ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, কিছুই ভালো লাগেনি: রাধিকা


নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, কিছুই ভালো লাগেনি: রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে দক্ষিণী সিনেমায় অভিনয় করার সময় অস্বস্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, একটি তেলুগু সিনেমায় তাঁকে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল। এর পাশাপাশি, বয়সে অনেক বড় এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাঁকে।

রাধিকা সাক্ষাৎকারে উল্লেখ করেন, ওই সিনেমায় কাজ করা তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সিনেমার গল্প এবং কাজের পরিবেশ, কোনোটিই তাঁর কাছে ভালো লাগেনি। বিশেষ করে, নিজের চেয়ে অনেক বেশি বয়সী একজন অভিনেতার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি অস্বস্তিতে পড়েছিলেন।

এ প্রসঙ্গে রাধিকা বলেন, সিনেমাটির পুরো পরিবেশে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব ছিল। এমন পরিস্থিতিতে কাজ করাটা তাঁর কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে। সাক্ষাৎকারে উপস্থিত অভিনেত্রী কীর্তি সুরেশ জানান, তামিল ও তেলুগু সংস্কৃতির কিছু ক্ষেত্রে মামাকে বিয়ে করার প্রচলিত রীতি রয়েছে।

আরও পড়ুন: প্যারিস জ্যাকসন বাবার সম্পদ থেকে ৬০০ মিলিয়ন ডলার দাবি করে আদালতে মামলা

রাধিকা সিনেমাটির নাম উল্লেখ না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লেজেন্ড’ সিনেমার কথা বলছেন। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ। এই সিনেমায় দুজনের বয়সের ব্যবধানও ছিল উল্লেখযোগ্য।

রাধিকার মন্তব্য প্রকাশ্যে আসার পর বালকৃষ্ণের ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, সিনেমার গল্প বা সহশিল্পীর বয়স নিয়ে আপত্তি থাকলে অভিনয়ের সম্মতি দেওয়ার আগে বিষয়টি জানানো উচিত ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি আলোচনা শুরু হয়েছে। তবে বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি রাধিকা আপ্তে কিংবা নন্দমুরি বালকৃষ্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


ঢাকা থেকে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে।

৪ নভেম্বর, বুধবার দুপুরে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের সময় অভিযান পরিচালনা করে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এখন পর্যন্ত কী কারণে তাকে আটক করা হয়েছে কিংবা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা, সে সম্পর্কে ডিবি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রদান করেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি বোধ করেন শবনম ফারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


নিজের সাক্ষাৎকার দেখলেই অস্বস্তি বোধ করেন শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। তবে, এই অভিনেত্রী নিজের সাক্ষাৎকার নিজেই দেখতে পছন্দ করেন না। বরং, সামাজিক যোগাযোগমাধ্যমে যখন তাঁর সাক্ষাৎকার সামনে আসে, তখন অস্বস্তি বোধ করেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি, ফারিয়া তাঁর ফেসবুক পোস্টে এ বিষয়ে তাঁর মনের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন পেজ থেকে প্রকাশিত তাঁর সাক্ষাৎকার যখন সামাজিক যোগাযোগমাধ্যমের হোমপেজে আসে, তখন সেগুলো লুকিয়ে দেন। এমনকি, আগ্রহ নেই জানিয়ে পোস্টগুলো এড়িয়ে যান।

অভিনেত্রী নিজের এই অস্বস্তির কারণও ব্যাখ্যা করেছেন। তাঁর ভাষ্য, নিজের সাক্ষাৎকার দেখতে তাঁর কাছে বেশ অস্বস্তিকর লাগে। এই কারণেই তিনি পডকাস্টেও যেতে চান না। একবার কোনো পডকাস্টে অংশ নিলে পরবর্তী কয়েক মাস একই সাক্ষাৎকারের বিভিন্ন অংশ বারবার দেখতে হয়, যা তাঁর ভালো লাগে না।

তবে, শবনম ফারিয়ার এমন মন্তব্যের পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর অনুভূতির সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ জানিয়েছেন, ফারিয়ার কথা শুনতে তাঁদের বেশ ভালোই লাগে। মন্তব্যের ঘরে অনেকে অভিনেত্রীর বক্তব্য ও ব্যক্তিত্বের প্রশংসাও করেছেন।

প্রসঙ্গত, টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। পরে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ও দুই সাংবাদিক আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন ও দুই সাংবাদিক আহত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাক শ্রমিকরা। এই বিক্ষোভের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর, পদ্মার মোড় ও উলাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে।

এদিকে, সংঘর্ষের সময় বিক্ষুব্ধরা পুলিশ ভ্যানে এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

আহতদের মধ্যে রয়েছেন: চ্যানেল ২৪-এর রিপোর্টার নাজমুল হুদা এবং ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন। তাদের কাছ থেকে লাইভ সম্প্রচারের ডিভাইস ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।

জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ একটি পুলিশ ভ্যান ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। পরে উত্তেজিত শ্রমিক ও জনতার একটি অংশ সাংবাদিকদের ধাওয়া করে।

এই হামলায় চ্যানেল ২৪-এর রিপোর্টার নাজমুল হুদা এবং চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেন গুরুতর আহত হন। তাদের মারধর করা হয় এবং সঙ্গে থাকা লাইভ ডিভাইস ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ক্যামেরা ভাঙচুর করা হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর বলেন, শ্রমিকরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হলেন রিপাবলিকান বায়রন ডোনাল্ডস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হলেন রিপাবলিকান বায়রন ডোনাল্ডস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বায়রন ডোনাল্ডস। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডেভিড জোলিকে পরাজিত করেন। এর ফলে ডোনাল্ডস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছেন।

বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বায়রন ডোনাল্ডসকে বিজয়ী ঘোষণা করেছে। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে, তিনি ৫০ দশমিক ০২ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, জোলি পেয়েছেন ৪৮ দশমিক ৭১ শতাংশ ভোট।

বিজয়ী ভাষণে বায়রন ডোনাল্ডস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, ‘ফ্লোরিডা জানিয়ে দিচ্ছে, আমরা এখনো রিপাবলিকানদের পক্ষেই আছি।’ নির্বাচনী প্রচারে ট্রাম্পের সমর্থন পাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

ফ্লোরিডার বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত বায়রন ডোনাল্ডস। ডিস্যান্টিসের নেতৃত্বে অঙ্গরাজ্যটি সাম্প্রতিক বছরগুলোতে আরও রক্ষণশীল রাজনৈতিক অবস্থানের দিকে এগিয়েছে।

বায়রন ডোনাল্ডসের জয়কে রিপাবলিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কারণে দেশজুড়ে রিপাবলিকানদের নির্বাচনী অবস্থান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতিতে, ট্রাম্পের নিজ রাজ্য ফ্লোরিডায় ডোনাল্ডসের জয় দলটির অবস্থানকে ধরে রাখার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, ডেভিড জোলি একসময় রিপাবলিকান দলের আইনপ্রণেতা ছিলেন। পরে তিনি দল পরিবর্তন করে ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন এবং মধ্যপন্থি অবস্থান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনী প্রচারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়ির বিমার খরচ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। বিশেষ করে ঘূর্ণিঝড়প্রবণ ফ্লোরিডায় বাড়ির বিমার উচ্চ ব্যয় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

উল্লেখ্য, ২০১৮ সালে অল্প ব্যবধানে জয়ী হওয়ার পর, ২০২২ সালের নির্বাচনে রন ডিস্যান্টিস প্রায় ২০ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। গত তিন দশকের বেশি সময় ধরে ফ্লোরিডায় কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি। এবারও রিপাবলিকানদের মধ্যে প্রায় ১৫ লাখ ভোটারের নিবন্ধনগত ব্যবধান এবং ডোনাল্ডসের প্রচার তহবিলে এগিয়ে থাকা তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: পিবিএস , সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%