০৪:৫৬ পি.এম
ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় রাজনৈতিক দলের সাংগঠনিক পদে রয়েছেন। জানা গেছে, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আছেন। এ ঘটনার প্রেক্ষিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিধিনিষেধ এবং আচরণবিধি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
জাতীয় নাগরিক পার্টির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে ছয় মাসের জন্য, যা প্রাপ্ত কমিটি অনুমোদনের চিঠি অনুযায়ী। সাত সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। অভিযোগ রয়েছে, সফিউল্ল্যাহ জগলুর নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের বা এর অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। এছাড়া, দেশে বা বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে অংশগ্রহণ বা সহায়তাও নিষিদ্ধ।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তবে, সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় সফিউল্ল্যাহ জগলু কীভাবে এ পদে রয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।
জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান বলেন, “বিষয়টি আমি শুনেছি। আমাদের কাছে নামের তালিকা এসেছে। তবে যাচাই-বাছাইয়ে আমাদের ভুল ছিল। সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই।”
অন্যদিকে, এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল জানান, “তিনি সরকারি চাকরি করেন। আমাদের রাজনীতিতে তার মৌন সম্মতি রয়েছে। তবে তার নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।”
সফিউল্ল্যাহ জগলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছি।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, “আমাকে সরকারি বিধিবিধান যাচাই করতে হবে এবং তার অবস্থানও নিশ্চিত করতে হবে। আমি বিষয়টি দেখছি।”
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন