বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০১:৪৩ পি.এম
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৫৩৪ জনকে গ্রেফতার করেছে। এই সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে দু’জন রয়েছেন।
অভিযান চলাকালীন গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ৪টি চাকু এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে পরাজয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সকল সদস্য হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন কোচ মাইকেল ক্যারিক। তবে চাকরি হারানোর বিষয়ে তিনি উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছেন।
ইতালির ক্লাব কোমোর কাছে স্তাদিও জিউসেপ্পে সিনিগালিয়ায় খেলার সময় তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এই লজ্জাজনক পরাজয়ের ফলে, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন থাকল দলটি।
ইউনাইটেডের এই হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে ক্যারিকের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মৌসুমে লিগে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড গড়েছে তারা। তবে সংবাদ সম্মেলনে ক্যারিক বলেন, চাকরি হারানোর ভয় তিনি করছেন না।
ক্যারিক বলেন, “নিজের অবস্থান নিয়ে আমি একবারও ভাবিনি।”
ম্যাচ শেষে সফরকারী সমর্থকদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি তার ওপর বাড়তে থাকা চাপের সঙ্গে সম্পর্কিত, এমন ধারণাও তিনি নাকচ করেছেন। ওল্ড ট্র্যাফোর্ডের কোচ বলেন, “আমি সব সময়ই সমর্থকদের কাছে যাই। কেন গিয়েছি, তার পেছনে বিশেষ কোনো ভিন্ন কারণ ছিল না। গত কয়েক সপ্তাহ ধরে, বিশেষ করে আজ রাতে, তাদের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও স্বীকৃতি জানাতেই গিয়েছিলাম।”
ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই নিকো পাজের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এর ফলে, বড় ইউরোপীয় প্রতিযোগিতায় টানা দুই ম্যাচের প্রথম দুই মিনিটের মধ্যে গোল হজম করা প্রথম ইংলিশ দল হয়ে ওঠে তারা। গত সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের ম্যাচেও এক মিনিটের মাথায় গোল হজম করেছিল ইউনাইটেড।
সেস ফাব্রেগাসের দল উত্তর ইতালিতে দুর্দান্ত খেলতে খেলতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। পরে বদলি হিসেবে নামা জশুয়া জির্কজির যোগ করা সময়ে করা গোলে ব্যবধান কিছুটা কমে। তবে ইউনাইটেড যেভাবে প্রতিপক্ষের কাছে সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্যারিক।
তিনি বলেন, “আমাদের এভাবে খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। লিডসের বিপক্ষে (১-১ গোলে ড্র) আমরা যে পারফরম্যান্স দেখিয়েছিলাম, সেটির ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম।”
“সেখানে আমাদের মধ্যে যে তীব্রতা, মানসিকতা, আগ্রাসন এবং সবকিছু উজাড় করে দেওয়ার প্রকৃত মানসিকতা ছিল, আজকের পারফরম্যান্স ছিল তার সম্পূর্ণ বিপরীত। সত্যি বলতে, খেলাটি দেখা ছিল কষ্টকর।”
ক্যারিক আরও বলেন, “খেলা দেখার সময় আমার মাথায় অনেক কিছু ঘুরছিল। লিডসের বিপক্ষে পারফরম্যান্সের সঙ্গে আজকের পারফরম্যান্স এতটা আলাদা কীভাবে হতে পারে, তা সত্যিই বোঝা কঠিন।”
“এমনটা হওয়া উচিত নয়। আমরা সবাই ভালো খেলতে পারি, আবার খারাপও খেলতে পারি। কিন্তু এভাবে খেলা একেবারেই ঠিক নয়।”
ক্যারিকের দলের পরবর্তী ম্যাচ রোববার, নিজেদের মাঠে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
ক্যারিক বলেন, “আমি হতাশ, শুধু হতাশই নই, সত্যি বলতে ভীষণ রাগান্বিত।”
“এখন সামনে এগোতে হবে, পরবর্তী পরিস্থিতি সামলাতে হবে এবং সামনে কী অপেক্ষা করছে, তা দেখতে হবে। পরবর্তী ম্যাচের আগে দলকে প্রস্তুত করতে অনেক কিছু করতে হবে। আজকের রাতটি সবার জন্যই কঠিন ছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুর, ২২ অক্টোবর, ২০২৬ : পীরগঞ্জ উপজেলার কৃষকরা প্রচণ্ড গরম ও বৃষ্টির অভাবে আমন ধানের খেত নিয়ে সমস্যায় পড়েছেন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে ধানের জমিতে সেচের অভাব দেখা দিয়েছে। কিছু জায়গায় জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। কৃষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে, এতে ধান গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে।
সরেজমিনে রায়পুর, বড় দরগা ও পৌর এলাকা পরিদর্শন করে দেখা গেছে, আমন ধানের মৌসুমে নিয়মিত বৃষ্টির ওপর নির্ভরশীলতা রয়েছে। কিন্তু এবারের মৌসুমে বৃষ্টিপাতের অভাবে জমির আর্দ্রতা কমে গেছে। তীব্র রোদ ও গরমের কারণে মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে, ফলে ধান গাছ সতেজ রাখা কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে অনেক কৃষক সেচের মাধ্যমে জমিতে পানি দেওয়ার চেষ্টা করছেন। তবে অতিরিক্ত সেচের কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। সময়মতো বৃষ্টি না হলে ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৩২ হাজার ৮শ’ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। চলতি মৌসুমে ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করেছেন কৃষকরা।
বড় দরগা ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাক বাসস’কে জানিয়েছেন, ‘ধানের জমিতে পানি নেই। বাধ্য হয়ে সেচ দিতে হচ্ছে। এতে খরচ অনেক বেড়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে বৃষ্টি না হলে ফলন নিয়ে বিপদে পড়ব। এসময় জমিতে পানি না হলে ব্যাপক ক্ষতি হবে ধানের।’
রায়পুরের কৃষক মজনু মিয়া বলেছেন, ‘জমির মাটি ফেটে গেছে। ধান গাছের বৃদ্ধি আগের মতো নেই। এখন আল্লাহর রহমতে বৃষ্টি ছাড়া কোনো উপায় দেখছি না। আমন ধান আমাদের সারা বছরের খাদ্য ও আয়ের অন্যতম উৎস। তাই দ্রুত বৃষ্টি দরকার।’
আলমপুরের কৃষক মাহামুদুল হাসান বাসস’কে জানিয়েছেন, এসময় আমন ধানের জমিতে প্রচুর পানির প্রয়োজন। ধান গাছে শীষ বের হওয়ার সময় পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টিপাত কম হওয়ায় জমি শুকিয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে সেচ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ছে।
কাবিলপুরের কৃষক নজরুল ইসলাম বলেছেন, ‘বর্ষা মৌসুমে সাধারণত বৃষ্টির পানির ওপর নির্ভর করেই আমরা আমন ধানের চাষ করি। কিন্তু সময়মতো বৃষ্টি না হলে জমিতে পানির সঙ্কট দেখা দেয়। তখন বিকল্প উপায়ে সেচের ব্যবস্থা করতে হয়। এতে বাড়তি টাকা খরচ হয়। পাশাপাশি সময় এবং শ্রম দুটোই বেশি লাগে। তাই স্বল্প খরচে সেচের পানির ব্যবস্থা করা গেলে অনেক উপকার হতো।’
পৌরসভার কৃষক রানু মিয়া বলেছেন, এখন ধানের শীষ বের হওয়ার সময় জমিতে পানির প্রয়োজন। কৃষকরা অনেক আশা নিয়ে ধান চাষ করেন, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকলে সেই আশা পূরণ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বাসস’কে জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতিতে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে এবং জমির আর্দ্রতা ধরে রাখতে হবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করছি, আগামী দিনে বৃষ্টিপাত হলে ধানের ক্ষতি অনেকটাই কমে আসবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাশিয়া গতরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরে দেশের কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করে। হামলায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর আশ্রয়কেন্দ্রে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। হামলার কিছুক্ষণ আগে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে নীতিগতভাবে সম্মত হওয়ার ইঙ্গিত দেয়।
মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, যুদ্ধ অবসানের ক্ষেত্রে তারা ‘এতটা কাছাকাছি আগে কখনো আসেননি।’
এএফপি থেকে কিয়েভের খবর অনুযায়ী, হামলার পর শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন এবং চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের বিমানবাহিনী সতর্কবার্তা দেয় যে কিয়েভের দিকে ‘আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে’। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।
রুশ কর্তৃপক্ষ জানায়, রাতের হামলায় তারা বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করেছে, এর মধ্যে মস্কোর দিকে উড়ে আসা ১৬০টিরও বেশি ড্রোন রয়েছে।
মঙ্গলবার অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে উইটকফ রাশিয়ায় যান। ওই বৈঠকের উদ্দেশ্য ছিল ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তিক্ত বিরোধ প্রশমিত করা।
পুতিনের সঙ্গে আলোচনায় দূর থেকে অংশ নেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, নভেম্বরের মাঝামাঝি সময়ে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া ‘নীতিগতভাবে প্রস্তুত’। তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের পর এ আলোচনা শুরু হতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন পুতিন। এরপর থেকে তিনি জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছেন। পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলে নেওয়ার বিষয়ে মস্কোর অভিপ্রায়ও প্রকাশ করেছেন।
‘এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি’-
উশাকভ বলেন, অসলো বৈঠকে ইউরোপীয় দেশগুলো ও কিয়েভের অবস্থানে নতুন দিক উঠে এসেছে, সে বিষয়ে উইটকফ পুতিনকে অবহিত করেছেন। তবে তিনি উল্লেখ করেন, এসব প্রস্তাবে ‘আসলে তেমন কোনো সারবস্তু ছিল না।’
তিনি জানান, আগামী মাসে চীনের শেনজেনে পুতিন, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে একটি শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে। তিনি একে ‘ইতিহাসে এ ধরণের প্রথম বৈঠক’ বলে অভিহিত করেন।
বৈঠকে ট্রাম্পের অনুরোধে হাবার্ডকে মুক্তি দেওয়ায় পুতিনের প্রশংসা করেন উইটকফ। সত্তরের কোঠায় থাকা অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক হাবার্ড বরাবরই ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
উইটকফ পুতিনকে বলেন, ‘আপনি আমার প্রেসিডেন্ট ট্রাম্পকে মানবতাবাদী হিসেবে উল্লেখ করতে শুনেছেন। আপনিও একজন মানবতাবাদী, মহোদয়। এ জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উইটকফ বলেন, পুতিনের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ ছিল। তবে ‘এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে’।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কৌশলগত পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে।
২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক বছরের বেশি সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
এ যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের প্রতি হতাশা প্রকাশ করে ট্রাম্প আবারও দেশটি থেকে মনোযোগ সরিয়ে পুতিনের দিকে ঝুঁকেছেন।
তিনি দাবি করেন, ইরান যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম কমাতে রাশিয়ার ডিজেল বিক্রির বিষয়ে একটি চুক্তি হয়েছে।
এদিকে, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তও পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। বুধবার তিনি এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, হাবার্ডের মুক্তি নিশ্চিত করতে এটি প্রয়োজন ছিল।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনি যদি ওই নিষেধাজ্ঞা আরোপ করতেন, তাহলে তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হতো। তাকে আর কখনো দেখতে পেতেন না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভও ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত। তিনি সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব এ বৈঠকের আয়োজনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা এতে সম্মত।’
পুতিনের সঙ্গে উইটকফের নবম বৈঠকের সময় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা অব্যাহত ছিল। শীতকাল সামনে রেখে এসব হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার হামলায় ইউক্রেনে চারজন নিহত
ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, বুধবার রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানী কিয়েভে দুজন এবং পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে এক বয়স্ক দম্পতি রয়েছেন।
অন্যদিকে, রুশ দখলাধীন লুহানস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, একটি টেলিফোন কোম্পানিতে ইউক্রেনের ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার উইটকফ ও জেলেনস্কির বৈঠকের আগে কয়েক দিন ধরে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে উত্তেজনা চলছিল। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান ট্রাম্প।
পুতিনের সঙ্গে বৈঠকে উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনায় ‘কিছুটা অগ্রগতির গতি’ দেখা যাচ্ছে।
রাশিয়ার সঙ্গে ডিজেল বিক্রির চুক্তির জন্যও পুতিনকে ধন্যবাদ জানান মার্কিন দূত। এ চুক্তি কিয়েভ ও ইউরোপজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটির ভোক্তাদের জ্বালানির দাম কমানোর প্রচেষ্টা হিসেবে এ চুক্তিকে দেখা হচ্ছে। ওই নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঝুঁকি কমানোর লক্ষ্যে ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ, চালকদের দক্ষতা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করে সংস্কার করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায় নিরাপদ সড়ক চাই (নিসচা)।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে আজ রাজধানীতে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই আহ্বান করা হয়। নিসচার উদ্যোগে সকাল ১১টায় কাকরাইলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
র্যালিতে নিসচার উপদেষ্টা, আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশ সাইকেল লেন এবং নিসচার মুন্সীগঞ্জ, ঢাকা, ধামরাই, পলাশ, নারায়ণগঞ্জ, লৌহজং, শিবপুর, সাভার ও ঠাকুরগাঁও শাখার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইন মেনে চলা, চালক ও যাত্রীর নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে নিসচার নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা কোনো অনিবার্য ঘটনা নয়। পরিকল্পিত উদ্যোগ, বিদ্যমান আইন ও বিধির যথাযথ প্রয়োগ, দক্ষ চালক তৈরি এবং সড়ক ব্যবহারকারীদের সচেতন আচরণের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। এজন্য সড়ক নিরাপত্তাকে বিচ্ছিন্ন কোনো কর্মসূচি হিসেবে না দেখে নিয়মিত ও সমন্বিত জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।
নিসচার পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইন ও বিধির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, ট্রাফিক আইন লঙ্ঘন, বিপজ্জনক গতিতে গাড়ি চালানো, ভুল পথে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং যানবাহনের কাগজপত্র ও ফিটনেসসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চালকদের দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রশিক্ষণ, পরীক্ষার মান এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়া আরও কার্যকর করার সুপারিশ করেন নেতৃবৃন্দ। চালকদের শারীরিক সক্ষমতা, বিশ্রাম ও কর্মঘণ্টার বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ক্লান্তি ও অদক্ষতার কারণে সৃষ্ট দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীবাহী ও পণ্যবাহী সব ধরনের গাড়ির নিয়মিত ফিটনেস পরীক্ষা এবং ত্রুটিপূর্ণ ও অনুপযোগী যান চলাচল বন্ধে ধারাবাহিক নজরদারির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে নিসচা দেশের সর্বস্তরের মানুষকে সড়ক আইন মেনে চলা, নিরাপদ গতিতে যানবাহন চালানো, ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার এবং সড়কে অন্যের অধিকার ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ