প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ১৭ নভেম্বর ২০২৬ : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদী তার মৎস্যসম্পদ, খাদ্যশৃঙ্খল এবং প্রজনন সক্ষমতা ক্রমাগত হারাচ্ছে। নদীটির পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হওয়ায় অনেক মাছের প্রজাতি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। পাশাপাশি, বিষ প্রয়োগ করে মাছ শিকার, বিভিন্ন ধরনের দূষণ এবং মানবসৃষ্ট কর্মকাণ্ড নদীটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।
শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য এবং হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা নদীর দূষণের অন্যতম কারণ। অবৈধ বালু উত্তোলন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদীর উজানে লবণাক্ততার বিস্তারও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
চট্টগ্রামের হালদা নদীর পরিবেশ একাধিক মানবসৃষ্ট ও প্রাকৃতিক চাপের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে। দক্ষিণ এশিয়ার রুইজাতীয় মাছের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রজননক্ষেত্রটির অস্তিত্ব এবং জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি গবেষণায় নদীটির উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, হালদা নদীতে একসময় ৭৬টি মাছের প্রজাতি দেখা যেত, কিন্তু বর্তমানে ২৬টি প্রজাতি নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রে আর পাওয়া যাচ্ছে না। মৎস্য অধিদপ্তর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির ২০০৯ থেকে ২০১৬ সালের গবেষণায় দেখা গেছে, পাঁচটি প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে- চিতল, বাণী ককসা, ঘর পইয়া, গুইজ্জা আইড় এবং মেনি (ভেদা)।
এছাড়া, গণি চাপিলা, ইলিশা, তেলিপাসা, কটি, ঢেলা, চেপচেলা, বোয়ালি পাবদা, টেংরা, শিলং, ঘাউরা, বাতাসি, গাজরা, কইতর পোয়া, বাইলা, নোনা বাইলা, চিরিং এবং চেওয়াসহ আরও বেশ কয়েকটি প্রজাতি বর্তমানে নদীটির প্রাকৃতিক প্রজননক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। একই গবেষণায় মাছের আবাসস্থল ধ্বংসের কারণে ডিম উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে।
এদিকে, হালদায় অবৈধভাবে মাছ শিকারের একটি ভয়াবহ পদ্ধতির সন্ধান পাওয়া গেছে। গত সাত থেকে আট মাসে হাটহাজারী ও রাউজান এলাকায় ২ থেকে ২০ কেজি ওজনের সাতটি বড় মা মাছ মৃত অবস্থায় পাওয়া গেছে। এসব মাছের মধ্যে কাতলা, মৃগেল এবং আইড় রয়েছে।
মৃত মাছগুলোর শরীরে বড়শি বা ধারালো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মো. মঞ্জুরুল কিবরিয়ার গবেষণায় সেগুলোর শরীরে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মাছ শিকারে ‘নাইট্রো’ নামের একটি কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যাতে ক্লোরপাইরিফস এবং সাইপারমেথ্রিন রয়েছে। কীটনাশকটি সাধারণত ধান ও সবজির ক্ষেতে ব্যবহার করা হয় এবং এটি স্থানীয় ফার্মেসি ও মুদি দোকানে সহজেই পাওয়া যায়।
হালদার সঙ্গে সংযুক্ত ১৭টি শাখা খালের মধ্যে ধুরং, সর্তা, কাগতিয়া, সোনাই এবং মাদারী খালসহ বিভিন্ন স্থানে গভীর রাতে জোয়ার ও ভাটার মধ্যবর্তী সময়ে পানির প্রবাহ স্থির থাকলে এ বিষ প্রয়োগ করা হয়। এতে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কয়েক মিনিটের মধ্যে মাছ ও চিংড়ি পানির ওপর ভেসে ওঠে। পরে দুর্বৃত্তরা সহজেই সেগুলো ধরে নিয়ে যায়।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মৎস্য অনুষদের সাবেক ডিন ড. শেখ আহমদ আল নাহিদ বলেন, প্রয়োগ করা বিষ শেষ পর্যন্ত মূল নদীতে গিয়ে মেশে।
হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া সতর্ক করে বলেন, এভাবে বিষ প্রয়োগ অব্যাহত থাকলে নদীর কিছু অংশে জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনও অবশিষ্ট থাকবে না। তিনি আরও বলেন, সুন্দরবনের খালগুলোতেও কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দেখা গেছে। মৎস্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এ ধরনের কর্মকাণ্ড চলছে। মৃত মা মাছগুলো সমস্যার দৃশ্যমান অংশ মাত্র। খাদ্যশৃঙ্খলের ভিত্তি ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন ধ্বংসের বিষয়টি অনেক সময় নজরেও আসে না। খাদ্যশৃঙ্খলের গোড়ায় আঘাত এলে পুরো প্রতিবেশব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেন অধ্যাপক কিবরিয়া।
তিনি বলেন, বিষ প্রয়োগ হালদা নদীর জন্য নতুন হুমকি হলেও এটিই একমাত্র সমস্যা নয়। শিল্পবর্জ্য এবং কঠিন বর্জ্য নিক্ষেপ, পানির লবণাক্ততা বৃদ্ধি, বালু উত্তোলন এবং নদীর তীরে অপরিকল্পিত স্লুইসগেট ও বাঁধ নির্মাণও মাছের প্রজাতি হারিয়ে যাওয়ার জন্য দায়ী।
অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, অপরিকল্পিত স্লুইসগেট এবং বাঁধ নির্মাণ মাছের প্রজাতি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। এসব বাঁধ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে এবং মাছের খাদ্যের অন্যতম উৎস (বেন্থোস) সহ তলদেশে বসবাসকারী জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস করে। ফলে নদীর স্বাভাবিক খাদ্যশৃঙ্খল এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, হালদা নদীর সাত্তারঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত মা মাছের বিচরণক্ষেত্রে খাদ্যের তীব্র সংকট রয়েছে। অথচ মা মাছের পরিপক্কতা এবং প্রজননের জন্য নির্মল পানি এবং পর্যাপ্ত খাদ্য প্রয়োজন।
গত ২৭ অক্টোবর সরেজমিন পরিদর্শনে মোহরার ট্যানারি এলাকা এবং বিভিন্ন শিল্পাঞ্চল থেকে নির্গত কালচে ও বিষাক্ত পানি কৃষ্ণখালী খাল এবং বুড়িশ্চর এলাকা দিয়ে হালদা নদীতে প্রবাহিত হতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দূষণের কারণে ওই এলাকার অনেক জমিতে বছরের পর বছর চাষাবাদ হচ্ছে না। এমনকি দূষিত পানির প্রবাহের আশপাশে কোনো পোকামাকড়ও দেখা যায় না।
অধ্যাপক ড. কিবরিয়া আরও বলেন, চট্টগ্রামের অন্তত ১৯টি খালের মাধ্যমে গৃহস্থালি বর্জ্য, ডাইং কারখানার তরল বর্জ্য এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ এখনো সরাসরি হালদা নদীতে গিয়ে পড়ছে।
হালদা পাড়ের জেলে কামাল উদ্দিন বাসসকে জানান, তার পরিবার বংশপরম্পরায় হালদা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। তিনি বলেন, গত ১০ বছরে আমরা নদী থেকে অনেক প্রজাতির মাছ হারিয়ে যেতে দেখেছি। বর্তমানে পর্যাপ্ত মাছের ডিমও পাওয়া যায় না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষ প্রয়োগ করে মাছ শিকারিরা প্রায়ই ১০ থেকে ২০ মিনিটের মধ্যে তাদের কাজ শেষ করে সটকে পড়ে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বাসসকে বলেন, হালদা নদী রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ জাল জব্দ, জরিমানা আদায় এবং জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শওকত বাসসকে বলেন, প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে হালদা নদী এবং মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রজনন মৌসুমে রাউজান এবং হাটহাজারী এলাকায় নজরদারি জোরদার করা হয়।
অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বাসসকে বলেন, গবেষকরা বিভিন্ন সময়ে দূষণের উৎস এবং গতিপথ চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ জমা দিয়েছেন। তবে এসব সুপারিশের অধিকাংশই কার্যকর করা হয়নি।
তিনি জানান, সরকার হালদা নদীকে ‘ফিশারিজ হেরিটেজ এরিয়া’ বা মৎস্য ঐতিহ্য এলাকা ঘোষণা করে ১৭টি বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে- মাছ ধরা, বালু উত্তোলন, ভারী ইঞ্জিনচালিত নৌযান চলাচল, শিল্পবর্জ্য নিঃসরণ, নদীর আবাসস্থল ধ্বংস, নদীর তীরে তামাক চাষ এবং আশপাশের কৃষিজমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা।
অধ্যাপক কিবরিয়া বলেন, হালদাকে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র এবং গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল হিসেবে স্বীকৃতি দিয়ে সরকার যে আইনি পদক্ষেপ নিয়েছে, তা নদী রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে- প্রজনন মৌসুমে (ফেব্রুয়ারি থেকে জুলাই) হালদার সঙ্গে সংযুক্ত ১৭টি খালে মাছ ধরা নিষিদ্ধ করা, নদী এবং এর সংযুক্ত খালগুলোতে নতুন করে রাবার ড্যাম বা কংক্রিটের বাঁধ নির্মাণে নিষেধাজ্ঞা এবং প্রজননের আগে মা মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পানির অবাধ প্রবাহ বজায় রাখার নির্দেশনাও রয়েছে।
নদী রক্ষায় প্রথমে দূষণ বন্ধ এবং পরে অবৈধ বালু উত্তোলন, মা মাছ চুরি, উজানে রাবার ড্যাম নির্মাণ, তামাক চাষ এবং ইঞ্জিনচালিত নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান অধ্যাপক ড. মনঞ্জুরুল কিবরিয়া।
তিনি বলেন, স্থানীয় জনগণই হালদা নদীর সম্পদের প্রধান সুবিধাভোগী। তাই নদী রক্ষায় তাদেরই নেতৃত্ব দিতে হবে। তার সুনির্দিষ্ট সুপারিশের মধ্যে রয়েছে- হালদা এবং এর সংযুক্ত খালগুলোর তীরবর্তী গার্মেন্টস এবং শিল্পকারখানায় কঠোর নজরদারি এবং বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা; কর্ণফুলী নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ এবং নগরীর বর্জ্যপানি হালদায় প্রবেশ করা প্রধান খালগুলোতে বর্জ্য আটকে রাখার ব্যবস্থা স্থাপন।
অধ্যাপক কিবরিয়া বলেন, কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হালদা একসময় মাছশুন্য নদীতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।
তিনি আরও বলেন, হালদা নদীর জন্য হুমকি সৃষ্টিকারী সমস্যাগুলো, বিশেষ করে দখল এবং দূষণ মোকাবিলায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, সংস্থা এবং প্রশাসনিক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন