ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কপোতাক্ষের বাঁধের মাটি কাটার অভিযোগ দুই ইটভাটার বিরুদ্ধে


কপোতাক্ষের বাঁধের মাটি কাটার অভিযোগ দুই ইটভাটার বিরুদ্ধে

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধের ঢাল কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে দুইটি ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সানা ব্রিকস ও এসএস ব্রিকস নামের ইটভাটা দুটি এক্সকাভেটর ব্যবহার করে প্রকাশ্যে বাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছে। তবে ভাটা দুটির মালিকরা অভিযোগ অস্বীকার করেছেন।

সরেজমিনে দেখা যায়, নাকশা গ্রামে বেড়িবাঁধের পাশেই গড়ে উঠেছে দুটি ইটভাটা। বাঁধের ঢাল থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে এবং তা ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধের মাটি ব্যবহার করছে ইকরামুল হকের মালিকানাধীন সানা ব্রিকস (এসবিআই নামেও পরিচিত) ও মো. সোহরাব আলীর মালিকানাধীন এসএস ব্রিকস।

স্থানীয়রা জানিয়েছেন, উপকূলের মানুষের কাছে বেড়িবাঁধ ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার নিরাপত্তার প্রতীক। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় সামান্য দুর্বলতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাদের আশঙ্কা, ঢাল কেটে মাটি সরানোর ফলে বর্ষা ও দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি ঢোকার ঝুঁকি বাড়বে এবং পাউবোর রাস্তা ও নদীর পাড়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

ইউপি সদস্য মো. আইয়ুব রহমান বলেন, বাঁধের কয়েকটি জায়গা থেকে এবং নদী থেকে ইটভাটার জন্য মাটি নেওয়ার কথা তিনি শুনেছেন। ভাটার মালিকরা ক্ষমতাবান হওয়ায় চাইলেও তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হচ্ছে না; বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভাটার ধোঁয়া ও ধুলায় কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানির মতো সমস্যা দেখা দিচ্ছে। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কাও করছেন তারা।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কয়রা উপজেলায় কোনো বৈধ ইটভাটা নেই। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, সুন্দরবনের কাছে ইটভাটা চালুর বিষয়ে তিনি আগে জানতেন না; জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, মৌসুম শুরুর আগেই অবৈধ ভাটার মালিকদের নতুন বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। এসব ভাটার কোনো বৈধতা নেই এবং আগামী কয়েক দিনের মধ্যে অভিযান চালানো হবে। ভাটা চালুর পেছনে দপ্তরের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তিনি দেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বেড়িবাঁধের মাটি কেটে ইটভাটায় ব্যবহার আইনগত অপরাধ। বিষয়টি স্থানীয় কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তারা ব্যবস্থা নেবেন।

সানা ব্রিকসের ব্যবস্থাপক টোটন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, বাঁধের মাটি কাটার সুযোগ নেই। বাঁধের একটি পানি নিষ্কাশন গেট মাটিতে ঢাকা পড়ায় স্থানীয়দের অনুরোধে পাশের মাটি সরানো হয়ে থাকতে পারে, সেখান থেকেই এমন হয়ে থাকতে পারে।

এ সময় তিনি জানান, তিনি বাইরে আছেন এবং খোঁজ নিয়ে বাঁধ থেকে মাটি কাটা হলে তা বন্ধ করে দেবেন।

এসএস ব্রিকসের মালিক সোহরাব আলী জানান, তারা বাঁধ থেকে মাটি কাটেননি; নদীর যেখানে পলি জমেছে, সেখান থেকে মাটি নেন। সামনে নির্বাচন থাকায় প্রতিপক্ষরা বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে তাদের ক্ষতির চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

এ বিষয়ে কয়রার ইউএনও আবদুল্লাহ আল বাকীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

২০০৬ সালে সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, সোনিয়া গান্ধীর জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র। ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করবেন বলে জানানো হয়। যদিও এই খবরটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, সিনেমাটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি।

দুই দশক পরে সোনিয়া গান্ধী তার বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং’-এ সেই ঘটনার কথা উল্লেখ করেছেন।

মনিকা বেলুচ্চির জন্মও ইতালিতে, সোনিয়া গান্ধীর মতো। তিনি ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ এবং ‘ম্যাট্রিক্স’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে সোনিয়া গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রযোজকেরা। তাদের দাবি ছিল, বেলুচ্চি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্রযোজক সুনন্দা মুরলি মনোহর তখন বলেছিলেন, সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে বেলুচ্চি বেশ উচ্ছ্বসিত ছিলেন।

তবে কংগ্রেসের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর পর চলচ্চিত্রটির কাজ থেমে যায়। কেন সিনেমাটি নির্মিত হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।

২০১২ সালে মনিকা বেলুচ্চি জানিয়েছিলেন, তিনি ভারতীয় একটি সিনেমায় সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি কাজটি এগিয়ে নেননি। অন্য এক সময় সিনেমাটি না হওয়ার পেছনে আরও কয়েকটি কারণের কথাও বলেছিলেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ বই অবলম্বনে চিত্রনাট্য তৈরির কথা ছিল। তবে বইটির চলচ্চিত্র নির্মাণের স্বত্ব নিয়ে জটিলতার কথাও সামনে আসে।

২০০৬ সালের জুলাইয়ে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক সুনন্দা মুরলি মনোহর বলেছিলেন, ৬০ দিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু কংগ্রেসের আপত্তি ও রাজনৈতিক উদ্বেগের কারণে তারা আর এগোতে পারেননি।

পরিচালক মুন্ধরা তার চিত্রনাট্যকে বিতর্কহীন দাবি করে বলেছিলেন, একজন মানুষ হিসেবে সোনিয়া গান্ধীর প্রতি তার শ্রদ্ধা রয়েছে। ইতালির এক তরুণী কীভাবে একসময় বিশ্বের অন্যতম জনবহুল দেশের নেতৃত্বের পর্যায়ে পৌঁছালেন, সেটিই ছিল তার আগ্রহের বিষয়। তবে কংগ্রেস তার গবেষণার তথ্য সোনিয়া গান্ধীর সঙ্গে ভাগাভাগি করার দাবিও প্রত্যাখ্যান করেছিল। ২০১১ সালে মুন্ধরা মারা যান।

স্মৃতিকথা ঘিরে নতুন চলচ্চিত্রের পরিকল্পনা

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের পর আবারও তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আলোচনা শুরু হয়েছে। তেলেঙ্গানা কংগ্রেসের নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত, জানিয়েছেন, ‘বিলংগিং’ অবলম্বনে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তারা।

তার ভাষ্য, তেলুগু ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় সিনেমাটি নির্মাণের চিন্তা রয়েছে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে না। সোনিয়া গান্ধীর জন্মদিন ৯ ডিসেম্বর এ প্রকল্প নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে। এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে সোনিয়া গান্ধীর জীবন নিয়ে এর আগেও বই প্রকাশকে কেন্দ্র করে বিতর্ক হয়েছে। স্প্যানিশ লেখক হাভিয়ের মোরোর লেখা ‘এল সারি রোহো’ বা ‘দ্য রেড শাড়ি’ তার জীবন নিয়ে লেখা একটি কল্পনানির্ভর জীবনী। ২০০৮ সালে স্পেনে প্রকাশিত বইটি দীর্ঘ আইনি ও রাজনৈতিক জটিলতা পেরিয়ে ২০১৫ সালে ভারতে প্রকাশিত হয়।

নিজের স্মৃতিকথা লেখার অন্যতম কারণ হিসেবে সোনিয়া গান্ধী জানিয়েছেন, তাকে নিয়ে বিভিন্ন সময়ে অনেক অসত্য তথ্য প্রকাশিত হয়েছে। বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, তাকে নিয়ে অনেক কিছু লেখা হলেও সেসব লেখায় তার প্রকৃত সত্তার প্রতিফলন ছিল না।

২০১৪ সালে তিনি নিজের বই লেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে বছর ইউপিএ সরকারের পতনের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ও মনমোহন সিংয়ের সাবেক গণমাধ্যম উপদেষ্টা সঞ্জয় বারু তাদের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করেন।

নটবর সিং তার স্মৃতিকথা ‘ওয়ান লাইফ ইজ নট এনাফ’-এ দাবি করেন, ২০০৪ সালে সোনিয়া গান্ধী নিজের ‘ইনার ভয়েস’-এর কারণে নয়, বরং ছেলে রাহুল গান্ধীর আশঙ্কার কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেননি। অন্যদিকে সঞ্জয় বারুর ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বইয়ে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বে সোনিয়া গান্ধীর প্রভাব নিয়ে নানা অভিযোগ উঠে আসে।

‘বিলংগিং’ বইয়ে সোনিয়া গান্ধী এসব অভিযোগের জবাব দিয়েছেন। তবে কারও নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, মনমোহন সিংয়ের সাবেক এক সহযোগী তার বিরুদ্ধে পিএমও থেকে নথি আনা, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার মতো অভিযোগ তুলেছিলেন।

এ বিষয়ে সঞ্জয় বারু অবশ্য নিজের বক্তব্যে অটল রয়েছেন। তার দাবি, পিএমওর একজন কর্মকর্তা সোনিয়া গান্ধীকে বিভিন্ন বিষয়ে অবহিত করতেন, তবে তিনি কখনো বলেননি যে নথিপত্র তার কাছে নিয়ে যাওয়া হতো।

বারুর বই অবলম্বনে ২০১৯ সালে নির্মিত হয় ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ চলচ্চিত্র। এতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেন অনুপম খের এবং সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করেন জার্মান অভিনেত্রী সুজান বার্নার্ট।

চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশের পর বিজেপি তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করে। অন্যদিকে কংগ্রেস সিনেমাটিকে ‘ভুয়া প্রচারণা’ বলে আখ্যা দেয়। তবে শেষ পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেয়নি দলটি। সিনেমাটি মুক্তি পেলেও একসময় প্রেক্ষাগৃহ থেকে বিদায় নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে যুবলীগের ২ কর্মী ককটেলসহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


মোহাম্মদপুরে যুবলীগের ২ কর্মী ককটেলসহ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি তাজা ককটেল, যা তাদের দেয়া তথ্যে পাওয়া যায়।

পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছে পাওয়া ককটেল দুটি প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা ছিল এবং লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় ছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. মেহেদী হাসান সোহেল (৩০) এবং মো. রনি, যিনি গ্যাস রনি নামে পরিচিত (২৮)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতার হওয়া দুজনের দেখানো মতে ককটেল দুটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে গ্রেফতার হওয়া দুজনসহ অজ্ঞাত আরও কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতি নেই, হামলার গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতি নেই, হামলার গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে, জেলা পুলিশ তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে। এই তথ্য পুলিশ সুপার নড়াইলের স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করার লক্ষ্যে পূর্বে ধারণকৃত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত ভিডিও ও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। পুলিশ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। একই সঙ্গে এই ঘটনায় কোনো হিন্দু পরিবারের সদস্য বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।

পুলিশের বিবৃতি অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় বিএনপির মিছিলে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই হামলায় দুজন নিহত হন। নিহতদের মধ্যে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং জাসাস (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) অন্তর্ভুক্ত রয়েছেন।

তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বেন্দারচরের বুলু বিশ্বাসের দুই সন্তান দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)।

ওই জোড়া হত্যাকাণ্ডের জের ধরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহতদের বিক্ষুব্ধ স্বজন ও উত্তেজিত লোকজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে জড়ো হন। তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হাসিনাকেও আমরা মাফ করব না’—শাহজাহান চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


‘হাসিনাকেও আমরা মাফ করব না’—শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মন্তব্য করেছেন, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং মুজাহিদের মতো শেখ হাসিনারও ফাঁসি হবে। তিনি বলেন, "তাকেও আমরা মাফ করব না।"

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন, যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আয়োজন করা হয়েছিল।

শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৯০০টি মামলা রয়েছে এবং এসব মামলার রায় বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, "মতিউর রহমান নিজামীর যা হয়েছে, তাকে মাফ করতে পারেনি। শেখ হাসিনাকেও মাফ করতে দেব না। মতিউর রহমান নিজামীর গলায় যেভাবে ফাঁসি ঝুলেছে, সেভাবে শেখ হাসিনার গলায় ফাঁসি হবে।"

জামায়াতে ইসলামীর নেতাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুজাহিদসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মামলা করে সাজা কার্যকর করা হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল।

এমপি শাহজাহান বলেন, অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগ না পেয়ে কারাগারে ধুঁকে ধুঁকে মারা যান খালেদা জিয়া।

তিনি অতীতে রাজনৈতিক নেতাদের বিচারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, "শেখ হাসিনা কেন বিচারের বাইরে থাকবেন?"

টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, একরাম আওয়ামী লীগ করতেন। তাহলে তাকে কেন হত্যা করা হয়েছিল? তার হত্যার জবাব কে দেবে? শেখ হাসিনা ও আবদুর রহমান বদিসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। অতীতে বিনা বিচারে মানুষ হত্যা, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের ঘটনাগুলোরও বিচার দাবি করেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, "আমার অভিজ্ঞতায় বলে, বাংলাদেশের মানুষ অন্য কাউকে মাফ করলেও শেখ হাসিনাকে মাফ করবে না। শেখ হাসিনার বিচারের রায় মানুষ দেখে যাবে।" জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি এসব ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় মেজর সিনহা হত্যার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও মানব পাচার বন্ধ করতে হবে। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

তিনি বলেন, টেকনাফে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। মানুষকে জিম্মিদশা থেকে মুক্ত করতে এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য বলেন, বর্ষা শেষ হয়েছে, এখন উন্নয়নের জোয়ার বইবে। টেকনাফ স্থলবন্দরকে সুন্দরভাবে পরিচালনা এবং আরও একটি বন্দর প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভুল করলে তার চরম মাশুল দিতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, "একটা ঘর জ্বললে দশটা ঘর জ্বলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।"

সমাবেশে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%