মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:১৮ পি.এম
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে।
সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সাময়িক বরখাস্তের সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন মন্তব্য করেছেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন তারা ফ্যাসিবাদ কায়েম করে। আর ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে।
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করে বাংলাদেশের জনগণকে গুম ও নির্যাতন করেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনাগুলি ঘটেছে। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টের মধ্যে অসংখ্য মানুষ গুম, খুন ও হত্যার শিকার হয়েছে।
২০২৪ সালের পরেও আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে তারা দেশে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্য বার্ষিকী উপলক্ষে ভাষানী মাজারে পুস্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারা দেশে নতুন করে ১ হাজার ৫৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু সংক্রমণের কারণে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫০৭ জনের মৃত্যু হয়েছে এবং মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে, চলতি বছরে মোট ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৬০৯ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জমি দখলমুক্ত করার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
মঙ্গলবার ( ১৭ নভেম্বর) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন এবং ভাদুরিয়া বিটের কর্মকর্তা এম এস নুর।
বন বিভাগের সূত্রে জানা যায়, আমবাগান গ্রামের ইব্রাহিম মিয়া (৩৫) প্রায় ৩০ শতক বনের জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণের চেষ্টা করছিলেন। যখন বন বিভাগ বাধা দিতে যায়, তখন তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। পরে বন বিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমি উদ্ধার করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন বলেন, "বন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। বনভূমি রক্ষার দায়িত্ব বন বিভাগের। তাদের অনুরোধে প্রশাসনের পক্ষ থেকে অভিযানে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও বনভূমি রক্ষায় বন বিভাগকে সব ধরনের সহযোগিতা করা হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পণ্যের মান সনদ ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রি ও বাজারজাত করার অভিযোগে এমএম বিআরবি এবং আর.এ.কে ব্র্যান্ড প্রতিষ্ঠানকে সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এবং ডিএমপি পুলিশের সহযোগিতায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করে।
অভিযানের সময় দেখা যায়, উত্তর যাত্রাবাড়ীর ৭২/৭/বি/২ বাড়িতে এমএম বিআরবি এবং আর,এ,কে ব্র্যান্ডের গিজার উৎপাদন করা হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে, উৎপাদিত গিজারগুলো মানহীন এবং অত্যন্ত নিম্নমানের। এসব গিজার বিস্ফোরিত হয়ে অগ্নি দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে এসব গিজার উৎপাদন ও বিক্রির জন্য সিএম লাইসেন্স নেই।
এছাড়া, প্রতিষ্ঠানটি শুধু অবৈধ গিজার উৎপাদনই করছে না, বরং মানহীন এসব গিজার বাজারজাত করার জন্য গ্রাহকদের বিভ্রান্ত করতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রদান করছে। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী, এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা ফিল্ড অফিসার জনাব ফারদিন ইসলাম এবং মেট্রোলজি বিভাগের পরীক্ষক শিখন সাহা দায়িত্ব পালন করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ