প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের বোয়ালখালীতে মো. আসিফ নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, যেখানে ছুরি ব্যবহার করা হয়। এ ঘটনায় আসিফকে মারধর করা হয় এবং পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি বাজার এলাকায়।
ছিনতাইয়ের শিকার আসিফ পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোবহান চৌধুরীর বাড়ির মোহাম্মদ আশরাফের ছেলে। তার মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকান খরণদ্বীপ স্কুল এলাকায় অবস্থিত।
আসিফ জানান, তিনি শ্রীপুর বুড়া মসজিদ থেকে গাড়ি না পেয়ে হেঁটে নানার বাড়িতে যাচ্ছিলেন। শান্তিবাজার পার হওয়ার পর মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবক তার পথরোধ করেন। এক পর্যায়ে তারা ছুরি ঠেকিয়ে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেন। বাধা দিলে তাকে মারধর করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। তাদের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল।
আসিফ আরো বলেন, তিনি চার-পাঁচ মাস আগে নতুন দোকান দিয়ে বিকাশের ব্যবসা শুরু করেছেন। ছিনতাইয়ের শিকার হওয়া টাকা ছিল সারা দিনের লেনদেনের অর্থ এবং পুরো টাকাই তার পকেটে ছিল।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি ধারণা করছেন, বখাটে ও মাদকসেবী যুবকরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন