ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন আমিনুল হক


ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

২৫ নভেম্বর বুধবার, লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল ও কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং তা কঠোর হাতে প্রতিরোধ করতে হবে। এ উদ্দেশ্যে তিনি সরকারি দল, বিরোধী দল এবং তরুণ ও আগামী প্রজন্মকে একত্রে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

আমিনুল হক বলেন, বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উত্থান দেখতে চান না। তিনি ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা আর সেই সময়ে ফিরে যেতে চাই না। দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা রোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে ফ্যাসিস্টরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি, কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রশিক্ষণ প্রদান করে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গরুর ও হাঁস-মুরগির খামার থাকাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য উৎসাহিত করে তিনি জানান, আগে যেখানে বায়োগ্যাস নির্মাণের জন্য এক লাখ থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়া হতো, সেটি বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় খামার থাকলে নিজস্ব চাহিদা মিটিয়ে আশপাশের পরিবারগুলোতেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়নে কাজ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এয়ার ফ্রায়ার পরিষ্কারের সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


এয়ার ফ্রায়ার পরিষ্কারের সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো

এয়ার ফ্রায়ারে অল্প তেল ব্যবহার করে মুচমুচে খাবার তৈরি করা সম্ভব। সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাইসহ বিভিন্ন খাবার সহজেই রান্না করা যায় এই যন্ত্রে। ফলে আধুনিক রান্নাঘরে এয়ার ফ্রায়ারের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তবে নিয়মিত ব্যবহারের ফলে এর বাস্কেট, ট্রে এবং ভেতরের অংশে তেল, চর্বি এবং খাবারের অবশিষ্টাংশ জমা হয়ে যায়। সময়মতো পরিষ্কার না করলে এসব ময়লা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। এমনকি রান্নার সময় ধোঁয়া বের হওয়ার সম্ভাবনাও থাকে।

এয়ার ফ্রায়ার পরিষ্কার করতে দামি ক্লিনার কিংবা শক্তিশালী রাসায়নিকের প্রয়োজন নেই। সাধারণ ডিশ সোপ, হালকা গরম পানি এবং নরম স্পঞ্জ দিয়েই বেশিরভাগ ময়লা দূর করা সম্ভব। যন্ত্রটির কার্যক্ষমতা এবং স্থায়িত্ব বজায় রাখতে পরিষ্কারের সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।

১. পরিষ্কারের আগে যন্ত্রটি ঠান্ডা করুন

এয়ার ফ্রায়ার পরিষ্কারের প্রক্রিয়া শুরু করার আগে যন্ত্রটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এরপর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা উচিত। রান্নার পর বাস্কেট, ট্রে এবং হিটিং এলিমেন্ট বেশ গরম থাকে। তাই গরম অবস্থায় পরিষ্কার করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বিশেষ করে গরম নন-স্টিক বাস্কেটকে সরাসরি ঠান্ডা পানিতে রাখলে তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে এর আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে।

যন্ত্রটি ঠান্ডা হওয়ার পর ভেতরে পড়ে থাকা খাবারের টুকরোগুলো সরিয়ে বাস্কেট এবং ক্রিসপার প্লেট বের করে নিতে হবে।

২. বাস্কেট ও ট্রে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন

একটি বড় পাত্রে হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা ডিশ সোপ মিশিয়ে নিতে হবে। এরপর এয়ার ফ্রায়ারের বাস্কেট ও ট্রে ১০ থেকে ১৫ মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে। এতে জমে থাকা তেল এবং শক্ত ময়লা নরম হয়ে আসবে। কোনো দাগ সহজে না উঠলে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখা যেতে পারে।

তবে পরিষ্কারের আগে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশিকা দেখে নেওয়া উচিত। কারণ সব এয়ার ফ্রায়ারের বাস্কেট বা ট্রে একইভাবে পরিষ্কার করা যায় না। কিছু মডেলের অংশ ডিশওয়াশারে ধোয়া গেলেও হাতে পরিষ্কার করাই তুলনামূলক নিরাপদ হতে পারে।

৩. নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন

ভিজিয়ে রাখার পর নরম স্পঞ্জ বা পরিষ্কার কাপড় দিয়ে বাস্কেট এবং ট্রে মুছে ফেলতে হবে। বিশেষ করে বাস্কেটের কোণা, কিনারা এবং ক্রিসপার প্লেটের ছোট ছোট ছিদ্রে জমে থাকা ময়লা ভালোভাবে পরিষ্কার করতে হবে। সরু জায়গায় ময়লা আটকে থাকলে নরম ব্রাশ বা পুরোনো টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে।

পরিষ্কারের পর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে সাবানের কোনো অবশিষ্টাংশ না থাকে। সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন অথবা বাতাসে সম্পূর্ণ শুকিয়ে তারপর যন্ত্রে পুনরায় বসান।

৪. যন্ত্রের ভেতরের অংশ পরিষ্কার করতে হবে

শুধু বাস্কেট এবং ট্রে পরিষ্কার করলেই হবে না, এয়ার ফ্রায়ারের ভেতরের অংশের দিকেও নজর দিতে হবে। যন্ত্রটি ঠান্ডা এবং বিদ্যুৎ সংযোগমুক্ত অবস্থায় রেখে সাবধানতার সঙ্গে ভেতরের অংশ পরীক্ষা করতে হবে।

একটি নরম কাপড় হালকা গরম সাবান-পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিতে হবে। এরপর সেটি দিয়ে ভেতরের দেয়াল এবং হিটিং এলিমেন্টের আশপাশের তেলের দাগ মুছে ফেলতে হবে। এই অংশ পরিষ্কারের সময় অতিরিক্ত চাপ দেওয়া যাবে না।

মনে রাখতে হবে, যন্ত্রের ভেতরে সরাসরি পানি ঢালা যাবে না। বিশেষ করে বৈদ্যুতিক সংযোগ এবং অন্যান্য সংবেদনশীল অংশে পানি লাগানো থেকে বিরত থাকতে হবে। সবশেষে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে সাবানের অবশিষ্টাংশ মুছে শুকিয়ে নিতে হবে।

৫. বাইরের অংশ ও হ্যান্ডেল মুছে ফেলুন

নিয়মিত ব্যবহারে এয়ার ফ্রায়ারের বাইরের অংশেও তেলের দাগ, ধুলাবালি এবং আঙুলের ছাপ জমে। এগুলো পরিষ্কার করতে নরম কাপড়ে সামান্য ডিশ সোপ নিয়ে মেশিনের বাইরের অংশ এবং হ্যান্ডেল মুছে ফেলতে হবে। এরপর পরিষ্কার ভেজা কাপড় দিয়ে আবার মুছে শুকিয়ে নিতে হবে।

কন্ট্রোল প্যানেলে যেন পানি না লাগে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সরাসরি যন্ত্রের গায়ে কোনো ক্লিনার স্প্রে করা উচিত নয়। পাশাপাশি বাতাস চলাচলের ভেন্টগুলোয় ময়লা জমেছে কি না, সেটিও পরীক্ষা করা প্রয়োজন।

৬. কতদিন পরপর পরিষ্কার করবেন?

এয়ার ফ্রায়ার ভালো রাখতে প্রতিবার ব্যবহারের পর বাস্কেট এবং ট্রে পরিষ্কার করার অভ্যাস গড়ে তোলা উচিত। বিশেষ করে তেলযুক্ত বা মসলা মাখানো খাবার রান্নার পর এগুলো দ্রুত ধুয়ে ফেললে ময়লা জমে শক্ত হওয়ার সুযোগ পায় না।

অন্যদিকে, সপ্তাহে অন্তত একবার অথবা ব্যবহারের পরিমাণ অনুযায়ী প্রতি ১০ বার রান্নার পর যন্ত্রের ভেতরের অংশ এবং হিটিং এলিমেন্টের আশপাশ ভালোভাবে পরিষ্কার করা যেতে পারে। নিয়মিত পরিষ্কার রাখলে দুর্গন্ধ, ধোঁয়া এবং জেদি তেলের দাগের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

৭. নন-স্টিক আবরণ ভালো রাখুন

এয়ার ফ্রায়ারের বাস্কেটের নন-স্টিক আবরণ পরিষ্কারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। স্টিল উল, ধাতব স্ক্রাবার কিংবা শক্ত ও খসখসে প্যাড ব্যবহার করলে এই আবরণে আঁচড় পড়তে পারে। একইভাবে বাস্কেটের ভেতরে ধাতব চামচ বা খুন্তি ব্যবহার না করাই ভালো। এর পরিবর্তে সিলিকন বা কাঠের তৈরি রান্নার সরঞ্জাম ব্যবহার করা উচিত।

প্রপেল্যান্টযুক্ত কুকিং স্প্রে ব্যবহার না করাই ভালো। এগুলো দীর্ঘদিন ব্যবহারে নন-স্টিক পৃষ্ঠে আঠালো স্তর তৈরি করতে পারে। প্রয়োজনে ব্রাশ দিয়ে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে। নন-স্টিক আবরণ উঠে যেতে শুরু করলে প্রস্তুতকারকের পরামর্শ অনুযায়ী বাস্কেট পরিবর্তনের ব্যবস্থা করতে হবে।

৮. দাগ ও দুর্গন্ধ দূর করার বাড়তি কৌশল

কিছু ক্ষেত্রে সাধারণ সাবান-পানিতে তেলের জেদি দাগ পুরোপুরি দূর নাও হতে পারে। এ ধরনের দাগ পরিষ্কারের জন্য সামান্য বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করা যেতে পারে। তবে ব্যবহারের আগে প্রস্তুতকারকের নির্দেশিকা দেখে নেওয়া উচিত এবং নন-স্টিক আবরণে ঘষাঘষি করা উচিত নয়।

এয়ার ফ্রায়ারে দুর্গন্ধ তৈরি হলে প্রথমে জমে থাকা খাবারের টুকরো এবং তেলের অবশিষ্টাংশ পরিষ্কার করতে হবে। প্রয়োজনে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত পরিষ্কারক ব্যবহার করা উচিত।

এছাড়া ছিদ্রযুক্ত পার্চমেন্ট পেপার অথবা এয়ার ফ্রায়ার লাইনার ব্যবহার করলে বাস্কেটে খাবারের অবশিষ্টাংশ জমা কমতে পারে। তবে এগুলো যেন বাতাস চলাচলের পথে বাধা সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাবার ছাড়া কাগজ বা লাইনার রেখে কখনোই এয়ার ফ্রায়ার চালু করা উচিত নয়। বাতাসের প্রবাহে কাগজ হিটিং এলিমেন্টের সংস্পর্শে গিয়ে আগুনের ঝুঁকি তৈরি করতে পারে।

নিয়মিত পরিষ্কার এবং সঠিক যত্নের মাধ্যমে এয়ার ফ্রায়ারের কার্যক্ষমতা বজায় রাখা সম্ভব। এতে একদিকে যেমন খাবারের স্বাদ এবং গুণগত মান ঠিক থাকে, অন্যদিকে যন্ত্রটিও দীর্ঘদিন ব্যবহার করা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের মতবিনিময়

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের জাতীয় সংবাদপত্রসমূহের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।

এ সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। সদস্যরা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যগণ রাষ্ট্রপতির সাথে মধ্যাহ্নভোজনে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নয়াপুর বাজারে ফ্লাইওভারের দাবি এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নয়াপুর বাজারে ফ্লাইওভারের দাবি এলাকাবাসীর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে তথা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্রশস্ত ফ্লাইওভার নির্মাণের জন্য মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার নয়াপুর বাজার এলাকায় মহাসড়কে ‘সাধারণ এলাকাবাসী’-র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ উপজেলার উত্তরাঞ্চলের কয়েকশ সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, ব্যস্ততম এই এক্সপ্রেসওয়ে সড়কের নয়াপুর বাজার অংশে বর্তমানে নির্মাণাধীন আন্ডারপাসটি অত্যন্ত সরু, নিচু এবং জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য অযোগ্য। বক্তারা উল্লেখ করেন যে, অপরিকল্পিত এই আন্ডারপাসের মাধ্যমে ভারী যানবাহন, রিকশা বা অটোরিকশা চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এর ফলে বাজার কেন্দ্রিক ব্যবসাবাণিজ্য স্থবির হয়ে পড়বে এবং শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে, পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাবে।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ দূর করার জন্য বক্তারা অবিলম্বে নির্মাণাধীন ছোট আন্ডারপাসটির নকশা পরিবর্তন করে সেখানে আধুনিক ও প্রশস্ত একটি ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান।

মানববন্ধনে অংশ নেয়া এক বক্তা, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসকসহ সড়ক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমাদের এই নয়াপুর ও আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আপনারা এই আন্ডারপাসটি ভেঙে নতুন করে আমাদের ফ্লাইওভারের দাবি যেন বাস্তবায়ন করেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি।’

এসময় আরেক বক্তা দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ‘সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করব; আমাদের এই সমস্যার সমাধানের ঘোষণা আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার, বাবুল মাস্টার প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় হাসির মন্ডলকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


চুয়াডাঙ্গায় হাসির মন্ডলকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আদালত হাসির মন্ডল নামের একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাসির মন্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পাড়ার মৃত শহীদ মন্ডলের পুত্র।

মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৩০ জানুয়ারি রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পাড়ায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় হাসির মন্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন পাওয়া যায়।

এই ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ২০২০ সালের ১ মার্চ হাসির মন্ডলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

ছয়জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%