শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:২১ পি.এম
প্রশান্ত মহাসাগরে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন চাম্পির প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে তাইওয়ান। আজ শুক্রবার (২৩ অক্টোবর) ঝড়টির সম্ভাব্য আঘাতের আশঙ্কায় দ্বীপটির প্রায় সব এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় এক হাজার ফ্লাইট।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার।
আজ শুক্রবার ঝড়টি তাইওয়ানের পূর্ব উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদিও এটি দুর্বল হয়ে এসেছে, তবুও তাইওয়ানে সরাসরি আঘাত হানার আশঙ্কা রয়ে গেছে।
পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এরপর চীনের উপকূলের দিকে মোড় নিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ের প্রভাবে তাইওয়ানে এরই মধ্যে একজনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছেন ১৭১ জন। এছাড়া পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ স্থান থেকে ২ হাজার ৬৩৯ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাইপাওয়ার জানিয়েছে, ঝড়ের কারণে ৭৭ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তবে এরই মধ্যে অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
টাইফুন মোকাবিলায় তাইওয়ানের প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা তুলনামূলকভাবে শক্তিশালী। ফলে এ ধরনের ঝড়ে সাধারণত প্রাণহানি কম হয়। গ্রীষ্মকালে টাইফুনের প্রকোপ বেশি থাকলেও শরৎকালেও এ ধরনের ঝড় আঘাত হানতে পারে।
এদিকে টাইফুন চাম্পি প্রথমে জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের পশ্চিমাঞ্চলের সর্বপশ্চিমে অবস্থিত জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনির ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: চ্যানেল নিউজ এশিয়া
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বোর্ডঘর এলাকায় তারা এই সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা পর তারা সড়ক থেকে সড়ে গেলে যানচলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা জানান, দীর্ঘ সময় ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের নানাভাবে হয়রানি করে আসছে হাইওয়ে পুলিশ। মাঝে মাঝে অটোরিকশা আটক করে তা ডাম্পিং করা হয়। এছাড়া, ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসব অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে শুক্রবার বেলা ১১টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন।
এদিকে, সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে হাজারো যাত্রী ও গাড়ি চালকরা ভোগান্তিতে পড়েন।
অটোচালক ইসরাফিল বলেন, ‘আমি কিস্তি তুলে ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছি। হাইওয়ে পুলিশ শুধু শুধু রাস্তায় হয়রানি করে, আবার মাঝে মাঝে ২৬০০ টাকার মামলা দেয়। মামলা দিলেও মামলার কোনো রশিদ দেয় না। প্রতিবাদ করলে রিকশা ডাম্পিংয়ে দেওয়ার হুমকি দেয় পুলিশ। আমরা এর প্রতিকার চাই।’
খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
ওসি শহিদুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা আন্দোলন করছেন এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ