সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৫০ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার ও প্রসার কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফ’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব পদে কে এম হারুন অর রশিদ দায়িত্ব পালন করবেন।
রোববার (২২ নভেম্বর) বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
আজ ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এনসিএফ’র নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, নাসিফ ওয়াহিদ, কে এম হারুন অর রশিদ, আবদুস সালাম ফাহিম, ডা. মঞ্জুরুল ইসলাম, হাসান মাহবুব, ডা. সৈয়দ এ এ শাফী, ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, এম এন অনিক, কাওসার মাহমুদ, জাকারিয়া আলম আপেল, ফয়েজ বিন আকরাম, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, মো. নূর নবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, দেওয়ান আলফাজ উদ্দিন, রবিউল আউয়াল তালুকদার, মিয়াঁ মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাহমুদুল ইসলাম মাহতাব, আশিকুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম মুন্না এবং ওয়াসি উদ্দিন আহমেদ চৌধুরী।
ফোরামের নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলফাজ দেওয়ান, ভাইস চেয়ারম্যান হিসেবে মো. নূর নবী পাশা সবুজ, হাসান মাহবুব, সোনিয়া আক্তার স্মৃতি, মহিউদ্দীন আহমেদ (সৈকত) দায়িত্ব পেয়েছেন।
সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, যুগ্ম মহাসচিব হিসেবে মালত আবুল কালাম মুন্না, মোহাম্মদ আশরাফুল ইসলাম চিশতী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্চেন্ট মেরিনার মিয়াঁ মোহম্মদ রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক হিসেবে ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বল দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কৃষিবিদ ফয়সাল হোসেন রাজীব, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) বাহাউদ্দীন ফারুক মুন্না, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ডা. ইফতেখার হায়দার (অনি), সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) খালদুন বিন শহীদ, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জোয়ার্দার মো. আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক পদে মশিয়ার রহমান ও হামীম আহমেদ রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির অভিযোগে কালো বোরকা পরিহিত চার নারীকেই আটক করেছে হাসপাতালের আনসার সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে হাসপাতালের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক হওয়া নারীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের নাম আয়শা (২২), মিতু (২২) ও মরিয়ম (২৮) হিসেবে পরিচয় দিয়েছেন। বাকি একজনের পরিচয় এখনও যাচাই করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক নারীরা ভাসমান বস্তি এলাকার বাসিন্দা হলেও পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে তাঁদের প্রকৃত পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে ওই চার নারী স্বর্ণের চেইন ও কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাঁদের ধরে ফেলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই চার নারী কালো বোরকা পরে ওয়ার্ড, টিকিট কাউন্টার ও বারান্দায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আনসার সদস্যরা তাঁদের ওপর নজর রাখছিলেন। একপর্যায়ে এক রোগীর স্বজন চিৎকার করে উঠলে আনসার সদস্যরা দ্রুত তাঁদের আটক করেন।
এক আনসার সদস্য জানিয়েছেন, ‘আমরা অনেকক্ষণ ধরে তাঁদের লক্ষ্য করছিলাম। তাঁরা রোগী দেখতে আসেননি, বারবার ভিড়ের মধ্যে ঢুকছিলেন। সন্দেহ হওয়ায় আমরা তাঁদের আটক করে পুলিশকে খবর দিই।’
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেছেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্দেহজনক চার নারীকে আনসার সদস্যরা আটক করার পর আমরা পুলিশে খবর দিই এবং তাঁদের থানায় সোপর্দ করি। এ ধরনের ঘটনা ঠেকাতে আনসারদের টহল ও সিসিটিভি ক্যামেরা নজরদারি বাড়ানো হয়েছে। রোগী ও স্বজনদেরও নিজেদের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখার অনুরোধ করছি।’
কালিয়াকৈর থানা-পুলিশ জানিয়েছে, আটক নারীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। এক রোগীর স্বজন বলেছেন, ‘হাসপাতালে এসেও যদি চুরির শঙ্কা থাকে, তাহলে মানুষ কোথায় যাবে? আনসার সদস্যরা ধরেছেন, এটি ভালো হয়েছে।’ অন্যদিকে, আরেক নারী রোগী মন্তব্য করেছেন, ‘ভিড়ের মধ্যে কে কখন হাত দেয়, বোঝা যায় না। এখন থেকে আরও সাবধান থাকতে হবে।’
স্থানীয় বাসিন্দারা হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ও আনসার সদস্যের সংখ্যা বাড়ানোসহ নিয়মিত নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার, যা প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থল, বর্তমানে চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। দীর্ঘ সময় ধরে এই সমস্যাগুলোর সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মেডিকেল সেন্টারের সূত্রে জানা যায়, দেড় বছর আগে সেখানে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। বর্তমানে চিকিৎসকের সংখ্যা কমে তিনজনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সকালের শিফটে দুজন এবং বিকেলের শিফটে একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার অর্ধদিবস একজন চিকিৎসক দিয়ে সেবা পরিচালিত হয় এবং শুক্রবার মেডিকেল সেন্টার বন্ধ থাকে। এ ছাড়া, পূর্বে কর্মরত দুজন পার্টটাইম চিকিৎসকও প্রায় দেড় বছর ধরে নেই। ফলে চিকিৎসাসেবা নিতে গিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
আইসিটি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আশরাফুল আলম হৃদয় জানান, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে রোগ অনুযায়ী চিকিৎসা না দিয়ে সাধারণ ওষুধ দিয়েই দায়িত্ব শেষ করা হয়। বিশেষ করে ছুটির দিনগুলোতে চিকিৎসক না থাকায় শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পেতেও জটিলতা তৈরি হয়। তিনি দাবি করেন, সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ, ছুটির দিনেও চিকিৎসাসেবা চালু এবং অ্যাম্বুলেন্স সেবা সহজলভ্য করতে হবে।
ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সমাপ্তি খান জানান, মেডিকেল সেন্টারে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ওষুধ দেওয়া হয়, অন্যথায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য আগে চালু থাকা গাইনি চিকিৎসকের বিশেষায়িত সেবাও বর্তমানে বন্ধ। অ্যাম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রেও শিক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ রয়েছে। তিনি প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা, নারী শিক্ষার্থীদের বিশেষায়িত চিকিৎসাসেবা এবং জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।
মেডিকেল সেন্টারের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. আহম্মদ হোসেন সিদ্দিকী বলেন, ‘দেড় বছর আগে মেডিকেল সেন্টারে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। তবে বর্তমানে চিকিৎসকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনজনে। তাদের মধ্যে সকালের শিফটে দুজন এবং বিকেলের শিফটে মাত্র একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। ফলে চিকিৎসাসেবা নিতে যাওয়া সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।’
তিনি আরও জানান, মেডিকেল সেন্টারে ইনডোর শয্যার কোনো সুবিধা নেই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে।
অ্যাম্বুলেন্স সেবার দুর্বলতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এর একটি মর্মান্তিক উদাহরণ ২০২৬ সালের ২৩ জুলাই গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইসিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের (২১) মৃত্যু। জানা যায়, গভীর রাতে বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পেতে জটিলতা ও বিলম্বের কারণে তাকে অটোরিকশায় করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
মেডিকেল সেন্টারের সার্বিক সংকট, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতা নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি গত জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করেছি। মেডিকেল সেন্টারের প্রয়োজনীয়তা ও জনবলসংক্রান্ত ঘাটতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও আমার কাছে নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মেডিকেল বডির সদস্যদের ডেকে পাঠানো হলেও তারা মেডিকেল সেন্টারের কী কী প্রয়োজন এবং কোথায় কোথায় ঘাটতি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
চিকিৎসকসংকটের বিষয়ে উপাচার্য জানান, মেডিকেল সেন্টারে বিধিমালা অনুযায়ী কতজন চিকিৎসক থাকার কথা এবং বর্তমানে কতজন কর্মরত রয়েছেন, তা খতিয়ে দেখা হবে। চিকিৎসকের ঘাটতি থাকলে প্রয়োজনীয় নিয়োগের জন্য খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পার্টটাইম চিকিৎসক নিয়োগের বিষয়টিও পর্যালোচনা করা হবে।
ল্যাবরেটরি সেবার সীমাবদ্ধতা, দীর্ঘদিন ধরে ডেঙ্গু পরীক্ষার কিট না থাকা, থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সংকটের বিষয়ে উপাচার্য জানান, ল্যাবের জন্য প্রয়োজনীয় টেকনিশিয়ান বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। একইসঙ্গে নারী রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগী নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
ইনডোর শয্যা ও ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা না থাকার বিষয়ে তিনি জানান, মেডিকেল সেন্টারে ইনডোর সার্ভিস চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই ভর্তি থেকে চিকিৎসাসেবা নিতে পারেন।
অ্যাম্বুলেন্স সেবার ভোগান্তি নিরসনে উপাচার্য বলেন, একটি অ্যাম্বুলেন্স মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে রাখার ব্যবস্থা করা হবে। এতে জরুরি রোগীদের প্রয়োজনে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা দেওয়া সম্ভব হবে এবং অ্যাম্বুলেন্স পেতে দীর্ঘসূত্রতা কমবে।
মেডিকেল অ্যাডভাইজরি কমিটির সদস্য ও তাদের দায়িত্ব সম্পর্কে উপাচার্য জানান, কমিটিতে কারা রয়েছেন এবং তাদের কার্যক্রম কী, তা খোঁজ নিয়ে জানানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা (দক্ষিণ), ২৩ নভেম্বর, ২০২৬ : জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনের উদ্দেশ্যে জেলা পুলিশের একটি বিশেষ অভিযানে ৩২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের ৬৪ সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আটক ৩২৫ জনের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগ ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করার পর ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অবশিষ্ট ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজারের রামুতে ঘটে যাওয়া ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনায় মো. রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা মারা গেছেন। এই দুর্ঘটনার ফলে নিহতের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হন।
নিহতদের মধ্যে রয়েছেন: কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সি শিশুকন্যা এবং রুবেলের ছয় মাস বয়সি শিশুকন্যা মাশরুফা। সর্বশেষ নিহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা। নিহত পাঁচজনই একই পরিবারের সদস্য।
নিহতের স্বজনদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার দিন তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। কাটিরমাথা রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কাসফিয়ার মৃত্যু ঘটে। গুরুতর আহত অন্যদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তানিয়া সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।
রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা তানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ