প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির অভিযোগে কালো বোরকা পরিহিত চার নারীকেই আটক করেছে হাসপাতালের আনসার সদস্যরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে হাসপাতালের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক হওয়া নারীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের নাম আয়শা (২২), মিতু (২২) ও মরিয়ম (২৮) হিসেবে পরিচয় দিয়েছেন। বাকি একজনের পরিচয় এখনও যাচাই করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক নারীরা ভাসমান বস্তি এলাকার বাসিন্দা হলেও পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে তাঁদের প্রকৃত পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে ওই চার নারী স্বর্ণের চেইন ও কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাঁদের ধরে ফেলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই চার নারী কালো বোরকা পরে ওয়ার্ড, টিকিট কাউন্টার ও বারান্দায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আনসার সদস্যরা তাঁদের ওপর নজর রাখছিলেন। একপর্যায়ে এক রোগীর স্বজন চিৎকার করে উঠলে আনসার সদস্যরা দ্রুত তাঁদের আটক করেন।
এক আনসার সদস্য জানিয়েছেন, ‘আমরা অনেকক্ষণ ধরে তাঁদের লক্ষ্য করছিলাম। তাঁরা রোগী দেখতে আসেননি, বারবার ভিড়ের মধ্যে ঢুকছিলেন। সন্দেহ হওয়ায় আমরা তাঁদের আটক করে পুলিশকে খবর দিই।’
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেছেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্দেহজনক চার নারীকে আনসার সদস্যরা আটক করার পর আমরা পুলিশে খবর দিই এবং তাঁদের থানায় সোপর্দ করি। এ ধরনের ঘটনা ঠেকাতে আনসারদের টহল ও সিসিটিভি ক্যামেরা নজরদারি বাড়ানো হয়েছে। রোগী ও স্বজনদেরও নিজেদের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখার অনুরোধ করছি।’
কালিয়াকৈর থানা-পুলিশ জানিয়েছে, আটক নারীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। এক রোগীর স্বজন বলেছেন, ‘হাসপাতালে এসেও যদি চুরির শঙ্কা থাকে, তাহলে মানুষ কোথায় যাবে? আনসার সদস্যরা ধরেছেন, এটি ভালো হয়েছে।’ অন্যদিকে, আরেক নারী রোগী মন্তব্য করেছেন, ‘ভিড়ের মধ্যে কে কখন হাত দেয়, বোঝা যায় না। এখন থেকে আরও সাবধান থাকতে হবে।’
স্থানীয় বাসিন্দারা হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ও আনসার সদস্যের সংখ্যা বাড়ানোসহ নিয়মিত নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন