ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ৭ শ্রেণির আবেদনকারীর জন্য ভিসা ফি মওকুফ


যুক্তরাষ্ট্রে ৭ শ্রেণির আবেদনকারীর জন্য ভিসা ফি মওকুফ

যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনের ক্ষেত্রে সাতটি নির্দিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের জন্য প্রসেসিং ফি দিতে হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরকারি তথ্য অনুযায়ী, এই তথ্য প্রকাশিত হয়েছে। তবে, সাধারণ পর্যটন, ব্যবসা বা শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়।

মার্কিন দূতাবাসের সূত্রে জানা গেছে, কূটনীতিবিদ, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও ন্যাটোর প্রতিনিধিরা যারা A, G, C-2, C-3 ও NATO ভিসার জন্য আবেদন করবেন, তাদের জন্য প্রসেসিং ফি মওকুফ থাকবে। এছাড়া, যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী 'J' ভিসার আবেদনকারীরাও এই সুবিধার আওতায় আসবেন।

তৃতীয় ও চতুর্থ ক্যাটাগরির মধ্যে রয়েছে প্রশাসনিক ভুলের কারণে নতুন ভিসা পাওয়ার জন্য আবেদনকারী এবং আন্তর্জাতিক চুক্তির আওতায় জাতিসংঘ সদর দপ্তরের বিভিন্ন ট্রাস্ট ও বিশেষ মিশনের প্রতিনিধিরা এবং তাদের পরিবারের সদস্যরা। মানবিক কাজ বা দাতব্য সেবায় যুক্ত আবেদনকারীদের জন্যও ভিসা সার্ভিসের সিদ্ধান্ত অনুযায়ী ফি মওকুফ হতে পারে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

পঞ্চম ও ষষ্ঠ ক্যাটাগরিতে রয়েছে সরকারি প্রয়োজনে ভ্রমণকারী মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এবং দায়িত্ব পালনকালে মারা যাওয়া বা গুরুতর আহত মার্কিন কর্মচারীদের নিকটাত্মীয়রা। স্বজনদের জানাজা বা জরুরি চিকিৎসার প্রয়োজনে ভ্রমণকারী পরিবারের সদস্যরাও এই ফি ছাড়ের সুবিধা পাবেন।

তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ফি মওকুফ হওয়া মানে ভিসার নিশ্চয়তা নয়। সাধারণ নন-পিটিশনভিত্তিক ভিসার জন্য প্রসেসিং ফি ১৮৫ ডলার বহাল থাকবে। পাশাপাশি, আবেদনকারীর জাতীয়তা ও ভিসার ধরণ অনুযায়ী আলাদা রেসিপ্রোসিটি বা ভিসা ইস্যুয়েন্স ফি প্রযোজ্য হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ডেঙ্গুতে ২৫ দিনে ১১৪ জনের মৃত্যু

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ২১১ জনে পৌঁছেছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসের ২৫ দিনে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে সেপ্টেম্বরের ২৪ দিনে মারা গেছেন ১১৪ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন।

আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ শতাংশ এবং নারীর হার ৩৭ শতাংশ। বয়সের দিক থেকে তরুণদের আক্রান্ত হওয়ার হার বেশি দেখা গেছে।

সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ডেঙ্গুতে ১০২ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে ডেঙ্গুতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। মার্চ ও এপ্রিল মাসে মশাবাহিত রোগটিতে কোনো প্রাণহানি ঘটেনি, তবে মে মাসে একজন এবং জুনে ১৩ জন মারা যান। জুলাই মাসে ডেঙ্গুতে প্রাণহানি প্রায় দ্বিগুণ হয়ে যায়, যেখানে ৩৬ জন মারা যান। আগস্ট মাসজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। চলতি সেপ্টেম্বরের ২৫ দিনে মশাবাহিত রোগটিতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন, উপাচার্যর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন, উপাচার্যর বক্তব্য

‘স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন প্রতিপাদ্য’ শিরোনামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এই দিবসটি পালন করা হয়।

দিবসটির উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ফার্মাসিস্টদের শপথ পাঠ ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে ফার্মাসিস্ট দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামীম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (হিউম্যান রিসোর্স) মো. ফয়সাল ইকবাল। অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান। ইনভাইটেড স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. জাহাঙ্গীর আলম খন্দকার।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেরদুল হক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "আপনারাই দেশের ভবিষ্যৎ। আজকের এই মেধাভিত্তিক বিশ্বে টিকে থাকতে হলে কেবল পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অর্জিত জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগানোর সৎ মানসিকতা গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "চিকিৎসাব্যবস্থায় ফার্মাসিস্টরা হলেন মেডিকেশন এক্সপার্ট। ওষুধের ভুল প্রয়োগ রোধ এবং রোগীদের সঠিক দিকনির্দেশনা প্রদানে ফার্মাসিস্টদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল। তাই শিক্ষার্থীদের নিজেদের একজন দক্ষ ও যোগ্য ফার্মাসিস্ট হিসেবে গড়ে তুলতে হবে।"

উপাচার্য আরও বলেন, "একাডেমিয়া ও ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির এই মেলবন্ধন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক বাস্তবতার সুদৃঢ় যোগাযোগ তৈরি করবে। পাবনা অঞ্চল বাংলাদেশের ঔষধশিল্পের অন্যতম প্রাণকেন্দ্র। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা সরাসরি দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার যে সুযোগ পাচ্ছে, তা তাদের আন্তর্জাতিক মানের ফার্মাসিস্ট হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।"

কিনোট স্পিকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, "সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের ওষুধের সঠিক ব্যবহার করতে হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। অনেক সময় আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনে চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই সেবন করি, যা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ফার্মাসিস্টদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের জাতীয় স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নেও তাদের কাজ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃমির সমস্যা কমাতে শিশুকে খাওয়ান পুষ্টিকর খাবারগুলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


কৃমির সমস্যা কমাতে শিশুকে খাওয়ান পুষ্টিকর খাবারগুলো

শিশুদের মধ্যে কৃমির সমস্যা একটি সাধারণ বিষয়। কৃমির ডিম শরীরে প্রবেশ করতে পারে মাটি, খাবার বা পানির মাধ্যমে। অপরিষ্কার হাতে মুখ দেওয়ার অভ্যাসও শিশুর শরীরে কৃমির সংক্রমণের কারণ হতে পারে। এর ফলে শিশুদের মধ্যে পেটব্যথা, খিদে কমে যাওয়া এবং মলদ্বারে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে।

কৃমির ওষুধ খাওয়ানোর পর কিছুদিনের জন্য আরাম মিললেও, যদি পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস না থাকে, তাহলে আবারও এই সমস্যা ফিরে আসতে পারে। দীর্ঘ সময় ধরে কৃমির সমস্যায় ভুগলে শিশুর শরীরে রক্তস্বল্পতা এবং পুষ্টির অভাবও দেখা দিতে পারে। তাই, ওষুধের পাশাপাশি শিশুর খাবার এবং পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

কৃমি থেকে বাঁচতে যা করবেন

শিশুকে খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নখ ছোট ও পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নোংরা হাতে মুখে দেওয়া থেকে বিরত থাকাসহ পরিষ্কার খাবার এবং নিরাপদ পানি খাওয়ানোর বিষয়েও সতর্ক থাকতে হবে।

কৃমির সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ গ্রহণ করা আবশ্যক। পাশাপাশি, খাবারের তালিকায় কিছু পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করা যেতে পারে।

উচ্ছে-করলা

কৃমির সমস্যায় শিশুর খাবারের তালিকায় উচ্ছে ও করলা অন্তর্ভুক্ত করা যেতে পারে। এতে জীবাণুর বিরুদ্ধে কাজ করার উপাদান রয়েছে এবং এটি আঁশসমৃদ্ধ। নিয়মিত খাবারের অংশ হিসেবে উচ্ছে-করলা রাখলে পেট পরিষ্কার রাখতে সহায়তা হতে পারে।

নিমপাতা

কৃমির সমস্যায় তেতো খাবার খাওয়ার প্রচলন রয়েছে। তাই উচ্ছে-করলার পাশাপাশি নিমপাতার রস খাওয়ানোর কথাও বলা হয়। তবে, শিশুকে নিমপাতার রস খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাঁচা হলুদ

কাঁচা হলুদের রসও কৃমির সমস্যা কমাতে সহায়ক হিসেবে ব্যবহৃত হতে পারে। কাঁচা হলুদ বেটে এর সঙ্গে কাঁচা আদা, সামান্য নুন এবং লেবুর রস মিশিয়ে খাওয়ানোর প্রচলন রয়েছে। তবে, শিশুর ক্ষেত্রে এমন ঘরোয়া উপায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বারবার কৃমি হলে কী করবেন

শিশুর বারবার কৃমি হলে শুধুমাত্র ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কৃমির ধরন অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে। তাই, প্রয়োজন অনুযায়ী কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে হবে।

কৃমি প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া, নখ ছোট রাখা, পরিষ্কার খাবার ও নিরাপদ পানি খাওয়ানো এবং নোংরা হাতে মুখে দেওয়া বন্ধ করার অভ্যাস শিশুকে ছোটবেলা থেকেই শেখাতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি ৫ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ক্যান্টনমেন্ট থানার ওসি ৫ দিনের রিমান্ডে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম এই রিমান্ড আদেশ দেন।

এদিন রাতে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নি.) এ বি এম আবদুল্লাহ খালেদ সাকিব। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি প্রকাশ্যে দেশের ভেতরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকার পতনের চক্রান্তে লিপ্ত ছিলেন। ঘটনার পেছনে অন্য কারা জড়িত রয়েছেন এবং পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%