বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:০৫ এম
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তা করতে গিয়ে মার্কিন নাগরিকদের গ্রেফতার করার ঘটনায় যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ইসরাইলি বাহিনীর এই ধরনের আচরণের তীব্র সমালোচনা করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নীরবতার বিষয়েও প্রশ্ন তুলেছেন।
সিনেটরের মতে, শীর্ষ পর্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না করার ফলেই ইসরাইল ক্রমাগতভাবে আরও বেপরোয়া হয়ে উঠছে এবং একের পর এক অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে।
এই ঘটনা ঘটে অধিকৃত পশ্চিম তীরে, যেখানে স্থানীয় ফিলিস্তিনিরা জলপাই সংগ্রহ করছিলেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাহায্য করতে গিয়ে সেখানে উপস্থিত হন মার্কিন প্রতিনিধিদের একটি দল। তাদের মধ্যে ছিলেন ব্র্যাড ল্যান্ডার, যিনি আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ তাদের সবাইকে গ্রেফতার করে। পরে ব্র্যাড ল্যান্ডারকে মুক্তি দেওয়া হলেও, তার সঙ্গে থাকা অন্যান্য মার্কিন আন্দোলনকারী এবং কয়েকজন ধর্মযাজক এখনও বন্দি রয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে সিনেটর ভ্যান হোলেন স্পষ্ট করে জানান, একজনকে মুক্তি দিলেই সব কিছু মিটে যায় না, ইসরাইল সরকারের উচিত বাকিদেরও অবিলম্বে মুক্তি দেওয়া। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "যদি ইসরাইল আমেরিকানদের সঙ্গেও এমন আচরণ করতে পারে, তবে সাধারণ ফিলিস্তিনিদের ওপর তারা কতটা নির্যাতন চালাচ্ছে, তা সহজেই অনুমান করা যায়।"
সূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ