০৪:১১ পি.এম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনগণের অবস্থান হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অথবা বিবেকের তাড়নায় মার্কিন ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, জনগণের মতামত উপেক্ষা করে যদি যুদ্ধ চালানো হয়, তাহলে ওয়াশিংটন ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে।
গালিবাফ বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, "বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে, আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে না বলেছে। আমরা তাদের এই অবস্থানকে সমর্থন করি।"
আরও পড়ুন: ‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি
ইরানের পার্লামেন্ট স্পিকার মার্কিন সরকারকে সতর্ক করে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। তাঁর কথায়, ইরানের ‘না’ যুক্তরাষ্ট্রের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ আরও বেড়েছে।
এবারের নির্বাচনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের ফলাফল ট্রাম্প প্রশাসনের ইরাননীতি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
গালিবাফের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন