প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, সঠিক নীতিমালা, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব। তিনি উল্লেখ করেছেন, শিশুশ্রম নিরসনে শ্রমঘন এলাকায় বিচ্ছিন্ন উদ্যোগ গ্রহণ করলেই হবে না, বরং শিক্ষা, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়গুলোকে একত্রে বিবেচনা করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হলিস্টিক অ্যাপ্রোচ’।
মাহ্দী আমিন বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করলেও জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহিতা ও দায়বদ্ধতা রয়েছে। তিনি জানান, নির্বাচনী ইশতেহারকে ভিত্তি ধরে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার নির্বাচনী ইশতেহারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় নানা সীমাবদ্ধতার মধ্যেও বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। সবার সহযোগিতায় টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শিশুশ্রম নিরসনে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো পরিবার যেন সন্তানকে শ্রমে নিয়োজিত করতে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটিরও বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যয় রয়েছে।
তিনি জানান, সারাদেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। এবার তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালা রয়েছে, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হতে শুরু করবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়নের পরিবর্তে এমন বিনিয়োগ করতে হবে, যার সুফল সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছায়। তিনি জানান, নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। তিনি বলেন, পরিবারগুলো যখন দেখবে সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে এবং শিক্ষা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা সন্তানদের কর্মক্ষেত্রে না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত হবে।
শ্রেণিকক্ষে থাকার বয়সী শিক্ষার্থীরা যেন কারখানায় না যায়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পড়াশোনা শেষে বেকারত্বের শঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান মাহ্দী আমিন। নবম ও দশম শ্রেণিতেও সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ স্থাপন সম্ভব হবে বলে মনে করেন তিনি।
শিশুশ্রমের পেছনে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাবকে বড় কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাবা-মায়ের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কলকারখানার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তিনি জানান, সার্বজনীন ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এ কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও প্রান্তিক পর্যায়ের মায়েদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছালে তারা তা সন্তানদের পড়াশোনায় ব্যয় করতে পারবেন। এতে অভাবের কারণে সন্তানদের কাজে পাঠানোর প্রবণতা কমবে।
শিশুশ্রম নিরসনে শুধু আনুষ্ঠানিক অর্থনীতির দিকে নজর দিলে চলবে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সমন্বিত নীতিমালা গ্রহণ করতে হবে। তিনি মন্তব্য করেন, দীর্ঘদিন জাতীয় এ সমস্যাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর গভীর দায়বদ্ধতা রয়েছে।
মাহ্দী আমিন আশা প্রকাশ করেন যে, শিশুরা শিল্পকারখানার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবে। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তরুণদের সৃজনশীলতা ও মেধার বিকাশে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এবং উপযুক্ত পরিবেশ তৈরি করেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শিশুশ্রম নিরসনের বহুমাত্রিকতা তুলে ধরে তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ বিষয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত। কারণ, শিশুশ্রমের সঙ্গে পরিবারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি জড়িত।
তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে শিশুশ্রম নির্মূল সম্ভব নয়। এজন্য আন্তমন্ত্রণালয় সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে, দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মাহ্দী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন