ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভেনেজুয়েলার জন্মগত তেলসম্পদে ট্রাম্পের থাবা, জনগণের সার্বভৌমত্ব সংকটে


ভেনেজুয়েলার জন্মগত তেলসম্পদে ট্রাম্পের থাবা, জনগণের সার্বভৌমত্ব সংকটে

ভেনেজুয়েলার জাতীয় পরিচয়ে তেলসম্পদের ভূমিকা এক শতাব্দীরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের সামাজিক কাঠামোর গভীরে এই সম্পদটি স্থান করে নিয়েছে, যেমন বেসবল, সুন্দরী প্রতিযোগিতা এবং স্বাধীনতা আন্দোলনের নেতা সিমন বলিভারের প্রতি শ্রদ্ধা। তবে বর্তমানে আমেরিকা দেশটির তেলের একটি উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করছে। এর ফলে অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা ভেনেজুয়েলাবাসী নিজেদের প্রাকৃতিক সম্পদের ওপর জন্মগত অধিকার ও সার্বভৌম মালিকানা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন।

বছরের পর বছর ধরে অব্যবস্থাপনা, রাজনৈতিক শুদ্ধি অভিযান, দুর্নীতি এবং আমেরিকার নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল উৎপাদন ভেঙে পড়েছে। এই পরিস্থিতির ফলে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার শাসক নিকোলাস মাদুরোকে অপহরণ ও ক্ষমতাচ্যুত করে দেশটির তেল রপ্তানির দখল নেয়। এর পাশাপাশি, মুনাফাভিত্তিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এক ভেনেজুয়েলীয় তেল ব্যবসায়ীর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলে দেশটির তেলসম্পদের ওপর প্রভাব প্রতিষ্ঠা করে। দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মার্কিন মদদপুষ্ট দেলসি রদ্রিগেজ এই ব্যবস্থাকে সমর্থন করছেন, যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে আদর্শের কেন্দ্রবিন্দুতে রাখা চাভিসমো নীতির থেকে নাটকীয় বিচ্যুতি।

আগস্টে ট্রাম্পের ঘোষণায় আমেরিকার ভেনেজুেলার ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলে প্রবেশাধিকার দেওয়ার চুক্তির কথা উল্লেখ করা হয়। এর ফলে মার্কিন গর্বোক্তি ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতাদের পাশাপাশি চাভিসমোর প্রভাবশালী ব্যক্তিরাও এই চুক্তির সমালোচনা করেছেন। দেশটির নাট্যকার লুইস ব্রিত্তো গার্সিয়া মন্তব্য করেন, "এই চুক্তি ভেনেজুয়েলার ওপর চলমান সীমাহীন লুণ্ঠনকে উন্মোচিত করেছে।" একই সঙ্গে, তেলের রাজস্বের ওপর আমেরিকার আর্থিক নিয়ন্ত্রণ আরও কঠোর হচ্ছে।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

১৯৯৯ সাল থেকে ২০১৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ তাঁর সমাজতান্ত্রিক ভাবাদর্শপ্রসূত বলিভারীয় বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন তেলের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। দারিদ্র্য কমানো, ক্ষমতা সুসংহত করা, কিউবাকে সহায়তা দেওয়া, আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে মার্কিন প্রভাব মোকাবিলা এবং তেলিসুর প্রতিষ্ঠায় তিনি তেল থেকে অর্জিত রাজস্ব ব্যবহার করেছেন। তাঁর উত্তরসূরি নিকোলাস মাদুরোও এই নীতি অব্যাহত রেখেছেন। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে তিনি তেলের মজুত দ্বারা সমর্থিত বলে দাবি করা পেত্রো নামের ক্রিপ্টোকারেন্সি চালু করেন। তবে রাষ্ট্রীয় তেল কোম্পানিতে দুর্নীতির কেলেঙ্কারির মধ্যে সেই উদ্যোগও ভেঙে পড়েছে।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির অর্থনৈতিক দুর্দশা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জনগণের প্রতিরোধকেও দুর্বল করে দিয়েছে। সাধারণ পেট্রলের দাম বর্তমানে প্রতি গ্যালন প্রায় ১ দশমিক ৮৯ ডলার। তবে সীমিত ব্যবহার কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে জ্বালানি পাওয়া যায়। বিপুল জ্বালানি সম্পদ থাকা সত্ত্বেও বিদ্যুতের সংকট এবং পেট্রলপাম্পে দীর্ঘ সারি এখন নিত্যদিনের ঘটনা। ক্রমাগত চুক্তি আদায়ের লক্ষ্যে ট্রাম্প ওয়াশিংটনের প্রভাব ও চাপ প্রয়োগের ক্ষমতাকে আরও বেশি কাজে লাগাচ্ছেন। ফলে ভেনেজুয়েলা কার্যত একটি আধিপত্যশীল পরাশক্তির অধীনস্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। ইতিহাসবিদ মার্গারিতা লোপেজ মায়া মন্তব্য করেন, "আমেরিকার নিয়ন্ত্রণ মেনে নিতে ভেনেজুয়েলাবাসীর সম্মতি আসলে এই বিশ্বাসের প্রতিফলন যে তাঁদের সামনে আর কোনো বিকল্প নেই।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


বিশ্ববাজারে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার জন্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।"

রোববার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (SCAIP) প্রকল্পের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও SCAIP যৌথভাবে। অনুষ্ঠানে সহযোগিতা করছে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (STILE II) প্রকল্প।

বাণিজ্যমন্ত্রী বলেন, "এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি বস্ত্র ও পোশাক খাত থেকে আসে। এই খাত লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা উচিত।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুততর করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগাতে হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান সুবিধা ধরে রাখার পাশাপাশি নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।

SCAIP প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হবে। এছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ পর্যালোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অপরিহার্য। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করে কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রফতানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ারে পরিণত করতে হবে।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (BMZ) অর্থায়নে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের (GIZ) মাধ্যমে SCAIP ও STILE II প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। SCAIP প্রকল্পের পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী অংশীদার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রকল্পটি বস্ত্র খাতে নিরাপত্তা, শ্রম ও পরিবেশগত মানদণ্ড পর্যবেক্ষণে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গবেষণা

বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

ইন্টারনেটে রোগের লক্ষণ বা উপসর্গ খোঁজার ফলে (সিম্পটম সার্চ) অনেক সময় মানসিক শান্তি পাওয়ার পরিবর্তে স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ বা ভীতি বৃদ্ধি পায়। সম্প্রতি ফিলিপাইনের মিলেনিয়াল প্রজন্মের ওপর পরিচালিত একটি নতুন গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ অংশগ্রহণকারী ‘সাইবারকন্ড্রিয়া’ বা অনলাইন স্বাস্থ্য-উদ্বেগে ভুগছেন। আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘কিউরিয়াস’-এ এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ফিলিপাইনের পাম্পাঙ্গা অঞ্চলের ২৯ থেকে ৪৪ বছর বয়সি মোট ৪০১ জন মিলেনিয়ালের ওপর জরিপটি পরিচালিত হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৭৪.৮ শতাংশ মাঝারি মাত্রার এবং ৮.৫ শতাংশ উচ্চ মাত্রার সাইবারকন্ড্রিয়ায় ভুগছেন। সাইবারকন্ড্রিয়া একটি মানসিক প্রবণতা, যেখানে অতিরিক্ত ও বারবার অনলাইনে চিকিৎসাসংক্রান্ত তথ্য খোঁজার কারণে মানুষের মনে অসুস্থতার ভয় তীব্র হয়ে ওঠে এবং তারা বারবার নিজের শারীরিক উপসর্গ পরীক্ষা করতে বাধ্য হন।

গবেষকরা লক্ষ্য করেছেন যে, এই আচরণের পেছনে চিকিৎসকদের প্রতি কোনো অনীহা বা অবিশ্বাস কাজ করে না। বরং অংশগ্রহণকারীদের বেশিরভাগই অনলাইন স্বমূল্যায়নের চেয়ে পেশাদার চিকিৎসকদের ডায়াগনোসিসের ওপর বেশি ভরসা রাখেন। মূলত অপ্রয়োজনীয় তথ্য খোঁজা এবং অতিরিক্ত আশ্বস্ত হওয়ার মানসিকতাই সাইবারকন্ড্রিয়াকে বাড়িয়ে তোলে। চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বললে রোগীরা স্বস্তি পেলেও একা একা ইন্টারনেটে অজানা উপসর্গ খোঁজা তাদের উদ্বেগ বাড়ায়।

কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সাইবারকন্ড্রিয়ার এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। গবেষকদের মতে, নারী অংশগ্রহণকারী, কলেজ ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি, ডেস্ক-বেসড বা ডিজিটালি ইন্টেনসিভ পেশার সঙ্গে যুক্ত মানুষ এবং যারা দিনে ২.১ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেন, তাদের মধ্যে এই স্বাস্থ্য-উদ্বেগের স্কোর অন্যদের তুলনায় বেশি ছিল।

এই সমস্যা মোকাবেলায় গবেষক দল ‘ইজ’ নামক একটি প্রতিরোধমূলক কাঠামোর প্রস্তাব করেছেন। এই কাঠামো ডিজিটাল স্বাস্থ্য সাক্ষরতা উন্নত করা, ইন্টারনেটের সচেতন ও মননশীল ব্যবহার নিশ্চিত করা, টেলি-কনসালটেশনের সুযোগ সহজলভ্য করা এবং কর্মক্ষেত্রে ডিজিটাল সুস্থতা বা ওয়েলনেস কর্মসূচি চালুর ওপর জোর দেয়।

গবেষকদের মতে, মানুষকে শুধু ‘অনলাইনে লক্ষণ খোঁজা বন্ধ করুন’ বললেই সমস্যার সমাধান হবে না। এর পরিবর্তে নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য সহজলভ্য করা এবং চিকিৎসকদের পেশাদার পরামর্শের সুযোগ বাড়ানো জরুরি। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, এই গবেষণাটি অনলাইনে নন-প্রোবাবিলিটি স্যাম্পলিং বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হওয়ায় এর ফলাফল সব মিলেনিয়ালের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নয়। প্রস্তাবিত প্রতিরোধমূলক ফ্রেমওয়ার্কটি বাস্তবে কতটা কার্যকর, তা যাচাই করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যিক যাত্রায় চীনের মাইলফলক: সিই-২৫এ বৈদ্যুতিক বিমান পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


বাণিজ্যিক যাত্রায় চীনের মাইলফলক: সিই-২৫এ বৈদ্যুতিক বিমান পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন

চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান ‘সিই-২৫এ’ (CE-25A) শনিবার (১৪ নভেম্বর) শানডং প্রদেশের বিনঝৌতে প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এটি স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রার জন্য বৈদ্যুতিক বিমান তৈরির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না-এর তৈরি এই উড়োজাহাজে দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।

পরীক্ষাটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী হয়, যার মধ্যে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড উড়োজাহাজটি আকাশে ছিল এবং এই সময়ে এটি ৬০.৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

একটি বিবৃতিতে কোমাক (COMAC) জানিয়েছে, বিমানটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং সব পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী ছিল।

সিই-২৫এ হলো কোমাক-এর প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান, যা বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে ১৯ জন যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে।

বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ মেট্রিক টন, ক্রুজিং গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার, ক্রুজিং উচ্চতা ২,৪০০ মিটার এবং পাল্লা (রেঞ্জ) ৪০০ কিলোমিটার।

উড়োজাহাজটি এর ডানায় বসানো ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক ডাক্টেড-ফ্যান প্রপালশন সিস্টেমের মাধ্যমে চালিত হয়।

সূত্র: চায়না ডেইলি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ইটনা উপজেলা সদরে অবস্থিত ঐতিহাসিক পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস শরিফ উপলক্ষে ভক্তবৃন্দ, খাদেম এবং পাঁচ পীর মাজার কমিটির সদস্যরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রতিবছরের মতো, এ বছরও পহেলা অগ্রহায়ণ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পয়োনিষ্কাশন এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাজারের খাদেম কামাল ভান্ডারী জানান, প্রতি বছর এক, দুই ও তিন অগ্রহায়ণ তারিখে পাঁচ পীর মাজারের ওরস শরিফ অনুষ্ঠিত হয়। তিনি আশা প্রকাশ করেন যে, এ বছর ওরস উপলক্ষে ৫০ হাজারেরও বেশি ভক্তবৃন্দের সমাগম হবে।

মাজারের ভক্ত নুর উদ্দিন ফকির বলেন, এ বছর ওরস শরিফ আরও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে ওরসে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।

মাজার কমিটির সদস্য আলী রহমান জানান, মাজারের রক্ষণাবেক্ষণ এবং কিছু উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়েছে, যা সকলের সহযোগিতায় সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%