ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়াদের উদ্ধারে নেপাল সেনাবাহিনীর অভিযান


জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়াদের উদ্ধারে নেপাল সেনাবাহিনীর অভিযান

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : ভয়াবহ বন্যার কারণে জলমগ্ন হয়ে পড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়া প্রায় ১০০ জনকে উদ্ধারের জন্য শুক্রবার হেলিকপ্টার ব্যবহার করে অভিযান পরিচালনা করেছে নেপাল সেনাবাহিনীর উদ্ধারকারী দল।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত এএফপিকে জানিয়েছেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আটকা পড়া মানুষদের খুঁজে বের করে উদ্ধার করা। ত্রিশূলী-৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে কিছু ব্যক্তি আটকা পড়েছেন।’

তিনি আরও বলেন, ‘দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে কাজটি বেশ কঠিন। কারণ সুড়ঙ্গের প্রবেশপথগুলো চিহ্নিত করা খুবই কঠিন হয়ে পড়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজও অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, কঠিন পরিস্থিতির মধ্যেও সেনাবাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘প্রতিকূল আবহাওয়া ও দ্রুতগতির বন্যার পানির মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন পরিস্থিতিতে কিছুক্ষণ আগে সুড়ঙ্গে আটকা পড়া ৩৫০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে নেপাল সেনাবাহিনীর একটি দল সফলভাবে উদ্ধার করেছে।’

এতে আরও বলা হয়, ‘একই সুড়ঙ্গে আটকা পড়া আরও শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনী এখনও কাজ করছে।’

উদ্ধার হওয়া বা আটকা পড়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয়নি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

শুক্রবার নেপালের উত্তর সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় ধ্বংসযজ্ঞের মাত্রা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সড়ক, সেতু ও জলবিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা নজিরবিহীন ধ্বংসযজ্ঞের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

ত্রিশূলী উপত্যকার অন্যান্য বাঁধ প্রকল্প থেকে উদ্ধার হওয়া শ্রমিকরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুতগতিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

যেখানে তারা কাজ করছিলেন, সেখান থেকে আকাশপথে সরিয়ে নেওয়া দেব শ্রেষ্ঠ এএফপিকে বলেন, ‘সেখানে অন্তত ৪০০ শ্রমিক ছিলেন। যতজনকে উদ্ধার করা হয়েছে, তার চেয়ে বেশি মানুষ মারা গেছেন।’

শ্রমিক বুদ্ধ তামাং জানিয়েছেন, বন্যার পানি আঘাত হানার সময় তিনি বাঁধের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন, তাই প্রাণে বেঁচে যান। পরে তিনি সুড়ঙ্গ থেকে বেরিয়ে সহায়তা পান।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তামাং বলেন, ‘আমি সুড়ঙ্গে থাকায় বেঁচে গেছি।’ ২৪ ঘণ্টারও বেশি সময় আটকা থাকার পর বৃহস্পতিবার তাকে আকাশপথে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘অন্য পাশে কাজ করা জ্যেষ্ঠ কর্মকর্তারা সবাই পানির স্রোতে ভেসে গেছেন।’

আরেক শ্রমিক অর্জুন কুমার তামাং জানিয়েছেন, যেখানে তিনি কাজ করছিলেন, সেই জলবিদ্যুৎ প্রকল্পে ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘কতজন মারা গেছেন জানি না। তবে পানির স্রোতের প্রচণ্ডতায় সবকিছু ভেসে গেছে।’

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবারের এই দুর্যোগের কারণ ছিল হিমবাহ ধসে পড়া। এর ফলে বরফমিশ্রিত ধ্বংসাবশেষের বিশাল স্রোত সৃষ্টি হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে হিমবাহ গলে যাচ্ছে। এতে হিমবাহের হ্রদের বন্যা ও হিমবাহ ধসে পড়ার ঝুঁকি বাড়ছে।

ধ্বংসযজ্ঞের কারণে পার্বত্য এই অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে সড়ক ও সেতুই প্রায়ই চলাচলের একমাত্র পথ।

ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ খাতও। চালু ও নির্মাণাধীন উভয় ধরনের বেশ কয়েকটি প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানামা খাল দিয়ে যেতে রেকর্ড ৫৩ লাখ ডলার দিল ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


পানামা খাল দিয়ে যেতে রেকর্ড ৫৩ লাখ ডলার দিল ট্যাংকার

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : এল নিনোর কারণে আরোপিত বিধিনিষেধ শুরুর আগে অগ্রাধিকার ভিত্তিতে পানামা খাল দিয়ে যাওয়ার জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ৫৩ লাখ ডলার দিয়েছে। পানামা খালের উপ-প্রশাসক ইলিয়া এসপিনো দে মারোত্তা বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানান।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসকে গ্যাস তাদের জি. স্পিরিট ট্যাংকারটি ১ সেপ্টেম্বর খাল দিয়ে পার করার জন্য রেকর্ড এই অর্থ প্রদান করেছে। এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে খাল কর্তৃপক্ষ দুই দিন পর দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এল নিনোর কারণে জরুরি অবস্থা ঘোষণা করা মধ্য আমেরিকার সর্বশেষ দেশ হলো পানামা। অঞ্চলজুড়ে তীব্র খরার কারণে খালটির পানির স্তর কমে যাওয়ার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এল নিনো একটি আবহাওয়াগত পরিস্থিতি, যা মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পানির উপরিভাগের তাপমাত্রা বৃদ্ধি করে। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হয়। আবহাওয়ায়ও দেখা দেয় অনিয়ম।

এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর রেকর্ডের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পানামা খাল দিয়ে চলাচলকারী জাহাজগুলো তাদের যাত্রার সময় আগে থেকেই নির্ধারণ করে বুকিং করে। তবে বুকিং ছাড়া জাহাজকে খাল পার হওয়ার জন্য গড়ে পাঁচ দিন অপেক্ষা করতে হয়। এই ক্ষেত্রে শেষ মুহূর্তে অর্থের বিনিময়ে যাত্রার সুযোগ পাওয়ার জন্য নিলামের ব্যবস্থা রয়েছে।

পানামা খাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিলামে গড় দাম ছিল প্রায় ৫৫ হাজার ডলার।

তবে এপ্রিলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী একটি জাহাজ লাইনে অপেক্ষা এড়িয়ে দ্রুত খাল পার হওয়ার জন্য ৪০ লাখ ডলার দিয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় জাহাজটির দ্রুত খাল পার হওয়ার প্রয়োজন হয়েছিল।

বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের ৫ শতাংশ পরিবহনকারী এই নৌপথে ৩ সেপ্টেম্বর থেকে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা ৩৬ থেকে কমিয়ে ৩৪ করা হবে। পরে সেপ্টেম্বরের মধ্যে তা আরও কমিয়ে ৩২ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর শাহ আলীতে শিশু ধর্ষণে অভিযুক্ত সুমন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


রাজধানীর শাহ আলীতে শিশু ধর্ষণে অভিযুক্ত সুমন কারাগারে

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া প্রতিবেশী সুমন মিয়াকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) পুলিশ সুমনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার রাত ৮টার দিকে শাহ আলী রয়েল সিটি পকেট গেট সংলগ্ন একটি বাসা থেকে পুলিশ সুমনকে গ্রেফতার করে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হন। শিশুটির মা পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ১০১ স্কুলের ৫,৮৯৫ শিক্ষার্থীর হাতে বইপড়ার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


চট্টগ্রামে ১০১ স্কুলের ৫,৮৯৫ শিক্ষার্থীর হাতে বইপড়ার পুরস্কার

চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২৬ : বিশ্বসাহিত্য কেন্দ্রের বছরব্যাপী স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচির আওতায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের ১০১টি স্কুলের ৫ হাজার ৮৯৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরের জিইসি কনভেনশন সেন্টারে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৬১৬ জন ‘শুভেচ্ছা’, ১ হাজার ১৫০ জন ‘অভিনন্দন’ এবং ১২৯ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে। এর মধ্যে ৪ হাজার ১৪৩ জন ছাত্রী এবং ১ হাজার ৭৫২ জন ছাত্র রয়েছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া ৯৪টি স্কুলের শিক্ষার্থীরা সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করেন। অন্যদিকে, বাকি সাতটি স্কুলের ৩০৮ শিক্ষার্থীর পুরস্কার আয়োজকদের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অর্পণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিক্ষার্থীদের বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ ও মানবিকতা বিকাশের প্রয়োজন রয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘বই আমাদের অতীত ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত করে। মানবিকতাকে জাগিয়ে তুলতে আমাদের বই পড়তে হবে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন খান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে বই পড়ার কোনো বিকল্প নেই।’

বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী সভাপতি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি পারভীন মাহমুদ এফসিএ শিক্ষার্থীদের নিজেদের জানার, স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি, স্থপতি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী বলেন, ‘বই পড়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ মিনহাজ উল আলম, বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক অ্যালেক্স আলীম প্রমুখ।

অনুষ্ঠানের ভেন্যুতে ‘অনলাইন সেফটি কর্নার’ও স্থাপন করা হয়। সেখানে শিশুদের অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে অভিভাবক ও শিক্ষকদের তথ্য প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগদা থানার অভিযানে গ্রেফতার ১২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


মুগদা থানার অভিযানে গ্রেফতার ১২

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় মুগদা থানার পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুগদা থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. আলম (৫২), মো. খোরশেদ আলম (৪৭), ইখলাস হোসেন (২০), সবুজ(২১), মো. সজীব হোসেন (২১), দ্বীন ইসলাম (৩৫), মো. নুর হোসেন (২৫), মো. আব্বাস (২৮), মো. রাজু (২৪), মো. শাহাদাৎ হোসেন (২৬), মো. দুলাল (৩০), এবং মো. রায়হান (১৯)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%