মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৮ পি.এম
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ উপলক্ষে ঢাকা স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের জন্য একটি বিশেষ উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফ্রেশ সিমেন্ট ফ্যান জোন। এই ফ্যান জোনটি বর্ণিল আয়োজন, বিনোদনমূলক কার্যক্রম এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত হয়েছে, যা ইতোমধ্যে স্টেডিয়ামের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
ফ্রেশ সিমেন্টের ‘মাঠে ঘরে ফুটবল’ ক্যাম্পেইনের আওতায়, ফুটবলপ্রেমীরা গ্যালারিতে বসে সরাসরি তাদের প্রিয় দলের খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এই আয়োজনের মাধ্যমে মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতাকে আরো আনন্দময় করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দেশজুড়ে ফুটবলপ্রেমীদের এই আয়োজনের সঙ্গে যুক্ত করতে, ফ্রেশ সিমেন্টের ফেসবুক পেজে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীরা সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে ফ্রেশ সিমেন্ট ফ্যান জোনে বসে সরাসরি ফুটবল ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের অংশগ্রহণকে বাস্তব অভিজ্ঞতায় পরিণত করা হচ্ছে, এবং ফুটবলপ্রেমীদের সঙ্গে ব্র্যান্ডটির সংযোগ আরও দৃঢ় হচ্ছে।
ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড) মুকিম হাসান মন্তব্য করেন, "ফুটবল কেবল একটি খেলা নয়; এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ, ভালোবাসা, সম্প্রীতি ও বন্ধনের অনন্য মাধ্যম।" তিনি আরও বলেন, "ফ্রেশ সিমেন্ট সবসময় মানুষের আনন্দ, উদযাপন ও ইতিবাচক অভিজ্ঞতার অংশ হতে আগ্রহী।"
তিনি যোগ করেন, ফ্রেশ সিমেন্ট ফ্যান জোন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের সরাসরি স্টেডিয়ামে বসে খেলা উপভোগের সুযোগ দেওয়ার পাশাপাশি স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পেরে তারা আনন্দিত। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং ফুটবলের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এটি উল্লেখযোগ্য যে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) বাংলাদেশের একটি বিশাল শিল্পগোষ্ঠী। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ৫০ বছরেরও বেশি সময় ধরে এফএমসিজি, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এমজিআইয়ের ৫৭টিরও বেশি শিল্প ইউনিট রয়েছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ‘ফ্রেশ’সহ বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের ভোক্তাদের পণ্য ও সেবা সরবরাহ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী, ১৭ নভম্বের, ২০২৬ : রাজশাহীতে ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে এসআরবি-৫ উদ্ধার করেছে দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগাজিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল সোমবার রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে এসআরবি’র ওই দলটি নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বা মালামাল রাখার বাক্স থেকে একটি ফলের কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের ভেতরে কাপড় দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দু’টি ম্যাগাজিন পাওয়া যায়।
বাসের যাত্রীদের উদ্ধৃতি দিয়ে এসআরবি আরও জানায়, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাস চেকপোস্টস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যায়। বাসের সুপারভাইজার জিজ্ঞাসাবাদে জানান, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পলাতক ওই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে এসআরবি’র গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে, যেখানে তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। পরিস্থিতির প্রেক্ষিতে, আজ নতুন করে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে মোট ৩১টি কারখানা বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। আজ সকাল সাড়ে ১১টায় পর্যন্ত অবরোধ চলছিল। শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। এ সময়, মহাসড়কে চলাচলকারী কিছু বাসে ইট ছোড়ার ঘটনাও ঘটে।
পুলিশ, শ্রমিক এবং কারখানা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার চেষ্টা করেন। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে ভোগড়া এলাকার ৫টি কারখানাসহ বেশ কিছু কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
মঙ্গলবারের শ্রমিক অসন্তোষের কারণে নতুন করে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল। শ্রমিকরা দলবদ্ধভাবে ফিরে যাওয়ার সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, তারা সড়কের পাশে এবং বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনের কারণে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি দেওয়ার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে এসেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে সাতটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলার সব থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণকারী সূত্র জানায়, রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর চারটি দল জেলার ১৫টির বেশি স্থানে অভিযান চালায়। এই অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন মিছিল ও সমাবেশে লোকসমাগম সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন মিছিল ও সমাবেশ আয়োজনের পাশাপাশি নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, মুকসুদপুর থেকে গ্রেপ্তার শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা ও আয়োজনের অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি মুঠোফোন জব্দ করা হয়েছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, এসব মুঠোফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) সদস্যরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, যিনি বাসসকে বলেন যে, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তাদের কাছে যে তথ্য রয়েছে, তার বিরুদ্ধে অন্তত ২৭টি মামলা রয়েছে।
পরে, সাঈদ খোকনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই বিষয়ে মন্তব্য করে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতারের পর এসআরবি তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।
তিনি উল্লেখ করেন যে, তার বিরুদ্ধে প্রায় ২৭টি মামলা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ