প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা শহরে, নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে, গুরুত্বপূর্ণ দুটি স্থাপনার নিকটে এই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং তারা পালিয়ে যায়।
আদালতের নিরাপত্তাকর্মী এস এম মুরাদ আহমেদ জানিয়েছেন, ককটেলটি নিক্ষেপের পর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর আদালতের কর্মীরা দ্রুত পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
এর কিছুক্ষণ পর, আদালতের পাশের সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণ ঘটে। মাঠের মাঝামাঝি ও সার্কিট হাউজের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় বিকট শব্দ শোনা যায়। এ সময় আশপাশের টাউন ক্লাব ও চায়ের দোকানে উপস্থিত লোকজন ছুটে আসেন। কয়েকজনকে সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করতে দেখা যায়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, তারা চায়ের দোকানে বসে ছিলেন এবং হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে মনে করেন যে টায়ার বিস্ফোরণ হয়েছে। পরে তারা কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।
ঘটনার পর সার্কিট হাউজ এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত হন। তবে বিস্ফোরণে ব্যবহৃত বস্তু এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে তিনি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
এর আগে, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে খুলনা সিটি করপোরেশন ভবনেও পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পরপর গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন