ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর শাহ আলীতে শিশু ধর্ষণে অভিযুক্ত সুমন কারাগারে


রাজধানীর শাহ আলীতে শিশু ধর্ষণে অভিযুক্ত সুমন কারাগারে

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া প্রতিবেশী সুমন মিয়াকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) পুলিশ সুমনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার রাত ৮টার দিকে শাহ আলী রয়েল সিটি পকেট গেট সংলগ্ন একটি বাসা থেকে পুলিশ সুমনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হন। শিশুটির মা পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ১০১ স্কুলের ৫,৮৯৫ শিক্ষার্থীর হাতে বইপড়ার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


চট্টগ্রামে ১০১ স্কুলের ৫,৮৯৫ শিক্ষার্থীর হাতে বইপড়ার পুরস্কার

চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২৬ : বিশ্বসাহিত্য কেন্দ্রের বছরব্যাপী স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচির আওতায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের ১০১টি স্কুলের ৫ হাজার ৮৯৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরের জিইসি কনভেনশন সেন্টারে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৬১৬ জন ‘শুভেচ্ছা’, ১ হাজার ১৫০ জন ‘অভিনন্দন’ এবং ১২৯ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে। এর মধ্যে ৪ হাজার ১৪৩ জন ছাত্রী এবং ১ হাজার ৭৫২ জন ছাত্র রয়েছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া ৯৪টি স্কুলের শিক্ষার্থীরা সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করেন। অন্যদিকে, বাকি সাতটি স্কুলের ৩০৮ শিক্ষার্থীর পুরস্কার আয়োজকদের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অর্পণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিক্ষার্থীদের বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ ও মানবিকতা বিকাশের প্রয়োজন রয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘বই আমাদের অতীত ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত করে। মানবিকতাকে জাগিয়ে তুলতে আমাদের বই পড়তে হবে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন খান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে বই পড়ার কোনো বিকল্প নেই।’

বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী সভাপতি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি পারভীন মাহমুদ এফসিএ শিক্ষার্থীদের নিজেদের জানার, স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি, স্থপতি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী বলেন, ‘বই পড়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ মিনহাজ উল আলম, বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক অ্যালেক্স আলীম প্রমুখ।

অনুষ্ঠানের ভেন্যুতে ‘অনলাইন সেফটি কর্নার’ও স্থাপন করা হয়। সেখানে শিশুদের অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে অভিভাবক ও শিক্ষকদের তথ্য প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগদা থানার অভিযানে গ্রেফতার ১২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


মুগদা থানার অভিযানে গ্রেফতার ১২

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় মুগদা থানার পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুগদা থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আলম (৫২), মো. খোরশেদ আলম (৪৭), ইখলাস হোসেন (২০), সবুজ(২১), মো. সজীব হোসেন (২১), দ্বীন ইসলাম (৩৫), মো. নুর হোসেন (২৫), মো. আব্বাস (২৮), মো. রাজু (২৪), মো. শাহাদাৎ হোসেন (২৬), মো. দুলাল (৩০), এবং মো. রায়হান (১৯)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘তোমরা নিজেদের তৈরি করো। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তোমাদের গড়ে উঠতে হবে। নিজেদের যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।’

তিনি এসব কথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন।

শাহবাগে শহীদ ওসমান হাদী চত্বরে অনুষ্ঠিত এই ছাত্র সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

চরমোনাই পীর উল্লেখ করেন, ‘দেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। অন্যান্য অনেক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেশে অরাজকতা, সন্ত্রাস, দখলদারিত্ব ও নানা ধরনের অপকর্মের পরিবেশ তৈরি হয়েছে। এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রজীবন হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে নিজেদের আদর্শিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।’

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি ছাত্র সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে এমন নেতৃত্ব তৈরি করতে হবে, যারা সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি নিজেদেরকে ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত করতে পারি, তাহলে আমাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা পতপত করে উড়বে।’

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানও বক্তব্য রাখেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অন্যতম প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিন আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নূরুল করিম আকরাম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ-এর সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি এ বি এম জাকারিয়া এবং ইসলামী আইনজীবী পরিষদ-এর কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়া। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীলও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ মাস আগেই বিপর্যয়ের সতর্কতা, হিমালয়ের হিমবাহ নিয়ে যা বলেছিলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:২১ পি.এম


৫ মাস আগেই বিপর্যয়ের সতর্কতা, হিমালয়ের হিমবাহ নিয়ে যা বলেছিলেন বিজ্ঞানীরা

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসের পর বিজ্ঞানীরা এখন দুর্যোগটির কারণ অনুসন্ধানের কাজে ব্যস্ত রয়েছেন। এ অবস্থায় সামনে এসেছে পাঁচ মাস আগে প্রকাশিত দুটি বৈজ্ঞানিক গবেষণার তথ্য। গত মার্চে প্রকাশিত ওই গবেষণাগুলোতে হিন্দু কুশ হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল এবং এর ফলে ভবিষ্যতে তৈরি হতে পারে এমন ঝুঁকির ব্যাপারে সতর্ক করা হয়েছিল।

কাঠমান্ডু ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিন্দু কুশ হিমালয় অঞ্চলের হিমবাহগুলো আগের তুলনায় দ্রুত গতিতে গলছে। সহস্রাব্দের শুরু থেকে বরফ হারানোর হার দ্বিগুণ হয়ে গেছে। ১৯৭৫ সালের পর থেকে কিছু হিমবাহের বরফের পুরুত্ব ২৭ মিটার পর্যন্ত কমেছে বলেও প্রতিবেদনে দেখা যায়।

গবেষণাগুলোতে সতর্ক করা হয়েছিল যে, হিমবাহের এই পরিবর্তনের প্রভাব শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। বরং ভবিষ্যতে ভাটির অঞ্চলে বসবাসকারী প্রায় ২০০ কোটি মানুষের পানি, খাদ্য, বিদ্যুৎ ও জীবিকার ওপর এর প্রভাব পড়তে পারে।

নেপালের সাম্প্রতিক দুর্যোগের পর বিজ্ঞানীরা সেই পরিবর্তনগুলোর দিকে নজর দিচ্ছেন। গত বুধবারের আকস্মিক পাহাড়ি ঢলের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে গবেষণার পাশাপাশি উচ্চ পার্বত্য এলাকায় বরফ ও পাথরের ধসের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞানীদের উদ্বেগের আরেকটি কারণ হলো, ৪ হাজার মিটার এবং এর বেশি উচ্চতায় যেসব এলাকায় একসময় তুষারপাত হতো, সেখানে এখন বৃষ্টিপাতের ঘটনা ঘটছে। ভারতের দেরাদুন ভিত্তিক ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজির একজন বিজ্ঞানী এনডিটিভিকে বলেন, উচ্চতার এসব এলাকায় তুষারের পরিবর্তে বৃষ্টি হওয়া এবং হিমবাহ দ্রুত পিছু হটার বিষয়টি বৈশ্বিক উষ্ণায়নের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে।

মার্চের একটি গবেষণায় বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে হিন্দু কুশ হিমালয়ের হিমবাহগুলো তাদের মোট আয়তনের প্রায় ১২ শতাংশ এবং আনুমানিক বরফ মজুদের ৯ শতাংশ হারিয়েছে।

অন্য একটি গবেষণায় ৩৮টি পর্যবেক্ষণ করা হিমবাহের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০০০ সালের পর হিমবাহ ক্ষয়ের হার দ্বিগুণ হয়ে গেছে। গবেষকদের মতে, এই প্রবণতা হিমালয়ের কিছু বরফাবৃত অঞ্চলকে এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আগের অবস্থায় ফিরে যাওয়া কঠিন হতে পারে।

নেপালের সাম্প্রতিক বন্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। তবে গবেষকেরা ধারণা করছেন, কোনো উচ্চ পার্বত্য এলাকা থেকে বরফ ও পাথরের ধস নেমে এসে ভোতে কোশি নদীর উপনদী লেন্দে খোলায় প্রবেশ করে থাকতে পারে। এতে বিপুল পরিমাণ পানি, পলি ও পাথর নিচের দিকে নেমে তীব্র স্রোত তৈরি হয়ে থাকতে পারে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ইন্দোরের সহযোগী অধ্যাপক মহম্মদ ফারুক আজম বলেন, এই পরিস্থিতির সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে। তাঁর মতে, বরফের আস্তরণ কমে যাওয়া ও হিমবাহ পিছু হটার ফলে আরও বেশি পাথুরে ও অনুর্বর এলাকা উন্মুক্ত হচ্ছে। এসব এলাকা বেশি তাপ শোষণ করায় পাহাড়ের ঢাল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে তিনিও স্পষ্ট করেছেন, নেপালের এই নির্দিষ্ট দুর্যোগের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হিমবাহ পিছু হটা ও চিরহিমায়িত অঞ্চল ক্ষয়ের কারণে বরফের আস্তরণ কমে যাওয়ার বিষয়টি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

হিন্দু কুশ হিমালয়ে মেরু অঞ্চলের বাইরে বিশ্বের অন্যতম বড় বরফের মজুদ রয়েছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী, ৫৫ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়ে থাকা এই অঞ্চলে ৬৩ হাজার ৭০০টিরও বেশি হিমবাহ রয়েছে। এসব হিমবাহ এশিয়ার ১০টি প্রধান নদী ব্যবস্থার উৎস এবং কোটি কোটি মানুষের খাদ্য, পানি, বিদ্যুৎ ও জীবিকার সঙ্গে যুক্ত।

সংস্থাটির মার্চের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলটির অন্তত ৭৮ শতাংশ উচ্চতা নির্ভর উষ্ণায়নের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

হিমবাহ ক্ষয়ের মাত্রা অবশ্য সব অঞ্চলে সমান নয়। সবচেয়ে বেশি শতাংশ আয়তন ক্ষয় হয়েছে পূর্ব হেংডুয়ান শান পর্বতমালায়। সেখানে কিছু অঞ্চল মাত্র তিন দশকে তাদের হিমবাহ এলাকার ৩৩ শতাংশ পর্যন্ত হারিয়েছে।

অন্যদিকে, মোট আয়তনের হিসাবে সবচেয়ে বড় বরফ ক্ষয় হয়েছে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায়। এই তিন অববাহিকায় হিন্দু কুশ হিমালয়ের ৭৪ শতাংশেরও বেশি হিমবাহ রয়েছে।

নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে মার্চের ওই গবেষণাগুলোর সরাসরি সম্পর্ক এখনো প্রমাণিত হয়নি। তবে হিমালয়ের বরফ দ্রুত কমে যাওয়া, উচ্চ পাহাড়ে তুষারের বদলে বৃষ্টির প্রবণতা এবং পাহাড়ের ঢালের অস্থিতিশীলতা নিয়ে কয়েক মাস আগের সতর্কতাগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে।

সূত্র:

এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%