মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:২৭ পি.এম
বাংলাদেশসহ পাঁচটি দেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নেপালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার নিকটে ছিল।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ইউএসজিএসের হিসাবে এর মাত্রা ৫ দশমিক ৩। অন্যদিকে, নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।
সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
এদিকে, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। হঠাৎ কম্পনে হিমালয়সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই দিন ভোরে ভারতের আসাম রাজ্যেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে কার্বি আংলং জেলায় আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৫।
সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
একই দিনে নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক ভূমিকম্পের ঘটনা হিমালয় অঞ্চলের ভূকম্পন পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শ্রমিক অসন্তোষের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। সকাল ৮টার পর থেকেই একযোগে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে কারখানাগুলোতে।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য কারখানার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের উলাইল, ব্যাংক টাউন ও হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। সকাল ৮টার পর থেকে এসব এলাকার কারখানাগুলোতে সাধারণ শ্রমিকরা উৎপাদন কার্যক্রম শুরু করেন।
এদিকে আশুলিয়ার শিল্পাঞ্চলেও শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদনে অংশ নিয়েছেন। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ছাড়াও জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, পল্লীবিদ্যুৎ, কাঠগড়া ও জিরানী এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের কাজে ফেরার খবর পাওয়া গেছে।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শ্রমিকদের কাজে ফেরার ফলে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানা ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আজ সকালে মালিকপক্ষ এসব কারখানা বন্ধের সিদ্ধান্ত জানায়। এরপর তারা কারখানার প্রধান ফটকের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়।
এছাড়া, ৮টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সকালে শ্রমিকরা ৮টি কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ করে দেয়। এর পর মালিকপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। শ্রমিকরা এরপর যার যার মত বাড়ি চলে যায়। অন্যদিকে, শিল্পাঞ্চল সাভারে সকাল থেকে শ্রমিকরা দলবদ্ধ হয়ে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ - ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক গতিতে চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের জন্য তিনি রওনা হন।
হেলিকপ্টারযোগে সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬‘-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত থাকবেন।
মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে। তিনি উল্লেখ করেন, "মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে।"
হুমায়ুন কবির আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে তাকে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসিত করা হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।
আগুন সন্ত্রাসের কারণে আতঙ্কিত নয়, মানুষ কঠোর অবস্থানে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের জনগণ আতঙ্কিত নয়, বরং তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন।
তিনি জানান, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের জনগণের যে অবস্থান, সেটি বিদেশিদের জানানো হয়েছে। তিনি বলেন, "দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।" বাংলাদেশের জনগণ জানে কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
আগুন সন্ত্রাসীদের ভয়ে কোন পরিবহন বন্ধ রাখা যাবে না
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার।" বাংলাদেশের জনগণের সঙ্গে এই সরকারের অবস্থান অত্যন্ত মজবুত। তিনি উল্লেখ করেন, "জনগণকে আস্থায় নিয়েই আমরা পরিস্থিতি মোকাবিলা করছি।" যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা মনে করছে মানুষ আতঙ্কিত হবে, কিন্তু উল্টো তারাই আতঙ্কিত হচ্ছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায় এবং এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না। জনগণই এখন তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সরকারের প্রায় নয় মাস হয়ে গেছে। সরকারের বিভিন্ন নীতি ও দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি বন্ধুদের অবহিত করতেই এই আয়োজন করা হয়েছে। তিনি জানান, সরকার স্বচ্ছতায় বিশ্বাসী এবং জনগণকে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত রাখতে চায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও কঠোর অবস্থানে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।"
ব্রিফিংয়ে অংশ নিয়েছেন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ