ্তানির ভিত্তি তৈরি হয়েছিল।

তবে আইনি জটিলতা কারণে এতদিন দুই দেশের মধ্যে এই বাণিজ্য প্রায় ছিলই না।

বৃহস্পতিবার দুই দেশের সম্পর্ক আরও জোরদারে মোদির নেতৃত্বের প্রশংসা করেছেন আলবানিজ।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনার নেতৃত্ব এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পৃক্ততাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।’

অস্ট্রেলিয়া সফর শেষে মোদির নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%