ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পা হারিয়েও দমেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন পীরগঞ্জ স্টেশনমাস্টার


পা হারিয়েও দমেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন পীরগঞ্জ স্টেশনমাস্টার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন থেকে মাইকে ট্রেন থামার বার্তা শোনা যাচ্ছে। প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। মো. সোহরাব হোসেন সুজন স্টেশনমাস্টারের কক্ষে বসে ট্রেনের সিগন্যাল ও কন্ট্রোল রুমের নির্দেশনা তদারকি করছেন। সাধারণ মানুষের মতো কক্ষ থেকে বের হলেও বোঝা যায় না যে তিনি বাঁ পা ছাড়া এত বড় স্টেশনের দায়িত্ব সামলাচ্ছেন।

২০০৩ সালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাগুরা গ্রামের কিশোর সুজন সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিলেন। এক দুপুরে বড় বাবার সঙ্গে মাঠে গিয়ে পাওয়ার টিলার চালানোর ইচ্ছা জাগে তার। ওই সময় বাড়িতে চাচাতো ভাইয়ের বিয়ের বৌভাতের আয়োজন চলছিল, চারপাশে উৎসবের আমেজ ছিল। ছেলের আবদারে শেষমেশ বড় আব্বা তাকে গাড়িটি চালাতে দেন। কিন্তু অনভিজ্ঞতার কারণে মোড় ঘোরাতে গিয়ে পাওয়ার টিলারটি পাশের পুকুরে উল্টে যায়। এতে সুজনের বাঁ পা স্লিপ কেটে টিলারের ফালসেটে ঢুকে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে দিনাজপুর এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জীবন বাঁচাতে হাঁটুর নিচ থেকে সুজনের বাঁ পা কেটে ফেলতে হয়।

সেই সময় এক বছর পড়ালেখা বন্ধ হয়ে যায়। বন্ধুদের সামনে কিভাবে দাঁড়াবেন, এ নিয়ে কিশোর মনে সংকোচ ও লজ্জা ভর করে। গ্রামের মানুষ বলতে শুরু করে, ‘ছেলেটার জীবন তো শেষ, ওকে দিয়ে আর কিছু হবে না।’ কিন্তু সুজনের উকিল বোন নাসিমা ও দুলাভাই হাবিবের সহায়তায় পায়ে প্লাস্টিক সার্জারি করে কৃত্রিম পা লাগানো হয়। লজ্জা ভেঙে কৃত্রিম পা দিয়ে সাইকেল চালানো শুরু করেন এবং স্কুলে যাওয়া শুরু করেন। তবে ক্লাসে যেতেন না, শুধু পরীক্ষা দিতেন। স্কুলের গণিত শিক্ষক মহিনুদ্দীন স্যারের সহযোগিতায় বাড়িতে বসেই পড়াশোনা চলতে থাকে। স্থানীয় কোচিংয়ের মডেল টেস্টে প্রথম স্থান অধিকার করে সবাইকে চমকে দেন। ২০০৮ সালে এসএসসিতে মানবিক বিভাগ থেকে তিনি জিপিএ ৪.৬০ পান। এরপর কলেজ থেকে এইচএসসিতে ৪.৯০ অর্জন করেন।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

সুজনের স্বপ্ন ছিল আরও বড়। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চান্স পান। রাজশাহী থেকে মাস্টার্স শেষ করার পর সুজন দিনাজপুরে ফিরে আসেন। কোনো কোচিং সেন্টারে না গিয়ে মেসে বসে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন। রাত ৩টা-৪টা, কখনো ফজরের আজান পর্যন্ত টেবিল-চেয়ারেই কাটত তার সময়।

সুজনের কঠোর পরিশ্রমের ফল মিলতে দেরি হয়নি। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে ২০১৯ সালের মে মাসে সহকারী স্টেশনমাস্টার (এএসএম) হিসেবে বাংলাদেশ রেলওয়েতে যোগ দেন।

দিনরাত সুজনের দায়িত্বের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা দেখে কর্তৃপক্ষ মাত্র পাঁচ-ছয় মাসের মাথায় ব্যস্ত পীরগঞ্জ স্টেশনের দায়িত্ব তার ওপর ন্যস্ত করে। চার বছর পর ২০২৩ সালে তিনি পদোন্নতি পেয়ে পূর্ণাঙ্গ স্টেশনমাস্টার হিসেবে একই স্টেশনের দায়িত্ব নেন। বর্তমানে সুজন সময়মতো ট্রেনস্টেশন পরিচালনা, শত শত যাত্রীর নিরাপত্তা এবং টিকিট ও ক্যাশের সঠিক হিসাব সবকিছুই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন।

সুজন বলেন, "প্রতিদিন আমার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রেলস্টেশনে আসা-যাওয়া করি। এখন স্যাররা আমার প্রতি ভরসা করে দায়িত্ব দিয়েছেন। আমি সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করি।"

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

স্টেশনমাস্টার সুজন আরও বলেন, "সমাজে কে কী বলল, তাতে কান দিলে চলা যায় না। লক্ষ্য যদি স্থির থাকে আর মনে আত্মবিশ্বাস থাকে, তবে কোনো শারীরিক প্রতিবন্ধকতাই মানুষকে আটকে রাখতে পারে না।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি: প্রেসিডেন্ট হতে পারেন দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি: প্রেসিডেন্ট হতে পারেন দাবি

ফুটবল মাঠে তার বর্ণময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়ে কি এবার রাজনীতির মঞ্চে প্রবেশ করতে যাচ্ছেন লিওনেল মেসি? বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে।

এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তার মতে, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে মেসিকে দেখা যেতে পারে।

কানাডীয় শিক্ষাবিদ এবং ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির, যিনি ‘স্নিকো’ নামেও পরিচিত, এক সাক্ষাৎকারে এই দাবি করেন।

প্রফেসর জিয়াং উল্লেখ করেন, অদূর ভবিষ্যতে মেসি পেশাদার রাজনীতিতে সক্রিয় হতে পারেন। এরপর তিনি ধীরে ধীরে দেশের রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করে প্রেসিডেন্টের দায়িত্বেও আসীন হতে পারেন এই ফুটবল কিংবদন্তি।

জিয়াং বলেন, তিনি ‘গেম থিওরি’ ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে বিশ্ব রাজনীতি এবং ভূ-রাজনীতির সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করেন। তার পূর্বাভাসগুলোর মধ্যে বেশ কিছু পূর্বাভাস সত্যি হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে প্রফেসর জিয়াংয়ের পেশাগত পরিচয় এবং তার ভবিষ্যদ্বাণীগুলোর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ফলে, মেসির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্যকে নিশ্চিত তথ্যের পরিবর্তে একটি পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

জিয়াং শুধু প্রেসিডেন্ট হওয়ার দাবিতেই থামেননি। তার মতে, যদি মেসি সত্যিই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন, তাহলে তিনি দীর্ঘ সময় প্রায় দুই দশক ক্ষমতায় থাকতে পারেন। এ সময় দেশের স্বার্থে বিতর্কিত কিংবা ক্ষতিকর কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আরও চমকপ্রদ দাবি করেছেন জিয়াং। তার মতে, মেসি রাষ্ট্রপ্রধান হলেও বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রভাব পুরোপুরি শেষ হবে না। বরং মেসির সম্ভাব্য শাসনামলেও পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করতে পারেন মিলেই।

এখন পর্যন্ত মেসির পক্ষ থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সুতরাং, মেসির রাজনৈতিক অভিষেক এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী হিসেবেই রয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিনে বিনামূল্যে খতনার পর হাসপাতালে ৫০ শিশু, গুরুতর দুজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


সেন্ট মার্টিনে বিনামূল্যে খতনার পর হাসপাতালে ৫০ শিশু, গুরুতর দুজন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকদের মতে, এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার দ্বীপের সেন্ট মার্টিন অবকাশ নামের একটি রিসোর্টে ২১০ শিশু ও কিশোরকে খতনা করা হয়। শিশু ও কিশোরদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে ছিল। মঙ্গলবার থেকেই শিশুরা অসুস্থ হতে শুরু করে এবং তাদের মধ্যে অনেকের রক্তক্ষরণসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।

সেন্ট মার্টিন দ্বীপ হাসপাতালের উপ-সহকারী কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার ৫০ শিশু হাসপাতালে চিকিৎসার জন্য আসে। তাদের মধ্যে কয়েকজনের ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণ ছিল। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ২১০ শিশুর খতনা করা হয়েছিল। দুই দিন পর কিছু শিশু বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে যায়। শিশুদের স্বজনরা অভিযোগ করেছেন, খতনার পর কয়েকজনের ক্ষতস্থানে ব্যথা, ফুলে যাওয়া ও পুঁজ দেখা দেয়। পরে কারও কারও রক্তক্ষরণও হয়।

শিশুদের অবস্থা সম্পর্কে জানতে বুধবার (৭ অক্টোবর) সকাল আটটার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক নওশাদ আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুপুরে তারা দ্বীপে পৌঁছে শিশুদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এনামুল হক বলেন, খতনা কর্মসূচির বিষয়ে তাদের আগে থেকে জানানো হয়নি। এ কর্মসূচির আওতায় ৫০ শিশু চিকিৎসা নিয়েছে। তবে মূলত দুজনের ইনফেকশন হয়েছিল। তাদেরও দ্বীপে রেখেই চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের সমস্যাগুলো স্বাভাবিক ধরনের। খতনার পর এ ধরনের কিছু সমস্যা হতে পারে। এরপরও পরিস্থিতি দেখতে তিন সদস্যের একটি মেডিকেল টিম সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে। মেডিকেল টিমের প্রতিবেদনে কোনো গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খতনা কর্মসূচির বিষয়ে জানতে চেয়ে আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মুঠোফোনে কল করা হয়। তবে তারা কেউ ফোন রিসিভ করেননি। এ কারণে তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী: বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


প্রধানমন্ত্রী: বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশি-বিদেশি বিনিয়োগের জন্য কাজ করছে।

তিনি এ মন্তব্যটি টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহ রয়েছে।

প্রতিনিধিদল বাংলাদেশে টয়োটার কার্যক্রম আরও সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করে।

প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি জানান, যদি টয়োটা তুশো করপোরেশন এসব খাতে বিনিয়োগে আগ্রহী হয়, তবে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করবে।

বৈঠকে টয়োটা পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশে টয়োটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন করছে, যাতে দেশের সব বিভাগীয় পর্যায়ে সেবা ও কার্যক্রম সহজলভ্য হয়।

এছাড়া, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে হাইব্রিড ইলেকট্রিক ভেইকেল (এইচইভি) উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু হবে, যা ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।

টয়োটা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বিশেষ করে তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আগ্রহী।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে: পুলিশ কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে: পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ জানিয়েছেন, মহালয়াসহ দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রতিটি পূজামণ্ডপ সিসি (ক্লোজসার্কিট) ক্যামেরার আওতায় থাকবে এবং মণ্ডপের ইনচার্জগণ বডিওর্ন ক্যামেরা নিয়ে ডিউটি করবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

তিনি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ের প্রথম হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এবারের এই উৎসব আমাদের জন্য অগ্নি পরীক্ষা। ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।

পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থী সবার ওপর নজর রাখতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা- ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে উদযাপিত হবে।

যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এ সময় সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ওসমান গণিসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগণ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%