সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৪৫ এম
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, যখন এটি প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল। তবে সউদী আরবে হুথিদের হামলা অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এখনও বিদ্যমান রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১১৫ দশমিক ১৬ ডলারে নেমে আসে।
সউদী আরবে হুথিদের হামলার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়লে গত শুক্রবার তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে লেনদেন শেষ হয়। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম মোট ৬ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়।
সপ্তাহান্তেও সউদী আরবে হামলার ঘটনা ঘটে। হুথিরা সউদী আরবের একটি বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার দাবি করে। দেশটির কর্তৃপক্ষ রোববার আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানায়। আগের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির প্রধান বিমানবন্দরটির কার্যক্রমও আংশিকভাবে চালু করা হয়।
সোমবার তেলের দাম কমলেও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাজারে রয়ে গেছে। সউদী আরবে হামলা অব্যাহত থাকলে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে। তথ্যসূত্র: রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত টেলিভিশন ও রেডিওর অর্থায়নব্যবস্থা পরিবর্তনের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, এই প্রস্তাব কার্যকর হলে সরকারি গণমাধ্যমের ওপর সরকারের প্রভাব বৃদ্ধি পাবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
রোববার (২৫ অক্টোবর) রাজধানী প্রাগের ওল্ড টাউন স্কয়ারে বিক্ষোভকারীরা প্রস্তাবিত আইন প্রত্যাহারের জন্য দাবি জানান। পরিকল্পনার আওতায়, পরিবারগুলোর কাছ থেকে নেওয়া নিয়মিত লাইসেন্স ফি তুলে দিয়ে সরকারি টেলিভিশন ও রেডিওর অর্থায়ন রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে করার প্রস্তাব করা হয়েছে।
শনিবার গভীর রাতে পার্লামেন্টের নিম্নকক্ষে বিরল এক ভোটাভুটির মাধ্যমে বিলটি দ্রুত পাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমোদন দেওয়া হয়। ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতারা দ্রুততার সঙ্গে বিষয়টি উত্থাপন করায় বিরোধী দলগুলোর বিতর্কে অংশ নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। তবে আইনটি কার্যকর করতে হলে পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন।
প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বিলটি উত্থাপন করেছে। এই জোটে দুটি কট্টর ডানপন্থি রাজনৈতিক দলও অন্তর্ভুক্ত রয়েছে। বিরোধী দলগুলো জানিয়েছে, প্রস্তাবটি আইনে পরিণত হলে তারা সাংবিধানিক আদালতে এর বৈধতা চ্যালেঞ্জ করবে।
প্রস্তাবিত পরিবর্তনের ফলে সরকারি টেলিভিশন ও রেডিওর অর্থায়ন প্রায় ১৫ শতাংশ কমে যেতে পারে। আগামী বছর থেকেই এই কাটছাঁট কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিরা ‘আমরা আর সহ্য করব না’ এবং ‘এটি কোনোভাবেই পাস হতে দেওয়া যাবে না’ বলে স্লোগান দেন।
বাবিশের দাবি, এই পরিকল্পনা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত নয়; বরং অর্থায়নব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ব্যয় কমানোর উদ্যোগ। তবে সমালোচকদের আশঙ্কা, রাষ্ট্রীয় বাজেটের ওপর নির্ভরশীলতা বাড়লে ক্ষমতাসীন জোট সরকারি সম্প্রচারমাধ্যমের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পাবে।
এ নিয়ে সমালোচকেরা হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সরকারের গণমাধ্যমসংক্রান্ত পদক্ষেপের সঙ্গে প্রস্তাবটির তুলনা করছেন।
এদিকে, সরকারি টেলিভিশন ও রেডিওর কর্মীরা আগামী ৩ নভেম্বর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন। শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গির্জা, আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাসহ বিভিন্ন পক্ষ এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।
আগামী ১৫ নভেম্বর প্রাগের লেতনা পার্কে আরও একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ১৯৮৯ সালের কমিউনিস্টবিরোধী ‘ভেলভেট বিপ্লব’-এর বার্ষিকীর দুই দিন আগে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় চার দশকের বেশি সময় ধরে চলা কমিউনিস্ট শাসনের অবসান ঘটে। তথ্যসূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তান এবং আফগানিস্তানের বিভিন্ন স্থানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে এই ভূমিকম্প আঘাত হানে, যার ফলে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশ কিছু এলাকা এবং পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির প্রথমে মাত্রা ৫ দশমিক ৮ হিসেবে ধারণা করা হয়েছিল, কিন্তু পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১০ কিলোমিটার নিচে।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, ভূমিকম্পের কারণে কাবুল, নানগারহারসহ আশপাশের বেশ কিছু প্রদেশ কেঁপে ওঠে। কিন্তু দেশটিতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে কম্পনের ফলে দুই দেশে কী পরিমাণ প্রভাব পড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: রয়টার্স, জিও নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী নিজেদের নেতাদের জন্য ন্যায়বিচারের কথা বললেও অন্যদের ক্ষেত্রে তা করতে অস্বীকৃতি জানাচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, "বিরোধীদলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের সব ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?"
সোমবার (২৬ অক্টোবর) সকালে ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই বিষয়গুলি উল্লেখ করেন।
তিনি পোস্টে উল্লেখ করেন, "আমাদের সমাজে কেউ মারা গেলে কবর খুঁড়তে কাউকে ডেকে আনতে হয় না। খবর পেয়ে পাড়ার ছেলেরা কোদাল হাতে নিজেরাই চলে আসে। কেউ বাঁশ কেটে আনে, কেউ চাটাই। মৃত মানুষের দাফনে দেরি করতে নেই, এটা শুনেই বড় হয়েছি।"
ডা. তাসনিম জারা আরও লেখেন, "শনিবার সকাল দশটার দিকে ৮৭ বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ, মানিক পশারী, মারা গেছেন। সারাদিন তার পরিবারকে মরদেহ নিয়ে উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করতে হয়েছে। স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মিছিল করেছেন, মাইকে আর ফেসবুকে ঘোষণা দিয়েছেন, পিরোজপুরে তাকে দাফন করতে দেওয়া হবে না।"
তিনি উল্লেখ করেন, "তার জন্য বাড়িতে প্রথমে একটা কবর খোঁড়া হয়েছিল। মেয়ে সীমু আক্তার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, কিছু মানুষ এসে তা ভরাট করে ফেলে। পরে ফুফুদের নিয়ে আমি নতুন কবর খুঁড়ি। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় কবর খুঁড়তে আর কাউকে পাওয়া যায়নি। যে কোদাল পাড়ার ছেলেদের হাতে থাকার কথা, সেদিন তা ছিল মৃত ব্যক্তির মেয়ে আর বোনেদের হাতে। অবশেষে মাঝরাতের পর পুলিশ পাহারায়, মেয়ে আর বোনেদের খোঁড়া সেই কবরে ওনার দাফন হয়েছে। প্রশাসনের লোকজন ছাড়া পরিবারের বাইরের আর কেউ সেখানে ছিলেন না।"
এনসিপির সাবেক এই নেত্রী আরও লেখেন, "এই বৃদ্ধ মানুষটি একজন সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সেদিন বলেছেন—মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা; তাকে গার্ড অব অনার দিতে দেওয়া হবে না, পিরোজপুরের মাটিতে দাফনও করতে দেওয়া হবে না। দাফনের পর সেই একই নেতা বলেছেন—জামায়াতের নেতারা লাশের রাজনীতি করেন না।"
তিনি পোস্টে উল্লেখ করেন, "মানিক পশারী মুক্তিযোদ্ধা ছিলেন কি না, সেই প্রশ্ন আপনি চাইলে তুলতে পারেন। তোলার জায়গাও আছে। যাচাইয়ের জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠান আছে, আদালত আছে। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন, সেই প্রশ্নের মীমাংসা তারা করবেন দাফন করা ঠেকিয়ে দিয়ে, মাইক হাতে নিয়ে। আমাদের দেশে জানাজার আগে মৃতের ছেলে বা ভাই সবার সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমার আব্বা যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, মাফ করে দেবেন।’ আমরা মাফ করে দিই। কারণ মৃত্যুর পর মানুষের সব হিসাব-নিকাশ শেষ। যা বাকি থাকে, তার বিচার আল্লাহর হাতে। শনিবার পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীরা অন্য পথে হেঁটেছেন। নিজের গ্রামে মানিক পশারীর জানাজাটুকুও হয়নি। গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে মাফ চাওয়ার সুযোগটুকুও পায়নি তার পরিবার।"
ডা. তাসনিম জারা আরও লেখেন, "‘পিরোজপুরের মাটিতে দাফন করতে দেওয়া হবে না’ এই কথাটা ওনারা এমনভাবে বলেন, যেন এই মাটির দলিল ওনাদের নামে লেখা। যেন একজন মানুষ নিজের বাড়ির পারিবারিক কবরস্থানে শুয়ে থাকবেন কি না, সেই অনুমতিও তাদের কাছ থেকে নিতে হবে। ওনাদের একসময় একই ভাষায় বলা হতো, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।’ এটা যে কেমন অন্যায় কথা, সেটা ওনাদের ভালোই জানার কথা। কিন্তু ক্ষমতা একটু হাতে আসার সঙ্গে সঙ্গেই, বিরোধীদলে থাকতেই, সেটা ভুলে গেছেন। একাত্তরে জামায়াত দল হিসেবে স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই দলের নেতাকর্মীরা আজ ঠিক করে দিতে চাইছেন কে মুক্তিযোদ্ধা আর কে ভুয়া, কে রাষ্ট্রীয় সম্মান পাবেন আর কার কবর কোথায় হবে।"
তিনি লেখেন, "নিজেদের নেতাদের ক্ষেত্রে জামায়াত ন্যায়বিচার, মানবাধিকার, ডিউ প্রোসেস আর মানবিক মর্যাদার কথা বলেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে সেটা করতে নারাজ। ভোটের আগে আর বক্তৃতায় ইনসাফের কথা বলেন। কিন্তু একজন মৃত মানুষের সঙ্গে ও তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে এমন আচরণ করেন। বিরোধীদলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের সব ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ