বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৬ পি.এম
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের জন্য তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদলে ফরিদপুরের মধুখালীর পাট ব্যবসায়ী আবুল বাশার খানের অন্তর্ভুক্তি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে অভিযোগ উঠেছে যে, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। বিএনপি নেতাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এছাড়া, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, যা ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের জন্য দায়ী বলে মনে করেন দলটির নেতাকর্মীরা।
এ ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহুরুল ইসলাম লিটনসহ যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মধুখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের পদধারী এবং বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করা একজন ব্যক্তি কীভাবে ও কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন, এটি অত্যন্ত দুঃখজনক।
নেতৃবৃন্দ আরও দাবি করেছেন যে, আবুল বাশার খান এখনও আওয়ামী লীগের পদে বহাল থাকায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর তুরস্ক সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। প্রতিনিধিদল চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এ বিষয়ে আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তাঁরা। ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে এবং ১০ জন আহত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার মধ্যে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) এবং ইমরান হোসেন (৪৮)। গুলিবিদ্ধ পাঁচজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বৃহস্পতিবার সকালে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি আরও বলেন, "খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সংঘর্ষের সময় পুলিশর গাড়ির দিকে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এই ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কারণে রামন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। খবরটি টাইমস অব ইসরাইলের।
ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিওলজিক্যাল সার্ভে অব ইসরাইল) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। এটি ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রামন বিমানবন্দরে সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।
ভূমিকম্পের পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের শহরগুলোতে বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে।
এদিকে, কম্পনের পরপরই কর্তৃপক্ষ রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের অবকাঠামো পরীক্ষা ও পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
পরে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন শেষ হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়ার দাবি করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, এসব হামলা পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি করেছে।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বক্তব্য রাখার সময় পেজেশকিয়ান এই তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। তেহরানের কাছে অবস্থিত জ্বালানি সংরক্ষণাগারে হামলার ফলে বায়ুমণ্ডলে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়েছে।
ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, গত ৭ মার্চ ইসরাইল তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলা চালায়। এরপর ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা করা হয়। তিনি দাবি করেন, এসব হামলা ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের অংশ।
পেজেশকিয়ান বলেন, "একদিকে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।" তিনি উল্লেখ করেন, এসব হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে, যা আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষার উদ্যোগকে প্রশ্নের মুখে ফেলছে।
তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়েও সমালোচনা করেন। তার মতে, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের কারণে গাজা এখন মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি।
ইরানের প্রেসিডেন্ট আরও জানান, দেশের সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ রক্ষায় নিয়োজিত রেঞ্জার স্টেশনগুলোতেও হামলা চালানো হয়েছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
পেজেশকিয়ান এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, "ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নথিভুক্ত করতে হবে।" তিনি ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থাও গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বক্তব্যের শেষে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি জানান, গত দুই বছরে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।
তার দাবি, ২০২৬ সালে ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে। এর ফলে বায়ুমণ্ডলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হবে।
পেজেশকিয়ান বলেন, "শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।" তিনি উল্লেখ করেন, পৃথিবীকে রক্ষা করতে হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিশুটির বয়স মাত্র ৭ বছর। এই বয়সে যেখানে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, সেখানে ফ্রান্সের এক শিশুকে একা একটি ফ্ল্যাটে জীবন কাটাতে হয়েছে। ২০২০ সালে, তাকে নেরসাক শহরের একটি ফ্ল্যাটে রেখে, প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজের সঙ্গীর (বয়ফ্রেন্ড) সঙ্গে বসবাস শুরু করেন তার মা। এরপর টানা দুই বছর তাকে একাকী থাকতে হয়।
শিশুটির প্রতিদিনের জীবন ছিল বিস্কুট, কেক এবং ঠান্ডা কৌটাজাত খাবার খেয়ে। কখনো কখনো খাবারের জন্য পাশের বাসার টমেটো চুরি করত সে। ফ্ল্যাটে বিদ্যুৎ, গরম পানি এবং ঘর গরম রাখার কোনো ব্যবস্থা ছিল না। শীতের রাতে, কয়েকটি কম্বল ও শোয়ার থলে জড়িয়ে ঘুমাতে হতো তাকে। যদিও মা মাঝে মাঝে এসে খোঁজ নিতেন, বেশিরভাগ সময় তাকে একা কাটাতে হতো।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এত কষ্টের মধ্যে তার পড়াশোনা থেমে থাকেনি। প্রতিদিন নিজেই স্কুলে যেত সে। স্কুলে সে পরিচ্ছন্ন, ভদ্র এবং ভালো ফল করা শিক্ষার্থী ছিল। ফলে, শিক্ষকরা তার নিঃসঙ্গ জীবনের কথা বুঝতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের সন্দেহের পর বিষয়টি সামনে আসে। নেরসাকের মেয়র বারবারা কুতুরিয়ে শিশুটির মায়ের খাবারের জন্য সহায়তা চাওয়ার ঘটনা এবং প্রতিবেশীদের অভিযোগের মধ্যে একটি যোগসূত্র খুঁজে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শিশুটিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়।
এ ঘটনায় সন্তানের প্রতি অবহেলার দায়ে ২০২৪ সালের জানুয়ারিতে শিশুটির মাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয় মাস বাড়িতে বৈদ্যুতিক নজরদারির মাধ্যমে সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়।
সূত্র: সিএনএন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ