বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৬ পি.এম
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে নেত্রকোনা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে নেত্রকোনায় তার বোনের বাড়ি থেকে ঢাকার কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
পলাতক আসামি কাউসার মিয়া নেত্রকোনার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম রুকু মিয়া।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রাজধানীর দক্ষিণখান থানার গার্মেন্টস কর্মী আলো হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি কাউসারকে আদালতে হাজির করা হয়। কিন্তু নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না থাকায় শুনানি হয়নি। পরে তাকে কাঠগড়ায় রাখা হয়। আদালতের কার্যক্রম শেষে আসামিকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যের নজর এড়িয়ে হাতকড়া খুলে কাউসার আদালত থেকে পালিয়ে যান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বলিউডের অন্যতম আলোচিত জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি তারা জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ সিজন ৯-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজেদের সম্পর্কের অজানা অনেক অধ্যায় শেয়ার করেছেন। প্রেমের গল্প থেকে শুরু করে বিয়ের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তারা।
তাদের সম্পর্কের একটি কঠিন সময়ের গল্প বিশেষভাবে নজর কাড়ে—যখন বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগে তাদের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল।
‘লাস্ট স্টোরিজ’ ও ‘শেরশাহ’ ছবির সেট থেকে শুরু হওয়া এই জুটির প্রেম ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। কার্গিল শিফটে ৩০ দিন ফোনে কথা বলা থেকে শুরু করে অফিশিয়ালি ডেটিং—সবকিছুই দারুণভাবে চলছিল। কিন্তু যখন সম্পর্কটি বিয়ের দিকে এগোচ্ছিল, তখনই জটিলতা তৈরি হয়।
করণ জোহর এই জুটির সেই কঠিন সময়ের স্মৃতি তুলে ধরে জানান, তিনি সিদ্ধার্থকে এর আগে কখনো এতটা বিপর্যস্ত অবস্থায় দেখেননি।
কিয়ারা সম্পর্কের মধ্যে সেই টানাপোড়েন ও দূরত্ব প্রসঙ্গে বলেন, প্রেম থেকে বিয়ের মতো বড় সিদ্ধান্তে রূপান্তর ঘটার সময়ই মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যখন সম্পর্ক ভাঙনের মুখে, তখন সিদ্ধার্থ ভালোবাসার চাকা ঘোরাতে একটি বড় পদক্ষেপ নেন। কিয়ারা তখন ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই সিদ্ধার্থ ফুল হাতে অভিনেত্রীর সেটে হাজির হন।
করণের বর্ণনা অনুযায়ী, এরপর করণের ৫০তম জন্মদিনের ঠিক আগের দিন অতিরিক্ত কাজের চাপে সিদ্ধার্থ ভীষণ জ্বরে পড়েন। অসুস্থ সিদ্ধার্থকে দেখে কিয়ারা আর দূরে থাকতে পারেননি। তিনি নিজে গিয়ে তার খেয়াল রাখতে শুরু করেন এবং এভাবেই তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করে।
এই ঘটনার মাত্র এক মাসের মধ্যে, ওই বছরের জুনে সিদ্ধার্থ কিয়ারাকে বিয়ের প্রস্তাব দেন এবং পরের বছর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের জন্য তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলে ফরিদপুরের মধুখালীর পাট ব্যবসায়ী আবুল বাশার খানের অন্তর্ভুক্তি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে অভিযোগ উঠেছে যে, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। বিএনপি নেতাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এছাড়া, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, যা ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের জন্য দায়ী বলে মনে করেন দলটির নেতাকর্মীরা।
এ ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহুরুল ইসলাম লিটনসহ যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মধুখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের পদধারী এবং বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করা একজন ব্যক্তি কীভাবে ও কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন, এটি অত্যন্ত দুঃখজনক।
নেতৃবৃন্দ আরও দাবি করেছেন যে, আবুল বাশার খান এখনও আওয়ামী লীগের পদে বহাল থাকায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর তুরস্ক সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। প্রতিনিধিদল চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এ বিষয়ে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তাঁরা। ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে এবং ১০ জন আহত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার মধ্যে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) এবং ইমরান হোসেন (৪৮)। গুলিবিদ্ধ পাঁচজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বৃহস্পতিবার সকালে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি আরও বলেন, "খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সংঘর্ষের সময় পুলিশর গাড়ির দিকে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এই ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কারণে রামন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। খবরটি টাইমস অব ইসরাইলের।
ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিওলজিক্যাল সার্ভে অব ইসরাইল) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। এটি ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রামন বিমানবন্দরে সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।
ভূমিকম্পের পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের শহরগুলোতে বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে।
এদিকে, কম্পনের পরপরই কর্তৃপক্ষ রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের অবকাঠামো পরীক্ষা ও পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
পরে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন শেষ হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ