প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার জন্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।"
রোববার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (SCAIP) প্রকল্পের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও SCAIP যৌথভাবে। অনুষ্ঠানে সহযোগিতা করছে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (STILE II) প্রকল্প।
বাণিজ্যমন্ত্রী বলেন, "এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি বস্ত্র ও পোশাক খাত থেকে আসে। এই খাত লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা উচিত।
ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুততর করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগাতে হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান সুবিধা ধরে রাখার পাশাপাশি নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।
SCAIP প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হবে। এছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ পর্যালোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অপরিহার্য। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করে কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রফতানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ারে পরিণত করতে হবে।
জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (BMZ) অর্থায়নে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের (GIZ) মাধ্যমে SCAIP ও STILE II প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। SCAIP প্রকল্পের পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী অংশীদার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রকল্পটি বস্ত্র খাতে নিরাপত্তা, শ্রম ও পরিবেশগত মানদণ্ড পর্যবেক্ষণে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন