শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২০ পি.এম
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ হিসেবে উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না এবং চারদিকে শুধু সংবিধান নিয়ে আলোচনা চলছে।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’
সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদেও সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিচ্ছিন্ন কিছু বোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিডনির সমস্যা, স্ট্রোক, ডেঙ্গু এবং একাধিক সংক্রমণের কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৩ বছর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসতে পারেননি।
সাহেদের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু এবং গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
অসুস্থতার মাঝেও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। তিনি প্রায় ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান শ্রোতাদের সামনে আনার পরিকল্পনা করেছিলেন। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বের করার উদ্যোগও নিয়েছিলেন। প্রতিটি মাধ্যমে চারটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিল তার।
শেখ সাহেদ আলী নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন এবং সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন। তার গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের মাঝে বিশেষ পরিচিতি লাভ করে। এছাড়া, তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ এবং ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়। এরপর তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন। দীর্ঘ সংগীতজীবনে নিজের গান ও স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই শিল্পী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি নতুন ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করেছেন যে, সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে তিনি ড্রোনটির উৎস, হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেননি।
এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের খবর জানিয়েছিল জোটটি। বৃহস্পতিবার রিয়াদ অঞ্চলে কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে রাজধানী এলাকায় দুটি পৃথক ড্রোন প্রতিহত করার তথ্য উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, আনাদোলু এজেন্সি জানায়, রিয়াদ ও পূর্বাঞ্চলে ড্রোন প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগের দিন বুধবার, সৌদি বাহিনী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। একই দিনে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে আসা দুটি ড্রোনও ধ্বংস করার খবর দেয় জোটটি।
এদিকে, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে গিয়ে পড়ে।
তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: গলফ নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কার্যত স্থগিত করেছে দ্রুত ওষুধ অনুমোদনের বিশেষ কর্মসূচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় শুরু হওয়া এই কর্মসূচির অধীনে নতুন কোনো ওষুধকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। ফলে দ্রুত অনুমোদনের জন্য অপেক্ষা করা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালের জুনে তৎকালীন এফডিএ কমিশনার মার্টি মাকারি ‘কমিশনার্স ন্যাশনাল প্রায়োরিটি ভাউচার’ কর্মসূচি চালু করেছিলেন। এই কর্মসূচির আওতায় জনস্বাস্থ্যের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম এমন ওষুধের অনুমোদন প্রক্রিয়া এক থেকে দুই মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
এই কর্মসূচির অধীনে মোট ২২টি ওষুধকে বিশেষ অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে ১২টি ওষুধ ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। তবে গত মে মাসে মাকারির পদত্যাগের পর নতুন কোনো ওষুধকে এই সুবিধা দেওয়া হয়নি। কর্মসূচির অনুমোদন তদারকির জন্য গঠিত বিশেষ পরিষদের কার্যক্রমও বর্তমানে বন্ধ রয়েছে।
বিশেষজ্ঞদের অভিযোগ, দ্রুত অনুমোদনের নামে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওষুধের দাম কমানোর চুক্তি করা কিছু প্রতিষ্ঠান এই সুবিধা পেয়েছে বলে সমালোচনা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কর্মসূচিটি এখনো কার্যকর রয়েছে। এ বিষয়ে প্রাপ্ত মতামত পর্যালোচনা করে এর কাঠামো উন্নত করার কাজ চলছে।
সূত্র: রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহের অন্তর্ভুক্ত বিশাল একটি নীলকান্তমণি বসানো ব্রেসলেট সম্প্রতি বিক্রি হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলারে। নিলামে ব্রেসলেটটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ৪৯ লাখ ডলার। রাজপরিবারটির ঐতিহাসিক এই অলংকারটি প্রত্যাশিত দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে।
বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজিত নিলামে ব্রেসলেটটি বিক্রি হয়। অলংকারটির মাঝখানে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি রয়েছে। এর চারপাশে জ্যামিতিক নকশায় হীরা বসানো হয়েছে। বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে এই ব্রেসলেটটি তৈরি করেছে।
নিলামের পূর্বে ব্রেসলেটটির সম্ভাব্য দাম ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ নির্ধারণ করা হয়েছিল, যা মার্কিন মুদ্রায় প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার। তবে শেষ পর্যন্ত এর দাম ৪১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছে।
সোথবির নিলাম তালিকায় উল্লেখ করা হয়েছে, এই অসাধারণ ঐতিহাসিক নীলকান্তমণির উৎস রোমানভ পরিবারের কিংবদন্তিতুল্য সংগ্রহ। রাশিয়ার জারদের এই রাজকীয় সংগ্রহকে ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও মূল্যবান রাজকীয় অলংকারের সংগ্রহ হিসেবে গণ্য করা হয়।
রোমানভরা ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজপরিবার। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সূচনালগ্নে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করলে তাদের শাসনের অবসান ঘটে। এরপরের বছর বলশেভিকদের হাতে পরিবারের সদস্যরা নিহত হন।
রোমানভ পরিবার নীলকান্তমণিটি ঠিক কখন সংগ্রহ করেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নিলাম প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনা যে স্কার্ট পরেছিলেন, তার সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়। ধারণা করা হয়, বর্তমান রত্নটি ছিল সেই জোড়ার একটি।
রুশ বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রোমানভ পরিবারের রাজকীয় সংগ্রহের অলংকারগুলো বিক্রি করে দেয়। এরপর ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক সমাজের উচ্চবিত্ত নারী নীলকান্তমণিটি কিনে নেন বলে সোথবি জানিয়েছে।
সে সময় রত্নটি একটি নেকলেসে বসানো ছিল। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে এটি বিক্রির সময়ও অন্য একটি ছোট নেকলেসে বসানো ছিল। পরে ২০১৫ সালে কার্টিয়ে নীলকান্তমণিটিকে বর্তমানে দেখা যাচ্ছে এমন হীরাখচিত ব্রেসলেটে স্থাপন করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ