প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসার জন্য মেশিন স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা থাকবে না। ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে এবং মেশিন ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীস্থ জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬-এ ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারনের সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে রোগীরা আধুনিক চিকিৎসাসেবা নিজের দেশে পেতে পারেন।
তিনি উল্লেখ করেন, ক্যানসার প্রতিরোধে যা কিছু করণীয়, সরকার তার সবকিছু করবে। স্বাস্থ্যখাতের বাজেটের একটি বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যয় করা হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছে। প্রয়োজন হলে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
স্বাস্থ্য খাতে অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এ খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না।
তিনি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না।
অনুষ্ঠানে জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন