ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হা ম লা, ইউক্রেনের কূটনীতিককে তলব


কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হা ম লা, ইউক্রেনের কূটনীতিককে তলব

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন বলে তেহরান থেকে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, শনিবারের (২৫ জুলাই) এ ঘটনাটিকে তারা ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে আখ্যা দিয়ে আছে। এরপর তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি অনুসারে, ইউক্রেনের নেতৃত্ব এই হামলার বিষয়টি স্বীকার করেছে। তেহরানে অভিযোগ করা হয়েছে, কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী নীতির’ ধারাবাহিকতা হিসেবে এই ঘটনা ঘটে। একই সঙ্গে ইরান বলেছে যে, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ইরান দাবি করেছে, এই হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও বিস্তৃত ও উসকে দিতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাঘচি হামলাটির তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া দাবি করেছেন। এছাড়াও, এ ঘটনার জন্য দায়ীদের ও তাদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে দাবি করেছেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন ‘খুব শক্তিশালী ফলাফল’ অর্জন করেছে। তার দাবি অনুযায়ী, ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনে ব্যবহৃত জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে। তবে তেহরানের উল্লেখ করা বাণিজ্যিক জাহাজটির নাম তিনি উল্লেখ করেননি।

জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার স্যাটেলাইট চিত্র ইরানকে সরবরাহ করছে। তার দাবি, ১৯ ও ২০ জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের বিমানঘাঁটি পর্যবেক্ষণ করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করে আসছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তারা ৪৪ হাজারের বেশি ইরানি নকশার ড্রোন ভূপাতিত করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীকল্যাণ মন্ত্রীর আহ্বান, শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার উপর গুরুত্ব দেওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:২১ এম


প্রবাসীকল্যাণ মন্ত্রীর আহ্বান, শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার উপর গুরুত্ব দেওয়ার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি জাপানি ভাষা শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, বিশ্বের কৃষি নির্ভর দেশগুলোতে বাংলাদেশি দক্ষ মানুষের ব্যাপক চাহিদা থাকলেও ভাষাগত ধারণা না থাকায় সেই সব দেশে অনেকেরই কর্ম সংস্থান হয় না। জাপানে দক্ষ শ্রমিকদের চাহিদা রয়েছে। তাই জাপানি ভাষা শিখলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

আজ শনিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।

প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতির বক্তব্যে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি চরিত্র গঠনের, নেতৃত্বের গুণাবলি অর্জনের এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি নির্মাণের এক অমূল্য সময়। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ক্যাম্পাসের নিয়মকানুন মেনে চলা তোমাদের নৈতিক দায়িত্ব। আমরা একটি শতভাগ র‌্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশাল ও ক্রমবর্ধমান জনসংখ্যাকে দেশের বোঝা নয়, বরং দক্ষ মানবসম্পদে পরিণত করাই এখন মূল উদ্দেশ্য। এ জন্য কেবল প্রথাগত পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে কারিগরি শিক্ষা, সফট স্কিল, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সাক্ষরতা এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক শিক্ষায় তোমাদের দক্ষ হয়ে উঠতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:২৯ এম


১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাত চলাকালে মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, পাল্টাহামলায় যুক্তরাষ্ট্রের বহু সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে। এছাড়াও শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

তবে তেহরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইআরজিসির মুখপাত্র মোহেব্বি দাবি করেন, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে ১৭টি নজরদারি ও অভিযান পরিচালনায় ব্যবহৃত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মধ্যে ৮টি ছিল একেবারে নতুন। সুরক্ষিত হ্যাঙ্গারে রাখা ১টি এফ-১৫ যুদ্ধবিমান, ১টি পি-৮ সামুদ্রিক টহল বিমান, ১টি সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ৮টি বিমানও ওই হামলায় ধ্বংস করা হয়েছে।

মোহেব্বির ভাষ্যমতে, এসব বিমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা অবস্থায় ধ্বংস হয়ে যায়। তবে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি, যে কি সুনির্দিষ্ট ঘাঁটিতে এসব হামলা চালানো হয়েছে।

আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৯টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ৫টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, ৬টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার, ৩টি বিমান ও নৌবাহিনীর নজরদারি রাডার, ৮টি গোয়েন্দা ও আগাম সতর্কীকরণ রাডার এবং ৭টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় বেশ কয়েকটি লজিস্টিকস কেন্দ্র, যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, জ্বালানি ট্যাংক ও অস্ত্রের গুদামও গুড়িয়ে দেওয়া হয়েছে।

মোহেব্বি ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের আগে হামলা চালানোর বিষয়ে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানের পাল্টা হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। ওয়াশিংটন হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন তিনি।

মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের অবস্থান করা ৮টি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে ২০টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তিনি নিরপেক্ষ সাংবাদিকদের হামলার স্থানগুলোতে প্রবেশের অনুমতি দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান, যাতে বাস্তব পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়।

আইআরজিসির মুখপাত্র হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাজ্য কিংবা উপসাগরীয় কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, তবে তাদের উপরও হামলা চালানো হবে যা 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য হবে। সম্প্রতি যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লন্ডন এই সহায়তা অব্যাহত রাখলে তাদের ওপরও হামলা করা হবে।

এদিকে ইসরায়েলকে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু না করার বিষয়ে সতর্ক করে মোহেব্বি বলেন, যুদ্ধ আবার শুরু হলে ইসরায়েলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল গোয়েন্দা তথ্য দিয়ে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তি ব্যবহারে প্ররোচিত করছে ইসরায়েল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার আমলে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ এম


শেখ হাসিনার আমলে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনার আমলে শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি শনিবার (২৫ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন।

প্রধান আলোচক পরিচয় দিয়ে তিনি বলেন, পতিত সরকার জনমিতিক বোঝা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জনমিতিক যেখানে লভ্যাংশ হওয়ার কথা ছিল, সেখানে আমরা জনমিতিক বোঝা নিয়ে বাস করছি। কর্মক্ষম মানুষ অনেক, তবে নির্ভরশীল মানুষ কমে গেছে। কিন্তু শিক্ষিত বেকারত্বের হার বেড়েছে। ২০২০ থেকে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। তিনি নাম উল্লেখ না করে জানালেন, যে সকল ব্যক্তি শিক্ষায় নাই, কর্মসংস্থানে নাই, প্রশিক্ষণে নাই, তাদের মধ্যে ৪১%। এই ৪১% এর মধ্যে নারীদের সংখ্যা ৬২%। বেকারত্বের সংখ্যা ২০২০ সাল থেকে ক্রমাগত বেড়ে চলেছে।

তিনি আরও বলেন, আমাদের জন্য সুযোগ ছিল যে, প্রতি চারজনের মাঝে একজন যুবক। কিন্তু সেটা কাজে লাগায়নি পতিত সরকার। একটি দেশের জনশক্তি কতটা গাদ্দারি করলে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তা উল্লেখ করেন। শিক্ষাব্যবস্থা ভেঙে যায়। স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ০.৭%। শিক্ষায় যে শিক্ষার্থী ১২টি শ্রেণি সম্পন্ন করেছে, তার স্থান হচ্ছে পাঁচ ধাপ নিচে।

তিনি আরও মন্তব্য করেন যে, আপনার বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ানো হয় না যে, মরহুমা বেগম খালেদা জিয়ার সময় দারিদ্র্য কমে গিয়েছিল। পরবর্তীতে, দারিদ্র্য বিমোচনের হার বেড়ে গিয়েছিল। তবে আমি আশা করি, ২০৩৫ সালের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ব্যয় বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনমিতিক বোঝাকে জনমিতিক লভ্যাংশে পরিণত করা যাবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের কথা বললে, উপজেলা হাসপাতালগুলোয় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২০টি শয্যা ও মরহুমা বেগম খালেদা জিয়ার আমলে এটি ৩০টি শয্যায় রূপান্তরিত করা হয়। এরপরে আর বাড়েনি। আমরা এসেছি, এটি ১০১ শয্যায় নিয়েছি। আমাদের একটি দর্শন রয়েছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৪০ এম


খানজাহান আলী বিমানবন্দর চালু হলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত সহজ করার জন্য, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের প্রসারে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, সুন্দরবন এবং সকল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে এক অভূতপূর্ব গতি আসবে।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই নির্মাণ কাজ পুনরায় চালু করতে অত্যন্ত আন্তরিক।

আজ শনিবার বিকালে বাগেরহাটের ফয়লা হজরত খানজাহান আলী (রা.) বিমান বন্দরস্থল সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, মোংলা বন্দরের বিপুল আমদানি-রপ্তানি বাণিজ্য, ইপিজেডের আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সুন্দরবনকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যটকদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

এছাড়া, উল্লেখ্য, চীনের সরকারি প্রতিষ্ঠান সিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক পিটার-এর নেতৃত্বে একটি দল বিমানবন্দর প্রকল্প স্থল পরিদর্শন করে স্থানটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%