ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’


‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম মন্তব্য করেছেন, শেখ হাসিনার পরিণতি প্রত্যাবর্তন নয়, বরং প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

পোস্টে মাহফুজ আলম উল্লেখ করেন, "প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।" তিনি বলেন, সন্ত্রাস ও খুনের রাজনীতির পরিবর্তে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার করা, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব।

আরও পড়ুন: বিপদে নেতাকর্মীদের ফেলে পালানোরা আর ফেরে না: পরিবেশ প্রতিমন্ত্রী

এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, চলমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে আলোচনা করছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক সদস্য।

রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম উল্লেখ করেন, ২১শে আগস্ট, ২০২৪ এ রিকন্সিলিয়েশনের কথা তুলেছিলেন। তিনি বলেন, "হয়ত জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম।" তবে তিনি অভিযোগ করেন, লীগে সন্ত্রাসের অস্থিমজ্জায় বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।

তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র।

মাহফুজ আলম পোস্টে লেখেন, চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মীর শাহে আলম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

ইরাকের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া, ৩৫ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর আশপাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। পরে, দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে। এছাড়া, আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়িও দৃশ্যমান ছিল। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণের তৎপরতা দেখতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন।

তবে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলা সদরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এস এম তৈয়ব বলেন, "ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে তাঁর দোসরদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।" তিনি আরও বলেন, "দেশকে অস্থিতিশীল করার এ ষড়যন্ত্র মোকাবিলায় বাঁশখালী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকবে।" তিনি সতর্ক করেন যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ. লীগ কোথাও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথেই তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। "নাশকতার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।" এ সময় মশাল মিছিলে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপোতাক্ষের বাঁধের মাটি কাটার অভিযোগ দুই ইটভাটার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


কপোতাক্ষের বাঁধের মাটি কাটার অভিযোগ দুই ইটভাটার বিরুদ্ধে

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধের ঢাল কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে দুইটি ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সানা ব্রিকস ও এসএস ব্রিকস নামের ইটভাটা দুটি এক্সকাভেটর ব্যবহার করে প্রকাশ্যে বাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছে। তবে ভাটা দুটির মালিকরা অভিযোগ অস্বীকার করেছেন।

সরেজমিনে দেখা যায়, নাকশা গ্রামে বেড়িবাঁধের পাশেই গড়ে উঠেছে দুটি ইটভাটা। বাঁধের ঢাল থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে এবং তা ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধের মাটি ব্যবহার করছে ইকরামুল হকের মালিকানাধীন সানা ব্রিকস (এসবিআই নামেও পরিচিত) ও মো. সোহরাব আলীর মালিকানাধীন এসএস ব্রিকস।

স্থানীয়রা জানিয়েছেন, উপকূলের মানুষের কাছে বেড়িবাঁধ ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার নিরাপত্তার প্রতীক। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় সামান্য দুর্বলতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাদের আশঙ্কা, ঢাল কেটে মাটি সরানোর ফলে বর্ষা ও দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি ঢোকার ঝুঁকি বাড়বে এবং পাউবোর রাস্তা ও নদীর পাড়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউপি সদস্য মো. আইয়ুব রহমান বলেন, বাঁধের কয়েকটি জায়গা থেকে এবং নদী থেকে ইটভাটার জন্য মাটি নেওয়ার কথা তিনি শুনেছেন। ভাটার মালিকরা ক্ষমতাবান হওয়ায় চাইলেও তাদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হচ্ছে না; বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভাটার ধোঁয়া ও ধুলায় কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানির মতো সমস্যা দেখা দিচ্ছে। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কাও করছেন তারা।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কয়রা উপজেলায় কোনো বৈধ ইটভাটা নেই। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, সুন্দরবনের কাছে ইটভাটা চালুর বিষয়ে তিনি আগে জানতেন না; জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, মৌসুম শুরুর আগেই অবৈধ ভাটার মালিকদের নতুন বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। এসব ভাটার কোনো বৈধতা নেই এবং আগামী কয়েক দিনের মধ্যে অভিযান চালানো হবে। ভাটা চালুর পেছনে দপ্তরের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তিনি দেন।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বেড়িবাঁধের মাটি কেটে ইটভাটায় ব্যবহার আইনগত অপরাধ। বিষয়টি স্থানীয় কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তারা ব্যবস্থা নেবেন।

সানা ব্রিকসের ব্যবস্থাপক টোটন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, বাঁধের মাটি কাটার সুযোগ নেই। বাঁধের একটি পানি নিষ্কাশন গেট মাটিতে ঢাকা পড়ায় স্থানীয়দের অনুরোধে পাশের মাটি সরানো হয়ে থাকতে পারে, সেখান থেকেই এমন হয়ে থাকতে পারে।

এ সময় তিনি জানান, তিনি বাইরে আছেন এবং খোঁজ নিয়ে বাঁধ থেকে মাটি কাটা হলে তা বন্ধ করে দেবেন।

এসএস ব্রিকসের মালিক সোহরাব আলী জানান, তারা বাঁধ থেকে মাটি কাটেননি; নদীর যেখানে পলি জমেছে, সেখান থেকে মাটি নেন। সামনে নির্বাচন থাকায় প্রতিপক্ষরা বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে তাদের ক্ষতির চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কয়রার ইউএনও আবদুল্লাহ আল বাকীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

২০০৬ সালে সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, সোনিয়া গান্ধীর জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র। ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করবেন বলে জানানো হয়। যদিও এই খবরটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, সিনেমাটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি।

দুই দশক পরে সোনিয়া গান্ধী তার বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং’-এ সেই ঘটনার কথা উল্লেখ করেছেন।

মনিকা বেলুচ্চির জন্মও ইতালিতে, সোনিয়া গান্ধীর মতো। তিনি ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ এবং ‘ম্যাট্রিক্স’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে সোনিয়া গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রযোজকেরা। তাদের দাবি ছিল, বেলুচ্চি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্রযোজক সুনন্দা মুরলি মনোহর তখন বলেছিলেন, সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে বেলুচ্চি বেশ উচ্ছ্বসিত ছিলেন।

তবে কংগ্রেসের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর পর চলচ্চিত্রটির কাজ থেমে যায়। কেন সিনেমাটি নির্মিত হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।

২০১২ সালে মনিকা বেলুচ্চি জানিয়েছিলেন, তিনি ভারতীয় একটি সিনেমায় সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি কাজটি এগিয়ে নেননি। অন্য এক সময় সিনেমাটি না হওয়ার পেছনে আরও কয়েকটি কারণের কথাও বলেছিলেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ বই অবলম্বনে চিত্রনাট্য তৈরির কথা ছিল। তবে বইটির চলচ্চিত্র নির্মাণের স্বত্ব নিয়ে জটিলতার কথাও সামনে আসে।

২০০৬ সালের জুলাইয়ে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক সুনন্দা মুরলি মনোহর বলেছিলেন, ৬০ দিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু কংগ্রেসের আপত্তি ও রাজনৈতিক উদ্বেগের কারণে তারা আর এগোতে পারেননি।

পরিচালক মুন্ধরা তার চিত্রনাট্যকে বিতর্কহীন দাবি করে বলেছিলেন, একজন মানুষ হিসেবে সোনিয়া গান্ধীর প্রতি তার শ্রদ্ধা রয়েছে। ইতালির এক তরুণী কীভাবে একসময় বিশ্বের অন্যতম জনবহুল দেশের নেতৃত্বের পর্যায়ে পৌঁছালেন, সেটিই ছিল তার আগ্রহের বিষয়। তবে কংগ্রেস তার গবেষণার তথ্য সোনিয়া গান্ধীর সঙ্গে ভাগাভাগি করার দাবিও প্রত্যাখ্যান করেছিল। ২০১১ সালে মুন্ধরা মারা যান।

স্মৃতিকথা ঘিরে নতুন চলচ্চিত্রের পরিকল্পনা

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের পর আবারও তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আলোচনা শুরু হয়েছে। তেলেঙ্গানা কংগ্রেসের নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত, জানিয়েছেন, ‘বিলংগিং’ অবলম্বনে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তারা।

তার ভাষ্য, তেলুগু ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় সিনেমাটি নির্মাণের চিন্তা রয়েছে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে না। সোনিয়া গান্ধীর জন্মদিন ৯ ডিসেম্বর এ প্রকল্প নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে। এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে সোনিয়া গান্ধীর জীবন নিয়ে এর আগেও বই প্রকাশকে কেন্দ্র করে বিতর্ক হয়েছে। স্প্যানিশ লেখক হাভিয়ের মোরোর লেখা ‘এল সারি রোহো’ বা ‘দ্য রেড শাড়ি’ তার জীবন নিয়ে লেখা একটি কল্পনানির্ভর জীবনী। ২০০৮ সালে স্পেনে প্রকাশিত বইটি দীর্ঘ আইনি ও রাজনৈতিক জটিলতা পেরিয়ে ২০১৫ সালে ভারতে প্রকাশিত হয়।

নিজের স্মৃতিকথা লেখার অন্যতম কারণ হিসেবে সোনিয়া গান্ধী জানিয়েছেন, তাকে নিয়ে বিভিন্ন সময়ে অনেক অসত্য তথ্য প্রকাশিত হয়েছে। বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, তাকে নিয়ে অনেক কিছু লেখা হলেও সেসব লেখায় তার প্রকৃত সত্তার প্রতিফলন ছিল না।

২০১৪ সালে তিনি নিজের বই লেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে বছর ইউপিএ সরকারের পতনের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং ও মনমোহন সিংয়ের সাবেক গণমাধ্যম উপদেষ্টা সঞ্জয় বারু তাদের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করেন।

নটবর সিং তার স্মৃতিকথা ‘ওয়ান লাইফ ইজ নট এনাফ’-এ দাবি করেন, ২০০৪ সালে সোনিয়া গান্ধী নিজের ‘ইনার ভয়েস’-এর কারণে নয়, বরং ছেলে রাহুল গান্ধীর আশঙ্কার কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেননি। অন্যদিকে সঞ্জয় বারুর ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বইয়ে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বে সোনিয়া গান্ধীর প্রভাব নিয়ে নানা অভিযোগ উঠে আসে।

‘বিলংগিং’ বইয়ে সোনিয়া গান্ধী এসব অভিযোগের জবাব দিয়েছেন। তবে কারও নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, মনমোহন সিংয়ের সাবেক এক সহযোগী তার বিরুদ্ধে পিএমও থেকে নথি আনা, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার মতো অভিযোগ তুলেছিলেন।

এ বিষয়ে সঞ্জয় বারু অবশ্য নিজের বক্তব্যে অটল রয়েছেন। তার দাবি, পিএমওর একজন কর্মকর্তা সোনিয়া গান্ধীকে বিভিন্ন বিষয়ে অবহিত করতেন, তবে তিনি কখনো বলেননি যে নথিপত্র তার কাছে নিয়ে যাওয়া হতো।

বারুর বই অবলম্বনে ২০১৯ সালে নির্মিত হয় ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ চলচ্চিত্র। এতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেন অনুপম খের এবং সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করেন জার্মান অভিনেত্রী সুজান বার্নার্ট।

চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশের পর বিজেপি তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করে। অন্যদিকে কংগ্রেস সিনেমাটিকে ‘ভুয়া প্রচারণা’ বলে আখ্যা দেয়। তবে শেষ পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেয়নি দলটি। সিনেমাটি মুক্তি পেলেও একসময় প্রেক্ষাগৃহ থেকে বিদায় নেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%