০৪:১৮ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল আসনে জয়লাভ করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইলহান ওমর। রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে পরাজিত করে তিনি টানা পঞ্চমবারের মতো কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ইলহান ওমরের জয় নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, তিনি ৭৬ দশমিক ৪৮ শতাংশ ভোট (২ লাখ ৬৩ হাজার ১৬৬টি) অর্জন করেছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন নাগেল ১৬ দশমিক ২২ শতাংশ ভোট (৫৫ হাজার ৮০৫টি) পেয়েছেন। মিনিয়াপোলিস ও আশপাশের শহরতলি নিয়ে গঠিত এই আসনটি মিনেসোটা অঙ্গরাজ্যের অন্যতম ডেমোক্র্যাট-প্রধান এলাকা হিসেবে পরিচিত।
২০১৯ সাল থেকে ইলহান ওমর এই আসনের প্রতিনিধিত্ব করছেন। গত আগস্টে তিনি দলীয় প্রাথমিক নির্বাচনে জয়ী হন। মে মাসে মিনেসোটার ডেমোক্র্যাটিক-ফার্মার-লেবার পার্টির রাজ্য সম্মেলনে তার প্রতি সমর্থন জানানো হয়।
আরও পড়ুন: ‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি
সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা ইলহান ওমর দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তব্যের লক্ষ্যবস্তু হয়ে আছেন। ট্রাম্প পূর্বে তাকে নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলেছিলেন এবং তাকে আবর্জনা বলেও অভিহিত করেছিলেন, এমনকি তদন্তের দাবি তুলেছিলেন।
গত মাসে ওয়াশিংটন ডিসিতে ইলহান ওমরের বাসায় অভিযান পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের তদন্তকারীরা। শৈশবে তার মৃত বাবার জমা দেওয়া অভিবাসনসংক্রান্ত কাগজপত্রের বিষয়ে তদন্তের অংশ হিসেবে এ অভিযানটি পরিচালিত হয় বলে জানা গেছে।
এ ঘটনার সমালোচনা করে ইলহান ওমর বলেন, এটি ক্ষমতার ভয়াবহ অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করতে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারের নজিরবিহীন পদক্ষেপ।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী জন নাগেল মিনেসোটা অঙ্গরাজ্যের সাবেক পুলিশ কর্মকর্তা। নির্বাচনী প্রচারে তিনি সরকারি অর্থের অপব্যবহার ঠেকানো, চিকিৎসা সুবিধা সুরক্ষা, স্বাস্থ্যসেবা সংস্কার, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প
সূত্র: সিবিএস নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন