০৩:৫৩ পি.এম
টি-টোয়েন্টির যুগে যেখানে ব্যাটারদের লক্ষ্য দ্রুত রান তোলা এবং চার-ছক্কার বৃষ্টিতে ভাসা, সেখানে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার ম্যাক্স ফিল্ড ১৩২ বল খেলে এক রানও না করেও আলোচনায় উঠে এসেছেন। ব্যাট হাতে রানের খাতা খোলার সুযোগ না পেলেও, তিনি উইকেট রক্ষা করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে ম্যাচের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।
সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস মুখোমুখি হয়। ম্যাচের শেষের দিকে দলের বিপর্যয় সামাল দিতে ক্রিজে অবিচল ছিলেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করতে চেয়েছিল, অন্যদিকে ফিল্ডের লক্ষ্য ছিল যতটা সম্ভব উইকেট রক্ষা করা।
ফিল্ড তার লক্ষ্যে সফল হয়েছেন। ১৩২ বল মোকাবিলা করে কোনো রান না করলেও, আধুনিক ক্রিকেটের দ্রুত রান তোলার প্রবণতার বিপরীতে, তার কাছে দলের উইকেট রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নর্দার্ন সাবআর্বস ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। এর জবাবে, ইস্টার্ন সাবআর্বস তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয় এবং ফলে তারা ফলোঅনে পড়ে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন সাবআর্বস ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যায়। ৪৬ ওভার ব্যাট করে তারা ৬৬ রান সংগ্রহ করার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন। ফলে ইস্টার্ন সাবআর্বস পরাজয়ের হাত থেকে রক্ষা পায়।
ফিল্ডের ধৈর্যশীল ব্যাটিং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ হিসেবে আখ্যা দিচ্ছেন। রান না করেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার এই উদাহরণ ১৩২ বলের ইনিংসে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন