প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বোর্ডঘর এলাকায় তারা এই সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা পর তারা সড়ক থেকে সড়ে গেলে যানচলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা জানান, দীর্ঘ সময় ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের নানাভাবে হয়রানি করে আসছে হাইওয়ে পুলিশ। মাঝে মাঝে অটোরিকশা আটক করে তা ডাম্পিং করা হয়। এছাড়া, ২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসব অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে শুক্রবার বেলা ১১টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন।
এদিকে, সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে হাজারো যাত্রী ও গাড়ি চালকরা ভোগান্তিতে পড়েন।
অটোচালক ইসরাফিল বলেন, ‘আমি কিস্তি তুলে ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছি। হাইওয়ে পুলিশ শুধু শুধু রাস্তায় হয়রানি করে, আবার মাঝে মাঝে ২৬০০ টাকার মামলা দেয়। মামলা দিলেও মামলার কোনো রশিদ দেয় না। প্রতিবাদ করলে রিকশা ডাম্পিংয়ে দেওয়ার হুমকি দেয় পুলিশ। আমরা এর প্রতিকার চাই।’
খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
ওসি শহিদুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা আন্দোলন করছেন এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন