ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
গবেষণা

বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ


বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

ইন্টারনেটে রোগের লক্ষণ বা উপসর্গ খোঁজার ফলে (সিম্পটম সার্চ) অনেক সময় মানসিক শান্তি পাওয়ার পরিবর্তে স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ বা ভীতি বৃদ্ধি পায়। সম্প্রতি ফিলিপাইনের মিলেনিয়াল প্রজন্মের ওপর পরিচালিত একটি নতুন গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ অংশগ্রহণকারী ‘সাইবারকন্ড্রিয়া’ বা অনলাইন স্বাস্থ্য-উদ্বেগে ভুগছেন। আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘কিউরিয়াস’-এ এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ফিলিপাইনের পাম্পাঙ্গা অঞ্চলের ২৯ থেকে ৪৪ বছর বয়সি মোট ৪০১ জন মিলেনিয়ালের ওপর জরিপটি পরিচালিত হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৭৪.৮ শতাংশ মাঝারি মাত্রার এবং ৮.৫ শতাংশ উচ্চ মাত্রার সাইবারকন্ড্রিয়ায় ভুগছেন। সাইবারকন্ড্রিয়া একটি মানসিক প্রবণতা, যেখানে অতিরিক্ত ও বারবার অনলাইনে চিকিৎসাসংক্রান্ত তথ্য খোঁজার কারণে মানুষের মনে অসুস্থতার ভয় তীব্র হয়ে ওঠে এবং তারা বারবার নিজের শারীরিক উপসর্গ পরীক্ষা করতে বাধ্য হন।

আরও পড়ুন: পাহাড়ের চূড়ায় লেক আর মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প

গবেষকরা লক্ষ্য করেছেন যে, এই আচরণের পেছনে চিকিৎসকদের প্রতি কোনো অনীহা বা অবিশ্বাস কাজ করে না। বরং অংশগ্রহণকারীদের বেশিরভাগই অনলাইন স্বমূল্যায়নের চেয়ে পেশাদার চিকিৎসকদের ডায়াগনোসিসের ওপর বেশি ভরসা রাখেন। মূলত অপ্রয়োজনীয় তথ্য খোঁজা এবং অতিরিক্ত আশ্বস্ত হওয়ার মানসিকতাই সাইবারকন্ড্রিয়াকে বাড়িয়ে তোলে। চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বললে রোগীরা স্বস্তি পেলেও একা একা ইন্টারনেটে অজানা উপসর্গ খোঁজা তাদের উদ্বেগ বাড়ায়।

কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সাইবারকন্ড্রিয়ার এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। গবেষকদের মতে, নারী অংশগ্রহণকারী, কলেজ ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি, ডেস্ক-বেসড বা ডিজিটালি ইন্টেনসিভ পেশার সঙ্গে যুক্ত মানুষ এবং যারা দিনে ২.১ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেন, তাদের মধ্যে এই স্বাস্থ্য-উদ্বেগের স্কোর অন্যদের তুলনায় বেশি ছিল।

এই সমস্যা মোকাবেলায় গবেষক দল ‘ইজ’ নামক একটি প্রতিরোধমূলক কাঠামোর প্রস্তাব করেছেন। এই কাঠামো ডিজিটাল স্বাস্থ্য সাক্ষরতা উন্নত করা, ইন্টারনেটের সচেতন ও মননশীল ব্যবহার নিশ্চিত করা, টেলি-কনসালটেশনের সুযোগ সহজলভ্য করা এবং কর্মক্ষেত্রে ডিজিটাল সুস্থতা বা ওয়েলনেস কর্মসূচি চালুর ওপর জোর দেয়।

গবেষকদের মতে, মানুষকে শুধু ‘অনলাইনে লক্ষণ খোঁজা বন্ধ করুন’ বললেই সমস্যার সমাধান হবে না। এর পরিবর্তে নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য সহজলভ্য করা এবং চিকিৎসকদের পেশাদার পরামর্শের সুযোগ বাড়ানো জরুরি। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, এই গবেষণাটি অনলাইনে নন-প্রোবাবিলিটি স্যাম্পলিং বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হওয়ায় এর ফলাফল সব মিলেনিয়ালের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নয়। প্রস্তাবিত প্রতিরোধমূলক ফ্রেমওয়ার্কটি বাস্তবে কতটা কার্যকর, তা যাচাই করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘মিট কার্নিভাল’, চলবে ২১ নভেম্বর পর্যন্ত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যিক যাত্রায় চীনের মাইলফলক: সিই-২৫এ বৈদ্যুতিক বিমান পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


বাণিজ্যিক যাত্রায় চীনের মাইলফলক: সিই-২৫এ বৈদ্যুতিক বিমান পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন

চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান ‘সিই-২৫এ’ (CE-25A) শনিবার (১৪ নভেম্বর) শানডং প্রদেশের বিনঝৌতে প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এটি স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রার জন্য বৈদ্যুতিক বিমান তৈরির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না-এর তৈরি এই উড়োজাহাজে দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।

পরীক্ষাটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী হয়, যার মধ্যে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড উড়োজাহাজটি আকাশে ছিল এবং এই সময়ে এটি ৬০.৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

একটি বিবৃতিতে কোমাক (COMAC) জানিয়েছে, বিমানটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং সব পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী ছিল।

সিই-২৫এ হলো কোমাক-এর প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান, যা বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে ১৯ জন যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে।

বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ মেট্রিক টন, ক্রুজিং গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার, ক্রুজিং উচ্চতা ২,৪০০ মিটার এবং পাল্লা (রেঞ্জ) ৪০০ কিলোমিটার।

উড়োজাহাজটি এর ডানায় বসানো ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক ডাক্টেড-ফ্যান প্রপালশন সিস্টেমের মাধ্যমে চালিত হয়।

সূত্র: চায়না ডেইলি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ইটনা উপজেলা সদরে অবস্থিত ঐতিহাসিক পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস শরিফ উপলক্ষে ভক্তবৃন্দ, খাদেম এবং পাঁচ পীর মাজার কমিটির সদস্যরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রতিবছরের মতো, এ বছরও পহেলা অগ্রহায়ণ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পয়োনিষ্কাশন এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাজারের খাদেম কামাল ভান্ডারী জানান, প্রতি বছর এক, দুই ও তিন অগ্রহায়ণ তারিখে পাঁচ পীর মাজারের ওরস শরিফ অনুষ্ঠিত হয়। তিনি আশা প্রকাশ করেন যে, এ বছর ওরস উপলক্ষে ৫০ হাজারেরও বেশি ভক্তবৃন্দের সমাগম হবে।

মাজারের ভক্ত নুর উদ্দিন ফকির বলেন, এ বছর ওরস শরিফ আরও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে ওরসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।

মাজার কমিটির সদস্য আলী রহমান জানান, মাজারের রক্ষণাবেক্ষণ এবং কিছু উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়েছে, যা সকলের সহযোগিতায় সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় ৬৮ দেশকে আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় ৬৮ দেশকে আমন্ত্রণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত ৫৭টি দেশ এবং আরও ১১টি দেশের কাছ থেকে অংশগ্রহণের জন্য মনোনয়ন আহ্বান করেছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

পাকিস্তান ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেবার ৪০টির বেশি দেশের ক্বারিরা এতে অংশগ্রহণ করেছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের শিল্পকে প্রসারিত করা এবং মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওআইসির ৫৭টি সদস্যদেশের পাশাপাশি রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপ—এই ১১টি দেশের প্রখ্যাত ক্বারিদের মনোনয়ন পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এখন পর্যন্ত ৩১টি দেশের ক্বারিদের মনোনয়ন পাওয়া গেছে বলে জানিয়েছে পাক মন্ত্রণালয়। অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের ইসলামি চিন্তাবিদরা। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী।

প্রতিযোগিতা আয়োজনের জন্য ভ্রমণ, প্রশাসনিক এবং অন্যান্য আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ‘পবিত্র কোরআন তিলাওয়াতের উৎকর্ষ বৃদ্ধি, কুরআনিক জ্ঞানের সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে অ্যাকাডেমিক ও শৈল্পিক বিনিময়ের ক্ষেত্রে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এই আয়োজন মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের অভিন্ন মূল্যবোধকে সমুন্নত রাখবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউ অরলিন্সে জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


নিউ অরলিন্সে জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরের একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় বন্দরের সম্পত্তির ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে এবং এ জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) মিসিসিপি নদীর থালিয়া স্ট্রিট টার্মিনালে নোঙর করা ছোট আকারের ‘আমেরিকান হেরিটেজ’ প্রমোদতরিতে ধাক্কা দেয় ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের ট্যাংকারটি। দুর্ঘটনার সময় প্রমোদতরিতে ১২৯ জন যাত্রী ও ক্রু সদস্য উপস্থিত ছিলেন। এতে কেউ নিহত বা গুরুতর আহত হননি, তবে ধাক্কায় প্রমোদতরিটি কাত হয়ে পানিতে প্রায় ডুবে যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় ট্যাংকারটির মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। ক্ষতিপূরণ আদায়ের জন্য ট্যাংকারটি জব্দ করে বিক্রির আবেদনও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্ত চলছে।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%