ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

এপ্রিল-মার্চ অর্থবছর চালুর জন্য ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়


এপ্রিল-মার্চ অর্থবছর চালুর জন্য ২৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়

ঢাকা, ২২ অক্টোবর ২০২৬ : এপ্রিল-মার্চ অর্থবছর চালুর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কাছে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা চেয়েছে। প্রচলিত জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে এই নতুন কাঠামো কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আইন, বিধিমালা, পরিপত্র, এসআরও, চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয়ের পরিকল্পনা আগামী ২৫ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ থেকে গত ১৫ অক্টোবর জারি করা চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল স্বাক্ষরিত চিঠিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) বিভিন্ন অধিদপ্তর, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ গ্রহণ

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে এপ্রিল-মার্চ অর্থবছর চালু করা হচ্ছে। গত ১৭ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অর্থবছরের মেয়াদ ১২ মাসের পরিবর্তে ৯ মাস নির্ধারণ করে জুলাই থেকে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত করা হয়েছে।

পরবর্তীতে ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করে সরকারি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নতুন অর্থবছর কাঠামো কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনগত ভিত্তি প্রতিষ্ঠার কাজ ২০২৭-২৮ অর্থবছর শুরুর আগেই সম্পন্ন করতে হবে। অর্থবছরের সময়কাল পরিবর্তনের ফলে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, জাতীয় উৎপাদন ও পরিসংখ্যানগত কাঠামো এবং তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যারভিত্তিক ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন ও সমন্বয় করতে হবে।

আইবাস++, ভ্যাট ও ট্রেজারি ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সরকারি ব্যবস্থাগুলো নতুন অর্থবছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট আইন, বিধিমালা, পরিপত্র, এসআরও, চুক্তি, সমঝোতা স্মারক এবং পরিসংখ্যানগত ও তথ্যপ্রযুক্তিগত কাঠামো নিবিড়ভাবে পর্যালোচনা করতে হবে।

আরও পড়ুন: মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল

পর্যালোচনার ভিত্তিতে কোথায় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও সমন্বয় প্রয়োজন তা চিহ্নিত করে সুনির্দিষ্ট ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যক্রম বাস্তবায়ন করা গেলে নতুন অর্থবছর ব্যবস্থায় সরকারি কার্যক্রমের আইনগত ও প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এ নির্দেশনার আওতায় রাজউক, নগর উন্নয়ন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, সরকারি আবাসন পরিদপ্তর ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটকে চিঠি দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে এ নির্দেশনার আওতায় আনা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রশাসন, আইন, পরিকল্পনা ও উন্নয়ন, অডিট, ভূমি ব্যবস্থাপনা, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা এবং আইসিটি শাখাসহ বিভিন্ন শাখাকেও এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

চিঠিতে বলা হয়েছে, অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নিজ নিজ এখতিয়ারভুক্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনা পাঠানোর মাধ্যমে নতুন অর্থবছর কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নেওয়াই এ নির্দেশনার উদ্দেশ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোমোর কাছে ৪-১ গোলে পরাজিত ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


কোমোর কাছে ৪-১ গোলে পরাজিত ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার কোমোর কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে কোচ মাইকেল ক্যারিক সমালোচনার মুখে পড়েছেন।

কোমোর ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নিকো পাজ। আর্জেন্টাইন এই ফুটবলার জোড়া গোল করেছেন। ইতালির ক্লাবটির হয়ে বাকি দুটি গোল করেন তাসোস দুভিকাস ও হাকোবো রামন।

ম্যাচের শেষ পর্যায়ে জশুয়া জির্কজির একটি গোল ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা থেকে রক্ষা করে। তবে সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয়হীন থাকার হতাশা কাটেনি সংকটে থাকা দলটির।

সব প্রতিযোগিতায় টানা তিন ড্র ও তিন হারের বাজে ধারায় ইউনাইটেডের কোচ ক্যারিকের ওপর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গত ৪০ বছরের মধ্যে ঘরোয়া লিগে নিজেদের সবচেয়ে বাজে শুরুর রেকর্ড গড়েছে দলটি।

উত্তর ইতালির ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে খেলতে নেমে রেড ডেভিলসরা নিষ্প্রভ পারফরম্যান্স প্রদর্শন করেছে। কোমোর সামনে তারা কার্যত অসহায় আত্মসমর্পণ করে। ফলে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে ইউনাইটেড তিন পয়েন্টেই আটকে রয়েছে।

গত তিন বছরে সিরি-বি থেকে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় উঠে আসার অবিশ্বাস্য গল্প লিখেছে সেস ফ্যাব্রেগাসের কোমো। তবে তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইউনাইটেডকে এমনভাবে বিধ্বস্ত করার ঘটনা ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা অর্জন হয়ে থাকবে।

স্তাদিও জিউসেপ্পে সিনিগাগ্লিয়ায় আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় পাজ অসাধারণ দুটি ব্যক্তিগত প্রচেষ্টায় গোল করেন। মাঝখানে দুভিকাসও দারুণ দক্ষতায় গোল করেন। পরে রামনের হেডে ব্যবধান ৪-১ করেন তিনি। এই জয়ে লিগ পর্বে কোমোর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।

দুই দলেরই একাধিক খেলোয়াড় চোটে থাকলেও ক্যারিকের একাদশে বড় চমক ছিল ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিটের প্রত্যাবর্তন। ১১ মাস মাঠের বাইরে থাকার পর প্রথমবার খেলতে নামেন তিনি। নিষেধাজ্ঞায় থাকা লেনি ইয়োরোর পরিবর্তে একাদশে জায়গা পান ডি লিট।

শুরুর দিকে দিয়োগো ডালোটের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। কিন্তু সঙ্গে সঙ্গেই পাল্টা আক্রমণে উঠে নিজেদের আক্রমণাত্মক দক্ষতার পরিচয় দেয় কোমো।

বক্সের প্রান্তে বল পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় স্বাগতিকদের স্বপ্নের সূচনা এনে দেন পাজ।

ইউনাইটেডের রক্ষণভাগের পুরোনো দুর্বলতাগুলো আবারও প্রকাশ্যে চলে আসে। গত সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের ম্যাচেও প্রথম মিনিটের মধ্যে গোল হজম করেছিল দলটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ১১ ম্যাচে মাত্র একবার গোল হজম না করার কৃতিত্ব দেখাতে পেরেছে তারা।

গোল পাওয়ার পর কোমোর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। বলের দখল ধরে রেখে তারা ম্যাচ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে দিশাহীন ইউনাইটেড প্রথমার্ধে টার্গেটে কোনো শট নিতে পারেনি। এ সময় দুভিকাস ও মার্টিন বাতুরিনার মাধ্যমে নিজেদের বেশ কয়েকটি আক্রমণ তৈরি করে কোমো।

দলের নিষ্প্রভ পারফরম্যান্সে গতি ফেরাতে বিরতির পর একসঙ্গে দুজন খেলোয়াড় পরিবর্তন করেন ক্যারিক। আন্দ্রে সান্তোস ও মাতেউস কুনিয়ার পরিবর্তে মাঠে নামেন আমাদ দিয়ালো ও কার্লোস বালেবা।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও অসতর্ক হয়ে পড়ে ইউনাইটেড। পাজের বাড়ানো থ্রু বল ধরে গ্রিসের ফরোয়ার্ড দুভিকাস দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটে প্রথম স্পর্শেই বল জালে পাঠান। এতে ব্যবধান দাঁড়ায় ২-০।

কোমোর অধিনায়ক লুকাস দা কুনহা দুর্দান্ত একটি সুযোগ পেয়েও বাইরে মেরে ব্যবধান বাড়াতে ব্যর্থ হন।

তবে গোলের জন্য স্বাগতিক সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মাঝমাঠে দ্বিধাগ্রস্থ বালেবার কাছ থেকে বল কেড়ে নেন পাজ। এরপর দ্রুত এগিয়ে গিয়ে ৫৭ মিনিটে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

বিধ্বস্ত ইউনাইটেডের রক্ষণভাগ এরপর প্রায় চতুর্থ গোল হজম করেই ফেলেছিল। হ্যাটট্রিকের আশায় থাকা পাজের বাঁকানো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন সেন্নে লামেন্স।

ম্যাচ শেষের ১৪ মিনিট আগে আসে কোমোর চতুর্থ গোল। অরক্ষিত অবস্থায় সামনে এগিয়ে এসে সতীর্থের চমৎকার ক্রস থেকে হেডে গোল করেন সেন্টার-ব্যাক রামন।

এই গোলের পর সফরকারী দলের সমর্থকদের অনেকে স্টেডিয়াম ছেড়ে চলে যান। ফলে ম্যাচের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় জির্কজির করা গোলটি অনেকেই দেখতে পারেননি।

ইউনাইটেডের জন্য হতাশার সন্ধ্যায় সেটিই ছিল তাদের একমাত্র উল্লেখযোগ্য ইতিবাচক মুহূর্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেফতার, ৩৭ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেফতার, ৩৭ মামলা দায়ের

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৫৩৪ জনকে গ্রেফতার করেছে। এই সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে দু’জন রয়েছেন।

অভিযান চলাকালীন গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ৪টি চাকু এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোমোর কাছে হতাশাজনক হারের পরও চাকরি নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


কোমোর কাছে হতাশাজনক হারের পরও চাকরি নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে পরাজয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সকল সদস্য হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন কোচ মাইকেল ক্যারিক। তবে চাকরি হারানোর বিষয়ে তিনি উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছেন।

ইতালির ক্লাব কোমোর কাছে স্তাদিও জিউসেপ্পে সিনিগালিয়ায় খেলার সময় তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এই লজ্জাজনক পরাজয়ের ফলে, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন থাকল দলটি।

ইউনাইটেডের এই হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে ক্যারিকের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মৌসুমে লিগে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড গড়েছে তারা। তবে সংবাদ সম্মেলনে ক্যারিক বলেন, চাকরি হারানোর ভয় তিনি করছেন না।

ক্যারিক বলেন, “নিজের অবস্থান নিয়ে আমি একবারও ভাবিনি।”

ম্যাচ শেষে সফরকারী সমর্থকদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি তার ওপর বাড়তে থাকা চাপের সঙ্গে সম্পর্কিত, এমন ধারণাও তিনি নাকচ করেছেন। ওল্ড ট্র্যাফোর্ডের কোচ বলেন, “আমি সব সময়ই সমর্থকদের কাছে যাই। কেন গিয়েছি, তার পেছনে বিশেষ কোনো ভিন্ন কারণ ছিল না। গত কয়েক সপ্তাহ ধরে, বিশেষ করে আজ রাতে, তাদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও স্বীকৃতি জানাতেই গিয়েছিলাম।”

ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই নিকো পাজের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এর ফলে, বড় ইউরোপীয় প্রতিযোগিতায় টানা দুই ম্যাচের প্রথম দুই মিনিটের মধ্যে গোল হজম করা প্রথম ইংলিশ দল হয়ে ওঠে তারা। গত সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের ম্যাচেও এক মিনিটের মাথায় গোল হজম করেছিল ইউনাইটেড।

সেস ফাব্রেগাসের দল উত্তর ইতালিতে দুর্দান্ত খেলতে খেলতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। পরে বদলি হিসেবে নামা জশুয়া জির্কজির যোগ করা সময়ে করা গোলে ব্যবধান কিছুটা কমে। তবে ইউনাইটেড যেভাবে প্রতিপক্ষের কাছে সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্যারিক।

তিনি বলেন, “আমাদের এভাবে খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। লিডসের বিপক্ষে (১-১ গোলে ড্র) আমরা যে পারফরম্যান্স দেখিয়েছিলাম, সেটির ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম।”

“সেখানে আমাদের মধ্যে যে তীব্রতা, মানসিকতা, আগ্রাসন এবং সবকিছু উজাড় করে দেওয়ার প্রকৃত মানসিকতা ছিল, আজকের পারফরম্যান্স ছিল তার সম্পূর্ণ বিপরীত। সত্যি বলতে, খেলাটি দেখা ছিল কষ্টকর।”

ক্যারিক আরও বলেন, “খেলা দেখার সময় আমার মাথায় অনেক কিছু ঘুরছিল। লিডসের বিপক্ষে পারফরম্যান্সের সঙ্গে আজকের পারফরম্যান্স এতটা আলাদা কীভাবে হতে পারে, তা সত্যিই বোঝা কঠিন।”

“এমনটা হওয়া উচিত নয়। আমরা সবাই ভালো খেলতে পারি, আবার খারাপও খেলতে পারি। কিন্তু এভাবে খেলা একেবারেই ঠিক নয়।”

ক্যারিকের দলের পরবর্তী ম্যাচ রোববার, নিজেদের মাঠে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

ক্যারিক বলেন, “আমি হতাশ, শুধু হতাশই নই, সত্যি বলতে ভীষণ রাগান্বিত।”

“এখন সামনে এগোতে হবে, পরবর্তী পরিস্থিতি সামলাতে হবে এবং সামনে কী অপেক্ষা করছে, তা দেখতে হবে। পরবর্তী ম্যাচের আগে দলকে প্রস্তুত করতে অনেক কিছু করতে হবে। আজকের রাতটি সবার জন্যই কঠিন ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে পানির অভাবে আমন ধানের খেত ফেটে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


পীরগঞ্জে পানির অভাবে আমন ধানের খেত ফেটে গেছে

রংপুর, ২২ অক্টোবর, ২০২৬ : পীরগঞ্জ উপজেলার কৃষকরা প্রচণ্ড গরম ও বৃষ্টির অভাবে আমন ধানের খেত নিয়ে সমস্যায় পড়েছেন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে ধানের জমিতে সেচের অভাব দেখা দিয়েছে। কিছু জায়গায় জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। কৃষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে, এতে ধান গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে।

সরেজমিনে রায়পুর, বড় দরগা ও পৌর এলাকা পরিদর্শন করে দেখা গেছে, আমন ধানের মৌসুমে নিয়মিত বৃষ্টির ওপর নির্ভরশীলতা রয়েছে। কিন্তু এবারের মৌসুমে বৃষ্টিপাতের অভাবে জমির আর্দ্রতা কমে গেছে। তীব্র রোদ ও গরমের কারণে মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে, ফলে ধান গাছ সতেজ রাখা কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে অনেক কৃষক সেচের মাধ্যমে জমিতে পানি দেওয়ার চেষ্টা করছেন। তবে অতিরিক্ত সেচের কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। সময়মতো বৃষ্টি না হলে ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৩২ হাজার ৮শ’ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। চলতি মৌসুমে ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করেছেন কৃষকরা।

বড় দরগা ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাক বাসস’কে জানিয়েছেন, ‘ধানের জমিতে পানি নেই। বাধ্য হয়ে সেচ দিতে হচ্ছে। এতে খরচ অনেক বেড়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে বৃষ্টি না হলে ফলন নিয়ে বিপদে পড়ব। এসময় জমিতে পানি না হলে ব্যাপক ক্ষতি হবে ধানের।’

রায়পুরের কৃষক মজনু মিয়া বলেছেন, ‘জমির মাটি ফেটে গেছে। ধান গাছের বৃদ্ধি আগের মতো নেই। এখন আল্লাহর রহমতে বৃষ্টি ছাড়া কোনো উপায় দেখছি না। আমন ধান আমাদের সারা বছরের খাদ্য ও আয়ের অন্যতম উৎস। তাই দ্রুত বৃষ্টি দরকার।’

আলমপুরের কৃষক মাহামুদুল হাসান বাসস’কে জানিয়েছেন, এসময় আমন ধানের জমিতে প্রচুর পানির প্রয়োজন। ধান গাছে শীষ বের হওয়ার সময় পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টিপাত কম হওয়ায় জমি শুকিয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে সেচ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ছে।

কাবিলপুরের কৃষক নজরুল ইসলাম বলেছেন, ‘বর্ষা মৌসুমে সাধারণত বৃষ্টির পানির ওপর নির্ভর করেই আমরা আমন ধানের চাষ করি। কিন্তু সময়মতো বৃষ্টি না হলে জমিতে পানির সঙ্কট দেখা দেয়। তখন বিকল্প উপায়ে সেচের ব্যবস্থা করতে হয়। এতে বাড়তি টাকা খরচ হয়। পাশাপাশি সময় এবং শ্রম দুটোই বেশি লাগে। তাই স্বল্প খরচে সেচের পানির ব্যবস্থা করা গেলে অনেক উপকার হতো।’

পৌরসভার কৃষক রানু মিয়া বলেছেন, এখন ধানের শীষ বের হওয়ার সময় জমিতে পানির প্রয়োজন। কৃষকরা অনেক আশা নিয়ে ধান চাষ করেন, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকলে সেই আশা পূরণ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বাসস’কে জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতিতে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে এবং জমির আর্দ্রতা ধরে রাখতে হবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করছি, আগামী দিনে বৃষ্টিপাত হলে ধানের ক্ষতি অনেকটাই কমে আসবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%