ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস


রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অপরাধে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড হাইকোর্ট কর্তৃক বহাল রাখা হয়েছে।

এছাড়া, এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস প্রদান করেছে হাইকোর্ট।

বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আজ রায় প্রদান করেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

রাষ্ট্রপক্ষে এই মামলায় শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী এবং সৈয়দ ইজাজ কবির। আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। সেইসাথে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খন্ডিত লাশ উদ্ধার করা হয়। এর আগে, ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরবর্তীতে ওই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়। সেই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

গত ২১ মে রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।

তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ হিসেবে কাজ করছে। এই সংসদের সদস্যরা অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে নির্বাচিত হয়েছেন।

স্পিকার আরও বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সংসদ সদস্যদের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ।

তিনি আজ জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস এন্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের আওতায় 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ' শীর্ষক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপি'র সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতা বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। তিনি বলেন, এই অরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

স্পিকার বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যের সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করার পাশাপাশি প্রকল্পের গুণগত মান বৃদ্ধি করে উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখতে হবে।

স্পিকার আরও বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছে। ভোট জালিয়াতি, অর্থপাচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হন। ১১ বছর পরে নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এটি বাস্তবায়ন করবে।

ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করতে হবে। সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও কর্মবাস্তবায়নে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউনডিপি'র নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্যগণ, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার

গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।

সোমবার (১৬ নভেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা দায়িত্ব হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

যোগদানের পর, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাসানুর রহমান জানিয়েছেন যে, তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে অফিসে কাজ শুরু করেছেন।

নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।

প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গোপালগঞ্জে যোগদানের পূর্বে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জেলার প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদল করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়। একই আদেশে গোপালগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনভিডিয়ায় ফিরলে ‘আপত্তি নেই’, জেনসেন হুয়াংয়ের সমর্থনে ট্রাম্পের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


এনভিডিয়ায় ফিরলে ‘আপত্তি নেই’, জেনসেন হুয়াংয়ের সমর্থনে ট্রাম্পের বার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং যদি ফিরে আসেন, তবে এতে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির একটি কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেছিলেন হুয়াং।

স্থানীয় সময় সোমবার, চীন সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এনভিডিয়ায় হুয়াংয়ের পুনরায় ফিরে আসা উচিত কি না, ট্রাম্প বলেন, “তাঁকে আবারও ওই পদে দেখতে পেলে আমি মোটেও কিছু মনে করব না। আমার মনে হয়, তিনি বড় ধরনের একটি শিক্ষা পেয়েছেন।”

হুয়াংকে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার দাবিতে চলমান প্রচারণার কথাও উল্লেখ করেন ট্রাম্প। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও উবারের এক সহপ্রতিষ্ঠাতাসহ ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ এক খোলা চিঠিতে হুয়াংকে ফেরানোর দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “অনেকেই জেনসেনকে অনুরোধ করছেন, তাঁরা মনে করেন তাঁর ফিরে যাওয়া উচিত। এটি নিঃসন্দেহে কোনো খারাপ ধারণা নয়।”

এদিকে, অ্যালিস হুয়াং নামের যে নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং যিনি চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ উঠেছিল, সে বিষয়েও নতুন করে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, “তিনি আসলেই গুপ্তচর কি না, তা আমি জানি না। সাধারণত যা হয় তা হলো, চীন থেকে কোনো সুন্দরী নারী এ দেশে এলেই তাঁকে গুপ্তচর বলে আখ্যা দেওয়া হয়। চীন আমাদের সঙ্গে খেলা করে, আর আমরাও তাদের সঙ্গে খেলা করি।”

অ্যালিস হুয়াংয়ের গুপ্তচরবৃত্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গোয়েন্দা তথ্য দিয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, “আমি এমন কিছু শুনিনি।” উল্লেখ্য, অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। মার্কিন তদন্তকারীদের সন্দেহ, প্রতিষ্ঠানটি অবৈধভাবে এনভিডিয়ার প্রযুক্তি চীনে পাচার করছিল।

এনভিডিয়ার এই কেলেঙ্কারি চীনের কাছে উন্নত মার্কিন এআই চিপ বিক্রির বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের ভেতরেও টানাপোড়েন সৃষ্টি করেছে। সবচেয়ে শক্তিশালী চিপ রপ্তানির নিয়ন্ত্রণ সঠিকভাবে কার্যকর করতে ব্যর্থ হওয়ার জন্য অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বাধীন একটি পক্ষ বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের দপ্তরকে অভিযুক্ত করেছে।

চীনের প্রবেশাধিকার বন্ধ করতে সোমবার মার্কিন বাণিজ্য দপ্তর একটি নতুন নিয়ম জারি করেছে, যার লক্ষ্য হলো অন্য দেশের ডেটা সেন্টারে থাকা উন্নত মার্কিন এআই চিপ চীনা কোম্পানিগুলোর ব্যবহার বন্ধ করা।

এ বিষয়ে ট্রাম্প বলেন, লুটনিক ও বেসেন্টের মধ্যে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এক পক্ষ চীনকে অপমান করতে চায় না, কারণ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক রয়েছে। অন্য পক্ষ মনে করে, যা করার তা সরাসরি ও কঠোরভাবেই করা উচিত। তবে এর কোনোটিই ঠিক বা ভুল নয় বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া চিপ বিক্রির ইস্যুতে আবারও জেনসেন হুয়াংয়ের পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। গত মে মাসে ট্রাম্পের চীন সফরের সঙ্গী হওয়া এবং হোয়াইট হাউসের নিয়মিত অতিথি হুয়াং প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “জেনসেনের জীবনে স্পষ্টতই দুটি বিষয় চলছে: একটি হলো তার পারিবারিক জটিল পরিস্থিতি, যা বেশ কঠিন; আর অন্যটি হলো তিনি চিপ বিক্রি করতে চান। আমরা তাঁকে গুরুত্বপূর্ণ ও আধুনিক চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছি। তবে সত্যি বলতে, অন্যান্য সাধারণ চিপ বিক্রি করা ভালো বিষয়, খারাপ কিছু নয়।” সূত্র: ডন ও এএফপি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারিক চয়ন: গোটা আওয়ামী লীগ ‘নয়ন আতঙ্কেই’ অস্থির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


তারিক চয়ন: গোটা আওয়ামী লীগ ‘নয়ন আতঙ্কেই’ অস্থির

সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন মন্তব্য করেছেন, গোটা আওয়ামী লীগ এক ‘নয়ন আতঙ্কেই’ অস্থির হয়ে পড়েছে। বিএনপির প্রতি দলের আতঙ্কের মাত্রা সহজেই অনুমান করা যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তারিক চয়ন উল্লেখ করেন, জুলাই-আগস্টের পর প্রায় দুই বছর আগে ভারতের এক শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের সময় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। ওই কূটনীতিকের জবাব ছিল, ‘বিএনপি যতটুকু চাইবে।’

তারিক চয়ন বলেন, ওই কূটনীতিকের বক্তব্য শুনে তার মনে ফ্যাসিস্টের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মা-ছেলের ছবি ভেসে উঠেছিল। তিনি আওয়ামী লীগের অতীতের বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা মন্তব্য ও অপপ্রচারের প্রসঙ্গও তুলে ধরেন।

তিনি প্রশ্ন করেন, গোপালগঞ্জের ঘটনা বাদ দিলে সারা দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি ওই কূটনীতিকের ভবিষ্যদ্বাণীকেই মনে করিয়ে দিচ্ছে না? ফেসবুক-টিকটকে বক্তব্য দেওয়া, ইউটিউবারদের মাধ্যমে প্রচার এবং মুখে মাস্ক পরে মিছিল করার বাইরে মাঠে, রাজপথে কিংবা জনসভায় দলটির উপস্থিতি কোথায়?

পোস্টের শেষে তারিক চয়ন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় হামলার প্রস্তুতির সময় কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন যুবদল নেতা নয়ন। গত কয়েক দিনেও এমন অনেক ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%