প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায়, তিনি নিজ বাংলোয় বসে সরকারি দায়িত্ব পালন করছেন। সেবা প্রত্যাশীদের যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সেই জন্য তাদের বাংলোর কার্যালয়ে আসার অনুরোধ করেছেন এই কর্মকর্তা।
সোমবার (৯ নভেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা তার ফেসবুক আইডি থেকে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে আমি উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তবে আমার বাংলো কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা গ্রহীতারা নানা বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কোনো সেবা গ্রহণ বা অন্য প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে, অনুগ্রহ করে আমার বাংলোর কার্যালয়ে আসবেন। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে কে এম ইশমামের ডান পায়ের গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসক তাকে ২৮ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার ডান পায়ে ব্যান্ডেজ রয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে ১৯ অক্টোবর থেকে বাংলোয় অবস্থান করেই দাপ্তরিক কাজ করছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে বসেই ফাইলপত্রে স্বাক্ষর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। মাঝে মধ্যে পায়ে ব্যান্ডেজ নিয়েই উপজেলা পরিষদের আশপাশে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারক করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোয় দেখা যায়, সেবা প্রত্যাশীদের বেশ ভিড়। আগত ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শুনছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করছেন এবং প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছেন।
মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান বলেন, পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজে প্রায় প্রতিদিনই ইউএনওর কাছে যেতে হয়। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসেও তিনি ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি তার অদম্য মানসিকতার পরিচয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি কে এম ইশমাম মতলব পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ইউএনও কে এম ইশমাম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নানা প্রয়োজনে তার কাছে আসেন। কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য বাংলোয় বসেই দিন-রাত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন এটি তার নৈতিক ও দাপ্তরিক দায়িত্বের অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন