০৯:২৪ পি.এম
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি’ টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল একটি উড়ন্ত সূচনা করেছে। ওপেনার শেখ জারিফ সিয়ামের চোখ ধাঁধানো ৯৯ রানের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৪৬ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে পরাজিত করেছে।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের উদ্দেশ্য ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা। সিয়াম এই টুর্নামেন্টে নিজের জাত চিনিয়েছেন। তিনি মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। তবুও, সিয়ামের দুর্দান্ত ইনিংসের উপর ভিত্তি করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে ৩২৯ রানের বিশাল সংগ্রহ গড়ে।
সকালের বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফরিদ হাসান। ব্যাটিং শুরু করেই সিয়াম প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন। সিয়ামের মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৩ রানের সূচনা করে অনূর্ধ্ব-১৯ দল। সিয়ামের সঙ্গী আবদুল্লাহ মুহি ১১ রানে আউট হন। এরপর তিন নম্বরে নামা অদ্রিত ঘোষ ৫ রানে ফিরে গেলে ৫৯ রানে ২ উইকেট হারায় অনূর্ধ্ব-১৯ দল।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
তৃতীয় উইকেটে সিয়াম এবং আহসান আলী মুমিন ১৪১ রানের জুটি গড়েন। সিয়াম ৩৯ বলে ৬টি চার মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। অর্ধশতকের পর তিনি আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন।
কিন্তু সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছানোর পর মুমিনের সাথে ভুল বোঝাবুঝির কারণে রানআউট হন সিয়াম। তিনি ৯৯ রান করে সাজঘরে ফেরেন। সিয়ামের ৭৬ বলের ইনিংসে ১২টি চার এবং তিনটি ছক্কা ছিল।
এরপর মুমিন ৬৭ রানে বিদায় নেন। তবে অধিনায়ক ফরিদের ৬২ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে ৩২৯ রানের বড় সংগ্রহ পায়।
৩৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে অনূর্ধ্ব-১৭ দলের ব্যাটাররা প্রতিপক্ষের বোলারদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তারা ২৯ দশমিক ১ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
দলের হয়ে মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হন, এর মধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন ইমরান ভূঁইয়া।
দুর্দান্ত বোলিংয়ে অনূর্ধ্ব-১৯ দলের জয়ে অবদান রাখা শাকিল খান ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া আতিকুর রহমান ও তাফিউল আলম দুটি করে উইকেট শিকার করেন।
সিয়াম ৯৯ রান করার পাশাপাশি অফ-স্পিন ঘূর্ণিতে মাত্র ১০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন। অলরাউন্ড পারফরমেন্সের কারণে তিনি ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন