প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী বছরের হজযাত্রীদের জন্য টিকা গ্রহণের পূর্বে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার।
এই পরীক্ষাগুলো দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত বেসরকারি হাসপাতালে সম্পন্ন করতে হবে। টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য সনদ নিতে হলে পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিতে হবে নির্ধারিত টিকাকেন্দ্রে।
সোমবার (২৩ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বে যে সাতটি পরীক্ষা করতে হবে, সেগুলো হলো ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন।
এই পরীক্ষাগুলো দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত (ক) শ্রেণির বেসরকারি হাসপাতাল থেকে সম্পন্ন করা যাবে।
এছাড়া, যাদের মধ্যে গুরুতর বা দুরারোগ্য রোগ রয়েছে, তাদের জন্য অতিরিক্ত কিছু পরীক্ষা প্রয়োজন হতে পারে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি ও মূত্রথলির আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করাতে হবে।
লিভারের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কোপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্ত করতে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থাজনিত জটিলতার ক্ষেত্রে প্রথম তিন মাসে প্রস্রাবের প্রেগন্যান্সি টেস্ট ও প্রেগন্যান্সি প্রোফাইলের আলট্রাসনোগ্রাম করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।
হজসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন